এক সময়ের লড়াকু হাসিনা আজ বাংলাদেশের গণতন্ত্রের হুমকি
এপি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ এএম
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে ছিলেন বিরোধী দলে। তখন তাকে বাসায় অবরুদ্ধ করা হয়েছিল, এক্সটরশনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজধানীর একটি আদালতে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সালে অবরুদ্ধ থাকাকালে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে বিরত রাখার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। হাসিনা বলেছিলেন, “তার জনগণের অধিকারের জন্য লড়াই করছেন; একটি সামরিক-সমর্থিত অন্তর্বর্তী সরকারের অধীনে জরুরি অবস্থার মধ্যে বাংলাদেশ আটকা পড়েছে।”
শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সে সময় দেশত্যাগ অথবা জেল- এই দুটির যেকোন একটি বেছে নিতে বলা হয়েছিল হাসিনাকে। তিনি জেলেই থেকেছিলেন। ১১ মাস পর জেল থেকে বের হয়ে নির্বাচনে তিনি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
মিয়ানমার ও ভারতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থানের মুসলিমপ্রধান এই দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী এখন শেখ হাসিনা। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনেও তার ক্ষমতায় আসার পথ সুগম। এক সময় গণতন্ত্রের জন্য লড়াই করা শেখ হাসিনা গেল ১৫ বছরের শাসনামলে দেশটির গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হিসেবে আবর্তিত হয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন নির্বাচন বর্জন করেছে। বিএনপি বলেছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এই নির্বাচন ৭৬ বছর বয়সী হাসিনাকে টানা চতুর্থ এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসার মঞ্চ তৈরি করেছে।
শেখ হাসিনার সমর্থকরা বলছেন, হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বদলে দিয়েছে। আগে ঘন ঘন লোড-শেডিং হতো, সেখানে এখন দেশ শিল্পোন্নত হচ্ছে। মেয়েরা স্কুলে যাচ্ছে, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি হাসিনা দেশে ঘন ঘন সামরিক অভ্যুত্থানের নজির পাশ কেটে তিনি স্থিতিশীলতা এনেছেন।
তবে এর মাঝখানে ভোটাররা হতাশ। তারা খুব কমই সম্ভাবনা দেখছেন দেশের ক্ষমতার পরিবর্তনের।
হাসিনার রাজনৈতিক উত্থান
শেখ হাসিনার রাজনৈতিক জীবন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘিরে আবর্তিত। ওইদিন তার বাবা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সামরিক অভূত্থানের ওই রাতে ২৮ বছর বয়সী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাসহ জার্মানিতে ছিলেন। দেশের বাইরে থাকায় তারা প্রাণে বাঁচলেও শেখ হাসিনার বাবা-মা, তিন ভাই-বোন, গৃহকর্মীসহ ১৮ জনকে হত্যা করা হয়।
অনেকে মনে করেন, নৃশংস হামলার কারণেই শেখ হাসিনা একক ক্ষমতা অর্জনের দিকে এগিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ওই ঘটনা তার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণার উৎস।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ অবিনাশ পালিওয়াল বলেন, “রাজনীতিবিদ হিসেবে হাসিনার একটি বিশেষ গুণ রয়েছে। সেটি হলো তিনি শোককে শক্তিতে পরিণত করতে পারেন।”
শেখ হাসিনার কাছে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জনক ছিলেন। ১৯৭১ সালের তার মুক্তিবাহিনী ভারতের সহায়তায় পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। হাসিনার ঘনিষ্ঠজনরা বলছেন, মূলত তিনি তার বাবার স্বপ্নের বাংলাদেশ গড়তে চান।
শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “শেখ মুজিবুর রহমান খুব অল্প সময় দেশ পরিচালনায় থাকতে পেরেছিলেন। বাবার অসমাপ্ত কাজ নিজেই ঠিকভাবে করতে পারবেন বলে মনে করেন হাসিনা।”
শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পাঁচ বছর ভারতে নির্বাসিত ছিলেন শেখ হাসিনা। এরপর দেশে ফিরে তিনি আওয়ামী লীগের হাল ধরেন। কিন্তু ১৯৯৬ সালের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তাকে নানা চড়াই-উৎরাই পার করতে হয়েছে। ১৯৮০-এর দশকে সামরিক শাসন চলাকালে তাকে ঘরে ও বাইরে বন্দী করে রাখা হয়।
দুই নারীর হাতে রাজনীতি
বাংলাদেশের রাজনীতি গেল কয়েক দশক ধরে দুজন নারীকে ঘিরে আবর্তিত। তাদের মধ্যে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারাবন্দী হয়ে আছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি; এই দুটি দলই একে অপরকে প্রতিদ্বদ্বিতার মাধ্যমে গেল কয়েক দশকে বাংলাদেশের সরকার গঠন করেছে।
হাসিনার ভাষ্য, বিএনপিকে কট্টরপন্থী বা চরমপন্থীদের দল। হাসিনার আওয়ামী লীগ নিজেদের মধ্যপন্থী এবং ধর্মনিরপেক্ষ বলে দাবি করে। অন্যদিকে বিএনপি দমন-পীড়নের কৌশল হিসেবে এসব আরোপ করছে বলে অভিযোগ বিএনপির।
