রংপুর-২ আসনে ভোট হয়েছে রাত তিনটায়: স্বতন্ত্র প্রার্থী বিটু
রংপুর-২ আসনে ভোট হয়েছে রাত তিনটায়: স্বতন্ত্র প্রার্থী বিটু
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম
রংপুর-২ আসনে ভোট হয়েছে রাত তিনটায়: স্বতন্ত্র প্রার্থী বিটু
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে রাত তিনটায় ভোট হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। তবে এরকম অভিযোগকে ভিত্তিহীন বলছেন নির্বাচনী কর্মকর্তা।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে বদরগঞ্জের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে নিজ বাড়িতে কর্মী সমাবেশে এমন অভিযোগ তোলেন। বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিও দেখা যায় কর্মী সমাবেশে বিশ্বনাথ সরকার বলেন, আমরা পরাজিত হইনি। জোর করে আমাকে পরাজিত করা হয়েছে। অনেকে টাকার বিনিময়ে এমন করেছে, আগের রাতে ভোটটা কমপ্লিট করেছে, ভোট হয়েছে রাত তিনটার সময়। ভোটের দিন দুপুর ১২টার দিকে
অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল। আমি করিনি। কারণ, আমি আওয়ামী লীগ করি। কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক। তার নির্দেশনার বাইরে আমি কখনো কোন কাজ করব না। তাই সবকিছু জেনে-বুঝেও ভোট বর্জন করিনি।
কর্মী-সমর্থকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, সব কর্মীর দায়ভার নিয়ে বলছি, যেকোনো কিছু মোকাবিলায় আমি বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কর্মীদের যেকোনো সমস্যায় পাশে আছি, আগামীতেও থাকব।
বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিভিন্ন এলাকার নেতা-কর্মীরাও বক্তব্য দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, আমি জানি না এরকম বক্তব্য উনি দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকে, তাহলে এই অভিযোগ ভিত্তিহীন। কেননা সকাল ৭টার পর ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ব্যালট সকালে কেন্দ্রে পৌঁছালে রাত ৩টায় ভোট হয় কিভাবে? রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ভোট হয়েছে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান ৬১ হাজার ৫৮৩ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম ২৪ হাজার ৬৪০ ভোট পান।
