Logo
Logo
×

রাজনীতি

মন্ত্রিসভা নিয়ে হতাশা আওয়ামী লীগে

Icon

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম

মন্ত্রিসভা নিয়ে হতাশা আওয়ামী লীগে

ফুরফুরে মেজাজে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে শুরু করেছেন শেখ হাসিনা। ৩৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে বৃহস্পতিবার। মন্ত্রিসভা গঠনের পর হালকা আগুনের ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী শিবিরে। নতুন মন্ত্রীরা খুশির বানে ভাসছেন, আর যারা হতে পারেননি বা আগের মন্ত্রিসভায় থাকলেও নেই নতুন মন্ত্রিসভায় তাদের অনেকেই ফুঁসছেন। ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর আর রাজনৈতিক অভিভাবকদের কাছে করছেন অভিযোগ-অনুযোগ। আবার মন্ত্রিসভায় থাকলেও যথাযথ মূল্যায়ন হয়নি এমন কথা বলছেন কেউ কেউ। আবার কারো উলম্ফনে চক্ষু চড়কগাছ অন্যদের।

আওয়ামী লীগ সরকার যে খাতে সবচেয়ে সফল বলে নিজেদের দাবি করে সেই মন্ত্রণালয়টি দীর্ঘদিন ধরে চালাচ্ছেন একজন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতে মন্ত্রণালয় থাকায় ওই মন্ত্রণালয়ের দেখভালের জন্য রয়েছেন একজন উপদেষ্টাও। দেশের আবাসন খাতের একজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের সাফল্যে তার আশা ছিল তিনি নতুন সরকারেও থাকবেন, তার পদোন্নতিও হবে। মন্ত্রিসভার নাম ঘোষণার আগে জানাজানি হয়ে গিয়েছিল তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। কিন্তু মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর মন্ত্রীর তালিকায় নিজের নাম না পেয়ে মুষড়ে পড়েন তিনি। পরে তার ঘনিষ্ঠ একজন প্রভাবশালী ব্যক্তি ফোন করে তার মন্ত্রিসভায় থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে পূর্ণমন্ত্রী হতে না পারায় ওই প্রতিমন্ত্রী হতাশ। তাকে পদোন্নতি তো দেওয়াই হয়নি বরং তার ডালপালা কিছুটা ছেঁটে ফেলা হয়েছে।

আরেকজন প্রতিমন্ত্রী, যিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বেও আছেন তার ধারণা ছিল তাকে পূর্ণমন্ত্রী করা হবে। পদ্মাসেতু নির্মাণের প্রভাবসহ নানা কারণে ওই মন্ত্রণালয়ের গুরুত্ব কমলেও নিজ মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি, ঘনিষ্ঠজনরা এমন কথা তাকে সব সময়ই বলতেন। কিন্তু তাকে সেই কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েই রাখা হয়েছে। সজ্জন হিসেবে পরিচিত উত্তরবঙ্গের ওই প্রতিমন্ত্রী তার মনের দুঃখ চেপে রাখতে পারেননি। ঘনিষ্ঠজনদের তিনি বলেছেন, আনুগত্য আর নিষ্ঠার এই ফল!

আরেক প্রতিমন্ত্রীকে তার আগের মন্ত্রণালয়েই রেখে দেওয়া হয়েছে। গত এক বছরে দক্ষিণবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হয়ে ওঠা ওই সাবেক সেনা কর্মকর্তার ধারণা ছিল তিনি নেত্রীর ‘গুডবুক’-এ আছেন। নয়া মন্ত্রিসভায় তিনি পূর্ণমন্ত্রী হবেন এমন আশা করলেও তাকে ওই মন্ত্রণালয়েই প্রতিমন্ত্রী হিসেবেই রেখে দেয়া হয়েছে।

ওই মন্ত্রণালয়ে আগে একজন উপমন্ত্রীও ছিলেন। ছাত্রলীগের এক সময়কার সভাপতি ওই উপমন্ত্রী এবার মন্ত্রিসভায় নেই। পদোন্নতি হবে বলে আশা করা ওই নেতাও তার হতাশা চেপে রাখতে পারেননি। বিগত মন্ত্রিসভায় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি মনোকষ্টে ছিলেন, কেননা রাজনীতিতে তারচেয়ে অনেক জুনিয়র ও অগুরুত্বপূর্ণ ব্যক্তি যেখানে প্রতিমন্ত্রী সেখানে তাকে উপমন্ত্রী করাকে তিনি সব সময় অবিচার বলেই মনে করতেন। তার আশা ছিল, এবার তাকে যথাযথ মূল্যায়ন করা হবে, কিন্তু তিনি এবার মন্ত্রিসভায় জায়গাই পাননি।

ঢাকার একটি আসন থেকে বার বার নির্বাচিত একজন সংসদ সদস্যকে গত মন্ত্রিসভায় একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের জীবনে তেমন কোন প্রভাব পড়ছে না, কারণ মানুষের আয় বেড়েছে সরকার এমন প্রোপাগান্ডা চালানোর সময় ওই প্রতিমন্ত্রী বলেছিলেন, দ্রব্যমূল্য বাড়ায় মানুষ কষ্টে আছে। এ ঘটনায় সরকারের শীর্ষমহল তার ওপর নাখোশ হয়। তিনি নেই এবারের মন্ত্রিসভায়। নিকটজনদের কাছে তিনি তার দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়া চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী পরিবারের একজন সদস্য যিনি বিগত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ছিলেন তিনিও বাদ পড়েছেন। বন্দরনগরীর রাজনীতিতে তার যে পারিবারিক প্রভাব মন্ত্রিসভায় না থাকায় তিনি তাতে অনেকটা পিছিয়ে পড়লেন বলে মনে করছেন তার ঘনিষ্ঠজনরা।

তবে নতুন মন্ত্রিসভায় একজনের পদোন্নতি সবার নজর কেড়েছে, তিনি হলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এবার তাকে করা হয়েছে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। তার এই উত্থানে অনেকেই বিস্মিত!

হতাশ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নেতাদের অনেকেই বলছেন, রাজনীতি করে লাভ কী? যদি যুগের পর যুগ রাজনীতি করে মন্ত্রিসভায় নাম না ওঠে, আর উঠলেও প্রতিমন্ত্রী করা হয়, সেখানে কোনো রকম পারফর্মেন্স না দেখিয়েই একেবারে উপমন্ত্রী থেকে মন্ত্রী হয়ে যাওয়া!

শিক্ষা মন্ত্রণালয় থেকে দিপু মনিকে সরিয়ে দেওয়াকে শেখ হাসিনার একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করছেন সমালোচকরা। তারা বলছেন, গত পাঁচ বছরে শিক্ষামন্ত্রণালয় সবচেয়ে বেশি বিতর্কিত হয়ে পড়েছে। দেশের শিক্ষাব্যবস্থা আর শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য দিপু মনিকে দায়ী করছেন তারা। অনেকে মনে করছেন, দিপু মনিকে বাদ দিলে সেটাই হতো যথোচিত, কিন্তু শেখ হাসিনা ডা. দিপু মনির প্রতি বিশেষ স্নেহশীল। তাই ২০০৯ সালে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল। এবার শত বিতর্কের পরও দিপু মনিকে মন্ত্রিসভায় রেখে তিনি আরেকবার তার ওপর নিজের আস্থারই জানান দিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন