সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত ৬৩টি রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগন প্রত্যাখান করেছে। এর মাধ্যমে জনগন আন্দোলনরত দলগুলোর প্রতি তাদের ম্যান্ডেট দিয়েছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব জনগনের ম্যান্ডেট নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি ফিরিয়ে আনা। বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই আন্দোলনে ব্যর্থ হলে জনগন বিকল্প রাস্তা খুঁজে নেবে। গতকাল শনিবার নির্বাচন বর্জন ও করণীয় নিয়ে এসব কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
তিনি বলেন, ‘বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন করে আসছে। সর্বশেষ গত ২০ ডিসেম্বর থেকে নির্বাচন বর্জনের আহ্বানে জানিয়ে জনগনের মাঝে লিফলেট বিতরণ করেছে। জনগন দলগুলোর প্রতি আস্থা রেখে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না তা বিগত তিনটি নির্বাচনে প্রমাণ হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আগের দুইটি নির্বাচন নিয়ে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো নানা অভিযোগ করলেও এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। কারণ এবার বিএনপির বাইরে খোদ আওয়ামী লীগের নৌকা প্রার্থীর লোকেরা অভিযোগ করেছেন মৃত মানুষ, বিদেশে অবস্থানরতদের ভোট দিয়ে দিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের শরিক ১৪দলের নেতারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি নির্বাচনের আগে গঠিত কিংস পার্টির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন নির্বাচনে কারচুপি হয়েছে। নির্বাচনে জনগনের প্রতিফলন হয়নি।’
শাহজাহান বলেন, ‘নির্বাচন জনগন বর্জন করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব দিয়েছে তাদের দাবি আদায় করার জন্য। এখন বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে দাবি আদায় করতে না পারলে জনগন বিকল্প পন্থা খুঁজবে। কারণ জনগন তাদের সমস্যা নিয়ে বসে থাকবে না। ভোটার বিহীন সরকার জোর করে ক্ষমতায় বসায় দেশে এখন রাজনৈতিক শূণ্যতা বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গণে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দেশে ওলট পালট ঘটবে।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দিতে। খোদ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন তিনি ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রে বিরোধী প্রার্থীদের কোনো এজেন্ট দেখতে পারেননি। তাছাড়া কতো পার্সেন্ট ভোট পড়েছে তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। বিশেষ করে ভোটের দিন রাতে নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের কথোপকথনের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে জাতির সামনে স্পষ্ট হয়েছে তারা কি নির্বাচন করেছেন।’
