রবিবার ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও ভাষণে তিনি আহ্বান জানান।
নির্বাচনের আগের দিন দেওয়া ভাষণে তিনি বলেন, আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। একদিকে দুর্নীতিবাজ হাসিনার অবৈধ ক্ষমতার লোভ, অন্যদিকে দেশের ১৮ কোটি মানুষের স্বার্থ। দুর্নীতিবাজ হাসিনার অবৈধ ক্ষমতালিপ্সার কারণে, বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। সুতরাং, বাংলাদেশের সামনে আসন্ন মহা বিপর্যয়, এড়াতে চাইলে, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে, নির্বাচনের নামে, ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে, দেশ এবং জনগণের স্বার্থে, ভোট ডাকাত হাসিনার 'ডামি নির্বাচন' বর্জন করা, আমাদের আইনি এবং নৈতিক দায়িত্ব।
তারেক রহমান বলেন, ভোট, আমার-আপনার-আমাদের সাংবিধানিক অধিকার। মাফিয়া মুক্ত পরিবেশে, নির্বিঘ্নে-নিরাপদে, যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ডাকাত হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে, জনগণ ভোট দেয়ার সুযোগ পাচ্ছেনা। ফ্যাসিস্ট হাসিনার 'আওয়ামী লীগ' আর 'ডামি লীগ' দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
অর্থনৈতিক দুরাবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা অনেকেই হয়তো দেখে থাকতে পারেন, বাংলাদেশের ভুয়া নির্বাচন নিয়ে সম্প্রতি বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে। কক্সবাজার সফরকালে একজন শ্রমিক আবুল বাসার বিবিসি সাংবাদিকের কাছে বলছিলেন, নির্বাচন নিয়ে তার আগ্রহ নেই কারণ তার 'নুন আনতে পান্তা ফুরোয়' অবস্থা। আবুল বাসার আরো বলছিলেন, 'মাছ কিনলে তার মসলা কেনার টাকা থাকেনা, মসলা কিনলে চাল কেনার টাকা থাকেনা'।সুতরাং, নির্বাচন নয় আবুল বাশারীর চিন্তা, কিভাবে তিনি ঋণের টাকা ফেরত দেবেন'। এভাবেই দেশের কোটি কোটি আবুল বাশারের একই অর্থনৈতিক পরিস্থিতি। তাহলে গত ১৫ বছরে কিসের উন্নয়ন হলো? কার উন্নয়ন হলো? উন্নয়ন কাদের হয়েছে নির্বাচন কমিশনে আওয়ামী নেতা মন্ত্রীদের জমা দেয়া হলফনামা দেখলেই বোঝা যায়। আওয়ামী নেতা মন্ত্রীদের সম্পদের পরিমান শুধু একশো দুশো নয় হাজার গুণ বেড়েছে। অস্বাভাবিক হরে যাদের সম্পদ বেড়েছে এমন শীর্ষ দশ জনের একজন হয়েছেন অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ হাসিনা।
তারেক রহমান হরতাল পালনের জন্য দেশবাসীতে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা দু'দিনের সর্বাত্মক হরতাল সফল করি। আসুন, আমরা সবাই মিলে ৭ জানুয়ারির ভোট বর্জন করি। ৭ জানুয়ারী সারাদিন-পরিবারকে সময় দিন। আপনি-আপনার পরিবার-স্বজন-বন্ধুবান্ধব-পরিচিতজন এবং প্রতিবেশীদেরকেও ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করুন।
তিনি বলেন, আমি বারবার একটা কথা বলেছি, দেশে বর্তমান যে সংকট বিরাজমান এটি শুধু বিএনপির একক বা একার সংকট নয়। যারা রাজনীতি করছেন কিংবা যারা রাজনীতি করছেন না, আপনারা কেউ কি বিপদমুক্ত?
তারেক রহমান বলেন, বাংলাদেশের আকাশে আজ শকুনের থাবা। পাক হানাদার-রাজাকারদের পরাজিত করে, ১৯৭১ সালে, লাখো প্রাণের বিনিময়ে আমরা যে লাল-সবুজের পতাকা অর্জন করেছিলাম, গত ১৫ বছর থেকে, ধীরে ধীরে, বাংলাদেশের সেই স্বাধীনতার পতাকা, খামচে ধরেছে, নব্য আওয়ামী রাজাকার চক্র। খুনি রক্তপিপাসু ভোট ডাকাত হাসিনার অবৈধ ক্ষমতা লিপ্সার কারণে, শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকার-ই নয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই এখন হুমকির সম্মুখীন। এখনো সময় আছে, আমরা যদি এক্ষুনি জেগে না উঠি, তাহলে, সেদিন হয়তো আর বেশি দূরে নয়, তাবেদার সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেনের মতো, ক্ষমতায় থাকার জন্য, প্রকাশ্যেই অন্য দেশের করুণা ভিক্ষা করতে হবে। স্বাধীন বাংলাদেশে নির্বাচন করতে হলে , মেহেরপুরের আওয়ামী রাজাকার, মান্নানের মতো, নিজেকে অন্য দেশের প্রার্থী হিসেবে পরিচয় দিতে হবে। এখনো সময় আছে, আমরা যদি এক্ষুনি জেগে না উঠি, সেদিন হয়তো আর বেশি দূরে নয়, আমাদেরকেও হয়তো, নিজ ভূমিতে নির্যাতিত ফিলিস্তিনিদের মতো একই ভাগ্যবরন করতে হবে।