বিশ্লেষকরা বলছেন, একে-অপরকে দোষারোপ করলেও আওয়ামী লীগ ও বিএনপি উভয়েরই নির্বাচনি সহিংসতা ও ক্ষমতা কুক্ষিগত করার ইতিহাস রয়েছে।
গেল ডিসেম্বরে যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডে চারজন নিহত হওয়ার পর বিএনপির বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ তোলে সরকার। হাসিনা সরকারের দাবি, বিরোধীরা (বিএনপি) নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন বলেছে বিএনপি।
রাজনৈতিক পট-পরিবর্তন
২০০১ সালের সাধারণ নির্বাচনে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ হেরে যায়। তখন তিনি আবার বিরোধী দলীয় নেতা হন। পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা এবং সবশেষে সামরিক হস্তক্ষেপের মধ্যদিয়ে কাটে। এরপর হাসিনা ২০০৮ সালে পুনরায় সরকার গঠন করেন।
ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেন হাসিনা। দেশে এমনসব স্থাপনা নির্মাণ করেন যা আগে কখনো হয়নি। তিনি দেশের বিদ্যুত খাতকে শক্তিশালী করেন, প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের সুবিধা পৌঁছে দেন। সড়ক যোগযোগ, রেল ও নৌ পথের যোগাযোগকে সহজ করতে নানা মেগা প্রকল্প হাতে নেন। এই সময়ের মধ্যে দেমের গার্মেন্টস শিল্পও বিশ্বের মধ্যে অন্যতম প্রধান ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।
আবদুল হালিম নামে ঢাকার এক রিকশাচালক জানান, তিনি প্রধানমন্ত্রীর সমর্থক নন, কিন্তু “হাসিনা তাদের বিদ্যুৎ দিয়েছেন।”
আবদুল হালিম বলেন, “আমি ভেবেছিলাম আমার পরিবার কখনই ঘরে বিদ্যুত পাবে না। এখন আমাদের পুরো গ্রামে বিদ্যুৎ আছে।”
উন্নয়নের এই ছোয়া লেগেছে সব ক্ষেত্রেই। মেয়েরা ছেলেদের সঙ্গে সমানভাবে শিক্ষিত হয়েছে। ক্রমবর্ধমান নারীদের কর্মসংস্থান তৈরি হয়েছে, তারা কাজে যোগ দিয়েছে। দরিদ্র মানুষের উন্নয়নে এবং বিশেষ করে নারীদের জন্য শেখ হাসিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তিনি তাদের উন্নয়নে কাজ করতে আগ্রহী বলে মনে করেন হাসিনার ঘনিষ্ঠজনরা। জঙ্গিবাদের উত্থানকেও মোকাবিলার জন্য শেখ হাসিনাকে বাহবা দেন তারা।
ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ এ. আরাফাতের মতে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য হাসিনা যা করেছেন তা “অসাধারণ”।
রবিবারের ভোট
নির্বাচনকে সামনে রেখে হাসিনা তার সরকারের সাফল্য হিসেবে দেখাতে কিছু মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন। যার মধ্যে রয়েছে ঢাকার মেট্রো রেল। এর আগে ২০২১ সালে তিনি দেশের বৃহত্তম পদ্মা সেতু উদ্বোধন করেছিলেন। তিনি ২০৩১ সালের মধ্যে নিজেকে একটি দরিদ্র দেশকে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত করার নেতা হিসেবে দেখতে চান।
সদ্য বিদায়ী বছরে শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না। একটি স্মার্ট, উন্নত এবং সমৃদ্ধ দেশ হওয়ার যে অগ্রযাত্রা সেটি বাংলাদেশ অব্যাহত রাখবে।”
তবে সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। যার ফলে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ এবং সরকারের প্রতি অনাস্থা।
মোহাম্মদ শহিদ নামে ঢাকার এক রিকশাচালক বলেন, “সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতি বন্ধ করতে ব্যর্থ। দুই বছরের ব্যবধানে শিম ও টমেটোর মতো সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের সংসার চালানোর মতো অবস্থায় আমরা নেই।”
হাসিনার সমালোচকরা বলছেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক উপায়ে কঠোরভাবে ভিন্নমত দমন করছে, সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত করার পাশাপাশি সুশীল সমাজকে খর্ব করছে। সরকার তার সমালোচকদের জোর করে গুম করছে বলেও জানিয়েছে অধিকারকর্মীরা। যদিও সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
ভোট কারচুপির ব্যাপক অভিযোগের মধ্যে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ৯৬ শতাংশ আসনে জয়লাভ করে। আর ২০১৪ সালের নির্বাচন সবকটি প্রধান বিরোধীদল বয়কট করেছিল।
বিএনপি বলছে, নির্বাচনকে সামনে রেখে গেল কয়েকমাসে দলটির প্রায় ২০,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নেতাকর্মীরা সমাবেশ-র্যালি করেছে, সেগুলোর কয়েকটি সহিংস রূপ নিয়েছে।
বেগম জিয়ার বন্দীদশা এবং দলের অন্যান্য নেতাকর্মীরা কারাগারে বা পলাতক থাকায় সংশ্লিষ্টরা বলছেন, হাসিনার পরবর্তী মেয়াদ অনেকটাই নিশ্চিত।
নির্বাচনে আওয়ামী লীগের বাইরে দলটির কয়েকজন স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন। এছাড়া ছোট কয়েকটি বিরোধী দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যাদের ভোটে তেমন কিছু পাওয়ার নেই।
আরও কী হতে পারে?
