Logo
Logo
×

রাজনীতি

ভেঙ্গে যেতে পারে জাতীয় পার্টি!

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম

ভেঙ্গে যেতে পারে জাতীয় পার্টি!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পাতানো নির্বাচনী খেলায় অংশ নিয়ে বিতর্কিত একটি ভোটকে বৈধতা দেওয়ার চেষ্টায় সহযোগিতা করলো জাতীয় পার্টি। যদিও জাতীয় পর্টির তৃণমূল এবং প্রেসিডিমের বৈঠকের চূড়ান্ত মতামত এই নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে। এরপরও নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার একক কর্তৃত্ব দেওয়া হয়েছিল দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে। দলের তৃণমূল এবং প্রেসিডিয়ামের অধিকাংশ সদস্যের মতামত উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগনের ঘৃণা এবং বিতর্কিত এই ভোটের কলঙ্কই কুড়িয়েছে দলটি।

এখন তৃতীয় বৃহত্তম এই রজনৈতিক দলটি ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা করছেন দলের প্রেসিডিয়ামের কয়েক জন সদস্য ও তৃণমূলের কর্মীরা।

তাদের মন্তব্য, এই নির্বাচনে অংশ নেওয়ার একক দায় জিএম কাদেরের। অন্য কারো ওপর দায় চাপানোর সুযোগ নেই। এখন দল হয় ভেঙ্গে যাবে, নয়তো জিএম কাদেরকে এই পাতানো নির্বাচনের ফাঁদে পা দেওয়ার একক দায় স্বীকার করে ঘুরে দাঁড়াতে হবে।

জাতীয় পার্টির অন্যতম কো-চেয়ারম্যান ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার সঙ্গে কথা হয়েছে বাংলা আউটলুকের। মঙ্গলবার এক নিকট আত্মীয়ের মৃত্যুতে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরপরেও তিনি বলেন, এই কাজটি ঠিক হয়নি। জাতীয় পার্টির মিনিমাম যে ভিত্তি ছিল, তা হুমকিতে পড়েছে। সাধারণ মানুষের একটা সম্পৃক্ততা ছিল। কিন্তু এখন দলের নেতা-কর্মীদের মন ভেঙ্গে গেল। অপর দিকে, সাধারণ মানুষের আস্থাও কমে গেল। এখান থেকে বেরিয়ে এসে দলের সাংগঠনিক ভিত ধরে রাখাটা আমাদের জন্য অনেক কষ্টের হবে। হয়তো দলকে চরম মূল্যও দিতে হতে পারে।

দলটির প্রেসিডিয়ামের সদস্য মীর আব্দুস সবুর আসুদ মনে করেন, হুসাইন মুহম্মদ এরশাদের মতো নেতৃত্ব যে দিন হারিয়েছি, সে দিনই দলের অনেক ক্ষতি হয়েছে। এরপরও আমাদের আশা ছিল। কিন্তু এবারের এই ধকল কাটিয়ে ওঠা আমাদের জন্য হয়তো সম্ভব নাও হতে পারে। হয় দল এখান থেকে শিক্ষা নেবে এবং সাধারণ মানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধান্ত নেবে, না হলে ধ্বংস হয়ে যেতে হবে। এর বাইরে আমার কিছু মনে হয় না, বলেন এই প্রেসিডিয়াম সদস্য।

এদিকে, এসব বিষয় নিয়ে বাংলা আউটলুক বেশ কয়েকজন তৃণমূল নেতার সাথে যোগাযোগ করেছে। অনেকেই আওয়ামী লীগ ও সরকারের ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন। তাদের মন্তব্য এমন, দল এখন দুই ভাগে বিভক্ত। একপক্ষ, সরকারপন্থী বা আওয়ামী লীগের বি-টিম। আরেক পক্ষ দলের পদ হারানোর আতঙ্কে আছে। এখন কোনো মন্তব্য করে বিপদে পড়তে চান না অনেকেই। তারা বলেন, নির্বাচনের মাঠ থেকে সরে গিয়ে অধিকাংশ প্রার্থীই নানান হুমকি-ধামকির মুখে পড়েছেন।

অপর দিকে, এসব বিষয় নিয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দলের অপর এক কো-চেয়ারম্যান দ্বাদশ সংসদের এমপি হয়েছেন, নাম প্রকাশ না করার শর্তে বাংলা আউটলুককে তিনি প্রশ্ন করেন, চেয়ারম্যান এখন কেন মন্তব্য করছেন যে, জাপাকে কোরবানী করা হয়েছে। কে কোরবানী করতে নিয়ে গেল? এই প্রশ্নের উত্তর জাপা চেয়ারম্যানকে দিতে বলেন। ‘আমাদের দল টিকবে না’, বলেও আফসোস করেন তিনি।  

প্রায় একই অবস্থা দলের মহাসচিব মজিবুল হক চুন্নুর। তাকেও ভোটের পর অর্থাৎ ৭ জানুয়ারির পর কেউই খুঁজে পাচ্ছিলেন না। বহু কষ্টে বাংলা আউটলুক তার সঙ্গে ফোনে কথা বলতে সক্ষম হয়। এসব বিষয় নিয়ে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না বলে জানান। তবে, জাতীয় পার্টি সবগুলো ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন