নির্বাচনী অর্থ আত্মসাতের অভিযোগ জিএম কাদের ও চুন্নুর বিরুদ্ধে
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়ে পেছন থেকে সরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু। এমনকি দলের নির্বাচন পরিচালনা কমিটিও প্রার্থীদের কোনো খবর রাখেননি। আর নির্বাচনে প্রার্থীদের জন্য বরাদ্দ অর্থও আত্মসাৎ করেছেন তারা। এসব অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন আসনের প্রার্থীরা।
রবিবার দুপুরে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচন পরবর্তী দলের মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব অভিযোগ ওঠে। মতবিনিময় সভায় দলের প্রায় দেড় শতাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন। সভায় বেশ কয়েক জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী মাঠের পরিবেশ এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সিরাজগঞ্জ-৬ আসনের জাপা মনোনীত প্রার্থী মোক্তার হোসেন বক্তৃতায় বলেন, দল আমাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। ২০২১ সালে এই আসনে উপ-নির্বাচন হয়েছে। আমি তখনো প্রতিদ্বন্দ্বিতা করেছি। তখনও আমার ওপর হামলা হয়েছে। আমার গাড়ি ভাংচুর করেছে আওয়ামী লীগের লোকজন। এবারও আমাকে মাঠে কাজ করতে দেয়া হয়নি। আমি ৪ বার নির্বাচন করেছি এই আসন থেকে।
তিনি বলেন, ৭ ডিসেম্বরের আগে আমি বহুবার দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু এবং নির্বাচন পরিচালনা কমিটির সাথে যোযোগের চেষ্টা করেছি। কারো কোনো সাড়া পাইনি। আমাদের জন্য নির্বাচনী বাজেট দেয়া হয়েছিল, সেই বাজেটও পাইনি। এমনকি ঢাকায় এসে ৩দিন বনানী অফিসে অপেক্ষা করেছি, কাউকে পাইনি। নির্বাচনী মাঠে ভোটারদের নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, সব আমি বলতে পারবো না বলেও জানান তিনি। দলের চেয়ারম্যান ও মহাসচিব আমাদের নামিয়ে দিয়ে পেছন থেকে সরে গেছেন বলে অভিযোগ করেন মোক্তার হোসেন।
গাজীপুর-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সামসুদ্দিন খান অভিযোগ করেন, যখন দেখলাম দল আমার খবর নিচ্ছে না। প্রশাসন একটি দলের হয়ে কাজ করছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নির্বাচনী মাঠে আমাদের নামতেই দিচ্ছে না। ঢাকায় এসে চেয়ারম্যান, মহাসচিব কারো সাথে যোযোগ করতে পারছি না। কেউ-ই আমার ফোন ধরছেন না। আমি নিরুপায় হয়ে ক্ষমতাসীন দলের চাপের কাছে হেরে যাই। ৩ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে বাধ্য হই।
সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী জহিরুল ইসলাম বলেন, দল আমাকে আর্থিক, মানসিক কোনো ভাবেই সহযোগিতা করেনি। দলীয় প্রার্থী হয়ে এভাবে ভোটের মাঠে টেকা যায় না কি! এর সাথে ক্ষমতাসীন দল, নির্বাচন কমিশন, প্রশাসন থেকে বার বার বলা হয়েছে, চাপ দেয়া হয়েছে, ২৬ আসনের মধ্যে আমার আসন নেই। তাই সরে পড়তে হবে। কিন্তু আমি এক প্রকার পালিয়ে থেকেছি। কেউ-ই খবর নেয়নি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলটির কো-চেয়ারম্যান সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, জিএম কাদের এবং মজিবুল হক চুন্নুকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম যারা দিয়েছেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু দলের প্রার্থীদের এই ক্ষোভকে মূল্যায়ন করতে হবে। কেন নির্বাচনী মাঠে নামিয়ে দিয়ে প্রার্থীদের খোঁজ খবর নেয়া হলো না?
তিনি বলেন, আমরা দলকে আবারো ব্রাকেট বন্দি করতে চাই না। তবে, দলের স্বার্থকে প্রধান্য না দিয়ে ব্যাক্তিগত স্বার্থ যারা দেখেছেন, তাদের বিষয়ে ভাবতে হবে। না হলে জাতীয় পার্টি তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল হলেও সাংগঠনিক ভাবে দল চরম ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেন এই কো-চেয়ারম্যান।
