আজ ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাকশাল পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের জন্মদিবস। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকার জন্য মানুষ তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের উথালপাথাল রাজনৈতিক সময়কালে তিনি ফের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ২০২৩ সালের ১৯ জানুয়ারি একটি নিবন্ধ প্রকাশ করেছিল দৈনিক নয়াদিগন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের লেখা জিয়াউর রহমান: জীবন ও রাষ্ট্রভাবনা শিরোনামের নিবন্ধটি সংক্ষিপ্তাকারে বাংলা আউটলুকের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা তাকে অসীম সাহসী দেশপ্রেমিক হিসেবে অসামান্য উচ্চতা দান করেছে। তিনি হঠাৎ করে মুক্তিযোদ্ধা হয়ে যাননি। ১৯৭৪ সালে তার নিজের লেখা ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে এর আভাস পাওয়া যায়। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি অফিসারদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। অবশ্য গুটিকয়েক দালাল ছাড়া আমাদের ওরা দাবিয়ে রাখত, অবহেলা করত, অসম্মান করত। দক্ষ ও যোগ্য বাঙালি অফিসার আর সৈনিকদের ভাগ্যে জুটত না কোনো স্বীকৃতি বা পারিতোষিক। জুটত শুধু অবহেলা আর অবজ্ঞা... ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম। কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে তা জানালাম না। বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মধ্যেও উত্তেজনা ক্রমেই চরমে উঠছিল...’ (রহমান, মেজর জেনারেল জিয়াউর (১৯৭৪), একটি জাতির জন্ম, বিচিত্রা, স্বাধীনতা দিবস বিশেষ সংখ্যা, ২৬ মার্চ-১৯৭৪, ঢাকা)।
২৬ মার্চের প্রথম প্রহরে জিয়া যে তার সৈনিকদের কাছে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেটি তার সহকর্মীরা সমর্থন করেন এবং পরে ২৭ মার্চ রেডিওতে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাদপ্রদীপের আলোয় চলে আসেন (মহিউদ্দিন আহমদ, বিএনপি : সময়-অসময়, ২০১৭, পৃষ্ঠা-৪৬)।
১৫ আগস্টের পটপরিবর্তনের পেছনে জিয়াউর রহমানকে অনেকেই অনুমাননির্ভর মূল্যায়ন করে থাকেন। ১৯৭৫-এর ১৫ আগস্টের পটপরিবর্তনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন খোন্দকার মোশতাক এবং সামরিক আইন জারি করেন। সংবিধান বলবৎ রাখলেও সংশোধনী এনে নাগরিক অধিকারের পরিধি আশঙ্কাজনকভাবে সঙ্কুচিত করেন। রাষ্ট্রপতি মোশতাক আহমেদ ২৬ সেপ্টেম্বর ১৯৭৫-এ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করার মাধ্যমে ১৫ আগস্টে অভ্যুত্থান ও হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের আইনি সুরক্ষা দেয়ার ব্যবস্থা করেন। এই আদেশে বলা হয়, ১৫ আগস্ট অভ্যুত্থানের সাথে জড়িত কারো বিচার করা যাবে না। (মহিউদ্দিন আহমদ, ২০১৭, পৃষ্ঠ-৬৪) অধিকন্তু কর্নেল সাফায়াত জামিলের ভাষ্য অনুযায়ী, তার প্রবল বিরোধিতা সত্ত্বেও খোন্দকার মোশতাক অভ্যুত্থান ও হত্যাকাণ্ডে জড়িত মেজর রশীদ, ফারুক ও ডালিমকে লে. কর্নেল হিসেবে পদোন্নতির ব্যবস্থা করেন (সাফায়াত জামিল, ২০০৯, পৃষ্ঠা-৭)। এ ঘটনা প্রমাণ করে, জিয়াউর রহমানের বিরুদ্ধে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে ১৫ আগস্টের অভ্যুত্থানকারী ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনি সুরক্ষা দেয়ার অভিযোগ সর্বৈব মিথ্যা।
জিয়ার দায়িত্ব গ্রহণের মাধ্যমে কেবল শাসক পরিবর্তন হয় তা নয়; বরং বাংলাদেশ রাষ্ট্র কেমন হবে; এর দার্শনিক ভিত্তি কী হবে, এর একটি সুনির্দিষ্ট ও প্রায়োগিক রূপরেখা পাওয়া গেছে। বাংলাদেশী জাতীয়তাবাদের দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত দল বিএনপি গঠন করেছেন, যা পর্যায়ক্রমে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
এই দলের গ্রহণযোগ্যতা তথা জনপ্রিয়তার পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি কারণ হলো ১. জাতীয়তাবাদী দলের দার্শনিক ভিত্তি; ২. জিয়াউর রহমানের ব্যক্তিগত উজ্জ্বল ভাবমর্যাদা ও ৩. কার্যকর সাংগঠনিক পদক্ষেপ এবং উন্নয়নমূলক সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ।
জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন দেশব্যাপী বুদ্ধিজীবী সমাজে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অধ্যাপক আহমদ শরীফ এই রাষ্ট্র দর্শনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘রাষ্ট্রীয় জাতীয়তাবাদে প্রান্তিক আদিবাসীরাও গোত্র, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সবাই সমমর্যাদা ও সমঅধিকারের স্বীকৃতি পায়, জিম্মি থাকে না। (আহমদ শরীফের ডায়েরি, ভাব-বুব্দুদ, পৃষ্ঠা-৬৪)।
‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ প্রবন্ধে জিয়াউর রহমান স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদ এক দিকে যেমন ধর্মভিত্তিক নয়, তেমনি আবার ধর্মবিমুখও নয়। এই জাতীয়তাবাদ আবার প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস ও অধিকার নিশ্চিত করে। জিয়া সাংবিধানিকভাবে দেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেননি। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযুক্ত করার মাধ্যমে মূলত রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে তিনি এক দিকে যেমন অমুসলিম নাগরিকদের জাতীয় পরিচয় সমুন্নত রেখেছেন, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মানসিক অধিকার ও স্বাধীনতা চর্চার প্রতি আন্তরিক সমর্থনের নিদর্শন হিসেবে সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত করেছেন। বুদ্ধিবৃত্তির চর্চা ও নির্মোহ অকপট ভাবনায় অতুলনীয় পণ্ডিত আহমদ ছফা বলেন, ‘ইসলামের সম্ভাবনা ও ঐতিহ্যের সাথে যোগহীন রাজনীতির কোনো ভবিষ্যত এ দেশে নেই।’ (আহমদ ছফা, বাঙালি মুসলমানের মন-১৯৮১)
জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ জিয়াউর রহমানের ব্যক্তিগত ভাবমর্যাদা। এই ভাবমর্যাদা তৈরির পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনে ব্যতিক্রমী সততা ও সদগুণাবলির চর্চা। এ বিষয়ে অসংখ্য উদাহরণ রয়েছে।
এই দলের গ্রহণযোগ্যতার পেছনে আরেকটি কারণ হলো, কার্যকর সাংগঠনিক পদক্ষেপ এবং উন্নয়নমূলক সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ। জিয়ার জাতীয়তাবাদী দর্শনের মর্মকথা হলো, কেবল ক্ষমতার পালাবদলের মাধ্যমেই স্বাধীনতা অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের ওপর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের মতাদর্শের সঠিক উপলব্ধি ও এর বাস্তবায়ন। এই লক্ষ্য অর্জনে জিয়ার উজ্জ্বল ভাবমর্যাদা ভ‚মিকা রাখবে, তাতে সন্দেহ নেই।
