আওয়ামী লীগ গুপ্ত হত্যার পথ বেছে নিতে পারে : তারেক রহমান
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
ফাইল ছবি
আওয়ামী লীগ গুপ্ত হত্যার পথ বেছে নিতে পারে শঙ্কা প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার এক ভিডিও ভাষনে তিনি এ শঙ্কার কথা বলেন।
লন্ডন থেকে দেওয়া ওই ভাষনে তারেক রহমান বলেন,দেশ বিদেশের গণতন্ত্রকামী শক্তিকে ধোকা দিয়ে বোকা বানাতে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের এক প্রার্থীর বিরুদ্ধে অপরজনকে লেলিয়ে দিয়ে আগামী ৭ জানুয়ারির 'ডামি নির্বাচনে'র আসর জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে ইতোমধ্যেই গণতন্ত্রকামী জনগণ সাজানো-পাতানো এই ভাগবাটোয়ারার নির্বাচন প্রত্যাখ্যান করায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের দোসর অপশক্তি একদিকে আবোলতাবোল বকতে শুরু করেছে। অপরদিকে 'ডামি নির্বাচনে' কে 'আসল' আর কে 'ডামি' এসব নিয়ে সমর্থকদের মধ্যে সারাদেশে সন্ত্রাস-সংঘর্ষ-হানাহানি-খুনোখুনি শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে ভুয়া নির্বাচনের আসর জমানোর খেলা খেলতে গিয়ে আওয়ামী অপশক্তি এখন নিজেরাই নিজেদের পাতা ফাঁদে আটকে পড়েছে। ভোট ডাকাতির এই নির্বাচনে এমপি হওয়ার সুযোগ কেউ হাতছাড়া করতে না চাওয়ায় বরিশালে রাষ্ট্রীয় নিরাপত্তায় ভোট ডাকাত হাসিনার সমাবেশেই আওয়ামী ভোট ডাকাতদের দুই গ্রূপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন খুন হয়েছে। অনেকে আহত হয়েছে।
তিনি বলেন, এমন নৈরাজ্যকর অবস্থা থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করে আওয়ামী মাফিয়া চক্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে তাদের মিথ্যাচার-অপপ্রচার আর প্রতিহিংসার টার্গেটে পরিণত করেছে। ফ্যাসিস্ট হাসিনা বিএনপির বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্র শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনা বলেছে, বিএনপির নাকি দেশে রাজনীতি করার অধিকার নেই। আর ওবায়দুল কাদেরের আশংকা গুপ্তহত্যার। হাসিনা-ওবায়দুলের এ ধরণের বক্তব্য পাগলের প্রলাপ মনে হলেও গণতন্ত্রকামী জনগণের সতর্ক থাকা জরুরি। কারণ গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপিসহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের আগে ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছিলো, ঢাকায় বিএনপির মহাসমাবেশের পরিণতি শাপলা চত্বরের চেয়েও ভয়াবহ হবে।
তারেক রহমান অভিযোগ করেন, ওবায়দুল কাদের তার সেই অগণতান্ত্রিক এবং বেআইনী হুমকি কার্যকর করেছিল। আইনশৃঙ্খলাবাহিনীর ইউনিফর্ম পরিহিত একটি মাফিয়া চক্রকে ব্যবহার করে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড বোমা হামলা চালিয়েছিলো। আওয়ামী অপশক্তি এখানেই থেমে থাকেনি। বিএনপিকে ফাঁসানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল। নির্মমভাবে পিটিয়ে পুলিশ হত্যা করেছিল। এভাবে একটি উদ্দেশমূলক পরিস্থিতি সৃষ্টি করে উল্টো বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি-গ্রেফতার অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের আগাম কথায় আরো আশংকা বেড়েছে আওয়ামী লীগের গুপ্তবাহিনী নিজেরাই নিজেদের 'নৌকা-লাঙ্গল-পাগল-ঈগল' প্রার্থীদেরকে হত্যা বা গুপ্তহত্যার পথও বেঁচে নিতে পারে। সুতরাং, গণতন্ত্রকামী জনগণের প্রতি আহবান, আপনারা সতর্ক থাকুন। সজাগ থাকুন। সম্ভব হলে আওয়ামী অপকর্মের সাক্ষ-প্রমান রেকর্ড করে রাখুন।
সম্প্রতি আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সূত্রে তিনি বলেন, দেশে কাদের রাজনীতি করার অধিকার রয়েছে কারা রাজনীতি করবে কিংবা করবেনা এটি কোনো ফ্যাসিস্ট, ভোট ডাকাত, সন্ত্রাসী, জালিম দুর্নীতিবাজ শাসকের ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর করেনা। এটা নির্ভর করবে জনগণের ইচ্ছা-অনিচ্ছার উপর। জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কে রাজনীতি করবে আর কি রাজনীতি চলবে।
তিনি বলেন, ১৯৭৫ সালে নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করার পর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বদান্যতায়দেশে পুনরায় স্বনামে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন সেই ইতিহাস স্মরণ করুন। মনে রাখবেন বন্দুকের জোরে নয়, শত জুলুম নির্যাতনের পর বিএনপি টিকে আছে সারাদেশের কোটি কোটি জনগণের সমর্থনে। বিএনপি কারো করুনার উপর নির্ভর করে রাজনীতি করেনা। বিএনপি বাংলাদেশের দল। বিএনপি জনগণের ভালোবাসায় ধন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দল।