হাসিনা সরকার বলে এসেছে, এই নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে। নির্বাচনের বাইরে থাকার জন্য বিএনপির সমালোচনাও করেছে আওয়ামী লীগ। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের গভীর ক্ষত প্রতিফলিত করে।
এ সম্পর্কে বিশেষজ্ঞ পালিওয়াল বলেন, “হাসিনার সিদ্ধান্ত গ্রহণে স্বৈরাচারী হওয়ার নজির রয়েছে। এই নির্বাচনটি বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ একদলীয় রাষ্ট্রে পরিণত করার পথে কফিনের শেষ পেরেক হতে চলেছে।”
৪৬ বছর বয়সী তামান্না রহমান ঢাকার ভোটার। তিনি বলেন, “এখানে প্রধানমন্ত্রীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। হাসিনাকে আবার নির্বাচিত করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।”
বৈশ্বিক পরাশক্তিগুলোর সঙ্গে শেখ হাসিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন এবং দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখেছেন। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিন একটি সীমান্ত এলাকা নিয়ে বিরোধ থাকলেও শেখ হাসিনা ওই দুই দেশের সঙ্গেই দৃঢ় সম্পর্ক বজায় রেখেছেন। পারস্পরিক সৌহার্দ্য ও সমর্থন জারি রেখেছেন। এর বদৌলতে বেইজিং এবং নয়াদিল্লি বাংলাদেশের বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পে অর্থ সহায়তা দিয়েছে।
ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমাদের যখন রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, তখনও হাসিনা সরকার রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ধরে রেখেছে।
উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের ডিরেক্টর মাইকেল কুগেলম্যান বলেন, “হাসিনা সম্পর্কে আপনি যাই বলুন, তিনি কিন্তু ক্ষমতার প্রতিযোগিতাটি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন।”
২০১৭ সালে প্রতিবেশী মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়েছিলেন। বাংলাদেশে এখন প্রায় ১.১ মিলিয়ন রোহিঙ্গা অবস্থান করছেন। রোহিঙ্গাদের অনেকেই উন্নত জীবনের আশায় সমুদ্র পাড়ি দিয়ে উন্নত দেশগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করেন।
বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি গেল বছরের মে মাসে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রীক ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করে। তার আগে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন।
বিশ্লেষকরা বলছেন, ভিসা নিষেধজ্ঞার মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে হাসিনা সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে হাসিনা বলেছিলেন, তাকে ক্ষমতা থেকে সরাতে চায় যুক্তরাষ্ট্র।
শেখ হাসিনার ওপর যে চাপ তৈরি হয়েছিল সেটি অনেকটাই স্পষ্ট হয়েছিল সম্প্রতি তার এক সংবাদ সম্মেলনে। তিনি সেখানে বলেছিলেন, “আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব।” তখন হাসিনার পরনে ছিল শাড়ি, ধূসর চোখ ছিল সাংবাদিকদের দিকে স্থির।
ঢাকার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের পরিচালক জিল্লুর রহমান বলেন, “বহু রাজনৈতিক শত্রু ও ১৯ বার হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া হাসিনার সামনে কোনো নিরাপদ প্রস্থানের রাস্তা নেই।”
রহমান বলেন, “শেখ হাসিনা সবসময় হুমকির মধ্যে থাকেন... এবং তাকে ক্ষমতায় থাকতেই হবে।”
