Logo
Logo
×

রাজনীতি

জাপা থেকে ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে অব্যাহতি

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১০:২২ পিএম

জাপা থেকে ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে অব্যাহতি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের প্রাথমিকসহ সকল পদ থেকে অব্যহতি দিয়েছে জাপা। শুক্রবার দুপুরে দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের দেয়া ক্ষমতাবলে এই দুই জনকে অব্যহতি দিয়েছেন। বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই এ আদেশ কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়। নির্বাচনে ব্যাপক ‘ভরাডুবির’ এবং দলের মনোনীত প্রার্থীদের সাথে দলের চেয়ারম্যান জিএম কাদেরের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে।  নির্বাচনে অংশ নেয় না নেয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়। নির্বাচনে ২৬৫ আসনে প্রার্থী দিলেও অভিযোগ ওঠে প্রায় ২৩০ জন দলীয় প্রার্থীই নির্বাচনী প্রচারণায় খুব একটা সক্রিয় ছিলেন না। বরং ভোটের সপ্তাখানেক আগেই জিএম কাদেরসহ মহাসচিব মজিবুল হক চুন্নুর বিরুদ্ধে সরকারের সাথে আতাঁতের অভিযোগ তোলে। ভোটের মাঠ থেকেও সরে যায় ২২০ জন প্রার্থী।

একই সঙ্গে ভোটে আওয়ামী লীগের সাথে আপোষ রফা করে পাওয়া ২৬ আসনের মধ্যে মাত্র ১১টিতে জয় পায় জাপা। বাকি ১৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না রাখলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়।    

এ ভরাডুবির জন্য কেন্দ্রীয় নেতৃত্বকেই দুষছেন নেতাকর্মীরা। একই সঙ্গে দলটির বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবের অপসারনের দাবিতে বিক্ষোভের মুখে পড়েতে হয়েছে জিএম কাদের ও চুন্নুকে। যা ভাঙনের সম্ভাবনাকে আরও তীব্রতর করছে। এই আশঙ্কার মধ্যেই জাতীয় পার্টির সিনিয়র এই দুই নেতাকে অব্যাহতি দেয়া হলো। তবে কি কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন