কারাগার থেকে আদালতে ফখরুল
নাশকতার ৯ মামলার জামিন শুনানির জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ৩১ ডিসেম্বর বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ৯টি মামলায় জামিন আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন আদালত। ওইদিন বিএনপির এ নেতার আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী এ আদেশ দেন।
তার আগে গত ১৮ ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ বিএনপি মহাসচিবের নাম এজাহারে থাকার পরও গ্রেফতার না দেখানো ৯টি মামলায় জামিন আবেদন গ্রহণ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন।
একইসঙ্গে জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ না করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গত ১৭ ডিসেম্বর বিএনপি এ নেতার ৯টি মামলায় জামিনের আবেদন গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এরমধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। আদালত জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান তাকে। সেদিন থেকেই কারাগারে আছেন বিএনপি মহাসচিব। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
