জনগণের ভোট বর্জন শেখ হাসিনার পদত্যাগেরই রায়: তারেক রহমান
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট বর্জন করে মূলত শেখ হাসিনাকে পদত্যাগেরই বার্তা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৫ জানুয়ারি রাত ১০ টায় তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।
এক্সের ওই পোস্টে তিনি বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ৬৩টি গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল বর্জন করে। যে নির্বাচনে প্রকৃতপক্ষে ৫ শতাংশেরও কম লোক তাদের ভোটাধিকার প্রদান করে। এ কারণে এই নির্বাচন গুরুত্ব বহন করে না।
পাঁচটি কারণে এই নির্বাচন গুরুত্বহীন উল্লেখ করে তারেক রহমান বলেন-
প্রথমত, বাংলাদেশের ৯৫ শতাংশেরও বেশি মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল, যা অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক ছিল না এবং শেখ হাসিনার পদত্যাগের জন্য গণভোট হিসাবে কাজ করে।
দ্বিতীয়ত, আওয়ামী লীগ একটি সহিংস দল এবং এর রাজনীতির বৈশিষ্ট্য হল আন্তঃদলীয় সংঘর্ষ। সাম্প্রতিক সময়ে তারা নিজেদের মধ্যেই অন্তত ১৩টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া নির্বাচনী কারচুপি এবং কারচুপির সংস্কৃতি এই দলটির অস্থিমজ্জার সঙ্গে মিশে আছে। যে কারনে যখন তাদের কোনো বিরোধী পক্ষ থাকে না তখনো তারা কারচুপি করে।
তৃতীয়ত, নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং বেসামরিক প্রশাসনসহ রাষ্ট্রযন্ত্রের একটি অংশের পক্ষপাতদুষ্ট আচরণ ও রাজনৈতিক শোষণের দ্বারা এটা স্পষ্ট যে অবৈধ হাসিনা সরকারের অধীনে কোনো পর্যায়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটি মূলত একটি সামরিক আমলাতন্ত্র নির্ভর শাসন ব্যবস্থা।
চতুর্থত, এই শাসনব্যবস্থা ক্রমান্বয়ে অন্যান্য স্বৈরাচারী সরকারের সাথে সারিবদ্ধ হচ্ছে। যা গণতান্ত্রিক বিশ্বের স্বার্থের পরিপন্থী এবং ১৮০ মিলিয়ন বাংলাদেশীর ভোটাধিকার প্রাপ্তির গণতান্ত্রিক আকাঙ্খার বিরোধী।
পঞ্চমত, জনগণের রায় এবং রাজনৈতিক ঐকমত্য অনুসারে নির্বাচন পরিচালনার জন্য একটি নির্দলীয়, নিরপেক্ষ, নির্বাচনকালীন সরকারই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র সমাধান। যা মানবাধিকার, আইনের শাসন এবং মৌলিক অধিকার নিশ্চিত করবে।
