সরকার-বিরোধী আন্দোলন শুরু করতে কিছুটা সময় নিচ্ছে বিএনপি ও আন্দোলনের শরিকরা। গত দেড় বছরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বিএনপি গুছিয়ে ওঠার জন্য সময় নিচ্ছে বলে জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিকরা।
তবে যুগপৎ আন্দোলনে সক্রিয় অধিকাংশ রাজনৈতিক দল এরই মধ্যে বিএনপির হাইকমান্ডকে কঠোর আন্দোলনের তাগিদ দিয়েছে বলে জানিয়েছেন শরিক দলের শীর্ষ নেতারা। লিয়াজোঁ কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও কালক্ষেপণ না করার অনুরোধ করা হয়েছে বলে বাংলা আউটলুককে তারা জানিয়েছেন।
বিএনপিও আন্দোলনকে গতিশীল করতে খুব বেশি সময় নেবে না বলে ধারণা পাওয়া গিয়েছে। বিভিন্ন পর্যায়ের সাথে আলোচনা ও প্রস্তুতি শেষ করে সম্মিলিতভাবে মাঠে নামবে দলটি। যদিও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, ভোটের পরপরই বিএনপি কঠোর আন্দোলন শুরু করবে। কিন্তু ৭ তারিখের ভোটের পর শুধু ‘ভোট বর্জন’-এর জন্য সাধারণ মানুষকে লিফলেটের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানানো ছাড়া উল্লেখ করার মতো কর্মসূচি আসেনি।
বিতর্কিত এই ভোটের পরপরই ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব নানাভাবে ঘোষণা করেছে, বিএনপির আবারও ৫ বছর অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। পক্ষান্তরে, বিএনপিসহ শরিক দলগুলোকে প্রতিবাদে শক্তভাবে মাঠে না পেয়ে ভোট বর্জন করা মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এমনকি আন্দোলনকারী দলগুলোর কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীর মাঝেও হতাশার ছাপ দেখা দিতে শুরু করেছে।
গত ১৫ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের একতরফা নির্যাতন-নিপীড়ন, মামলা-হামলায় অধিকাংশ নেতা-কর্মীই বিপর্যস্ত, ঘর ছাড়া। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলা, জেল-জুলুমে অধিকাংশ নেতা-কর্মীই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। ৭ জানুয়ারির পর নতুন করে আবারও যুক্ত হচ্ছে নিত্যনতুন মামলা। যারা দণ্ডিত হয়ে জেলে আছেন, তাদের পরিবারের সদস্যরাও কিছুটা নড়বড়ে অবস্থায় পড়ে গেছেন।
বিএনপির সহযোগী, অঙ্গ-সংগঠনের অধিকাংশ নেতা-কর্মীই ভয়ের মধ্যে আছেন। তাদের বক্তব্য, দল যদি আবারো আন্দোলনে নামতে দীর্ঘ সময় নেয় বা বিরতি দেয়, তাহলে সরকারের নির্যাতনের প্রভাব কাটিয়ে ওঠা অনেক কষ্টের হবে, অনেক কর্মীই হারিয়ে যাবে।
সবচেয়ে বড় চ্যলেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ‘সুপার কমিটি’ বা বিভিন্ন ইউনিটের দুই সদস্যের বা পাঁচ সদস্যের কমিটি। এ কারণে অধিকাংশ সহযোগী, অঙ্গ এমন কি মূল দলের ইউনিটও অকার্যকর বা কর্মীহারা। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নতুন সদস্যও বাড়েনি। যদিও বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন বেড়েছে বহুগুন। তারা মনে করছেন, আগামী ১৫ দিনের মধ্যে সব পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে আন্দোলন শুরু করা গেলে, সরকার চলমান সংকট কটিয়ে উঠতে পারবে না। ক্ষমতায় টিকতে পারবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আব্দুল মঈন খান বলেন, আমাদের সংগ্রাম এমন একটি সরকারের বিরুদ্ধে, যারা স্বৈরাচারি রূপ নিয়েছে। গত ১৫ মাস ধরে আমরা ধারবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আমাদের ২৬ হাজার নেতা-কর্মী কারাবন্দি। এরপরও আমাদের আন্দোলন চলছে। একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমাদের চলতে হচ্ছে।
তিনি বলেন, সরকারের সব কিছু সামলে নেওয়ার কিছু নেই। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। ক্ষমতায় টিকে থাকতে তারা সশস্ত্র পথ বেছে নিয়েছে। আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলন থেমে যায়নি। যুগপৎ আন্দোলনের শরিদের সাথেও আলোচনা হচ্ছে। তারাও বলছেন, নেমে পড়ার জন্য। আমরা প্রস্তুত আছি। দলের বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা করে আরো শক্তভাবে মাঠে নামবো, সেটা দ্রুত সময়ের মধ্যেই। কোনো তারিখ দিয়ে আন্দোলন হয় না। তবে, মোট কথা এদেরকে বিদায় নিতেই হবে।
যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক- রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বাংলা আউটলুককে বলেন, চলমান আন্দোলনের বিভিন্ন দিক বিচার করে আমরা নিজেরা ভুলগুলো বের করার চেষ্টা করছি। সাময়িক বিরতি আসলেই চলছে। আমরাও লিয়াজোঁ কমিটির বৈঠকে বলেছি। বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের অনেক নেতা-কর্মী কারাবন্দি। অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। তারাও সেগুলো কাটিয়ে উঠতে একটু সময় নিচ্ছে। কিন্তু সেটা নিশ্চয়ই দীর্ঘ সময় হবে না।
লিবারেল ডেমক্রেটিক পার্টি- এলডিপি’র মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম বলেন, আগামী সপ্তাহ বা চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ আমরা জনগণের প্রত্যাশা অনুসারে আরো শক্তভাবে মাঠে নেমে পড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি। জনগণ এবং আন্দোলনকারী দলের কর্মী-সমর্থকদের হতাশ না হওয়ার আহবান জানান শাহাদাৎ হোসেন সেলিম।
নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, আন্দোলন বন্ধ নেই। আমরা ২০ জানুয়ারি থেকে অনলাইন এবং অফলাইনে ক্যাম্পেইন শুরু করবো। বড় দল হিসেবে বিএনপির ক্ষতি বেশি হয়েছে। তারা হয়তো একটু সময় নিচ্ছে। তবে, সেটা অনেক বেশি হবে না।
গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আন্দোলনরত ৬৩টি দলই আলাদা আলাদা এবং সামষ্টিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছে- দেরি করা যাবে না। আমরা প্রস্তুত আছি। আন্দোলন চালিয়ে যাবো। আগামী দুই-এক দিনের মধ্যেই নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান সুব্রত চৌধুরী।
এদিকে, ইসলামী আন্দোলন’র প্রেসিডিয়াম মেম্বর আলী আশরাফ আকন্দ বলেন, আমাদের আন্দোলন চলছে। ভোটের পর দিনই আমরা জনগণকে ধন্যবাদ জানিয়েছি। বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করেছি। অনেক ইসলামী দলের সাথেও আলোচনা হচ্ছে (যারা ভোট বর্জন করেছে)। এই মাসের শেষ দিকে আমরা ঐক্যবদ্ধভাবে এক প্ল্যটফর্মে আন্দোলন শুরু করবো। বিজয় জনগণের হবেই, বলে দৃঢ়তা প্রকাশ করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম মেম্বার।
