Logo
Logo
×

রাজনীতি

আদালতকে জনগণের সামনে দিগম্বর করেছে সরকার

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ এএম

আদালতকে জনগণের সামনে দিগম্বর করেছে সরকার

দেশি-বিদেশী চাপে থাকা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্ধীতাপূর্ণ করা এবং ভোট কেন্দ্রে ভোটার আনা। ভোট প্রতিদ্বন্ধীতাপূর্ণ করতে সরকার নিজের দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। পাশাপাশি সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ভাষ্যমতে কিছু  নেতাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড় করিয়েছে। এরপরও নির্বাচনের দিন ভোটার আসবে কি না তা নিয়ে রয়েছে নানা শঙ্কায়। এ অবস্থায় তৃণমূল বিএনপি নেতাদের নানা প্রলোভন দেখাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। খোদ বিএনপি নেতাদের জামিন করাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জামিন করিয়েছেন বরগুনার বিএনপি নেতা মতিউর রহমান রাজাকে। আগুন সন্ত্রাসী অ্যাখা দেওয়া বিএনপির ভাইস চেয়ারমান শাহজাহান ওমরকে জামিন ও মুক্তি দিয়েছে একই দিনে।

এসব বিষয়ে বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশ এখন এক ব্যক্তি ইচ্ছায় চলে। তিনি চাইলে কাউকে আগুন সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে। আবার তাকেই জামিন দিয়ে মুক্ত করে ফেরেশতা বানিয়ে দিচ্ছেন। আদালতকে যে সরকারের ইচ্ছায় চলে এসব ঘটনা তার বড় প্রমাণ। সরকার আইন-শৃক্সখলা বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশনকে নিজেদের দলীয় অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করেছে। মোদ্দা কথা আদালতকে জনগণের সামনে দিগম্বর করে দিয়েছে সরকার।’

খোঁজ নিয়ে জানা গেছে, ভোটার আনার কৌশল হিসেবে তৃণমূল বিএনপি নেতাদের হামলা-মামলা থেকে রেহাই দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। এ জন্য আওয়ামী লীগের পদ-পদবিতে না থাকা নেতাদের কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। যাতে বিএনপি সমর্থকদের কাছে ভোট চাওয়া সহজ হয়। এমন আশ্বাসে কেউ কেউ সাড়া দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 

রাজপথের বড় দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ১৬টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। এসব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও সংসদ নির্বাচনে দলটির ভোটারদের ভোট পেতে চায় আওয়ামী লীগ। বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে আনতে প্রচারণায় নানারকম কৌশল যোগ করেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র ও নৌকার প্রার্থীরা।

গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার বরগুনায় নাশকতার চেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজার জামিন মঞ্জুর করেছেন আদালত। রাজার পক্ষে আদালতে জামিন আবেদন করেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রাজার জামিন আবেদনের শুনানি শেষে বিচারক রাসেল মজুমদার জামিন মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 
আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মতিউর রহমান রাজাকে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জিম্মায় পরবর্তী ধার্য তারিখ জানুয়ারির ১০ ও ২৯ তারিখ পর্যন্ত পৃথক দুটি মামলায় জামিন দেওয়া হয়েছে। এ সময় রাজার পক্ষে জামিন শুনানিতে শম্ভুর ছেলে সুনাম দেবনাথ ও আইনজীবী তানজিবুল ইসলাম সুজন অংশ নিলেও অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অংশগ্রহণ করেননি।

মতিউর রহমান রাজা বরগুনা জেলা বিএনপির (হালিম–নজরুল কমিটি) কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থীও ছিলেন তিনি। তিনি সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। 

এর আগে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য দেন বদরখালী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মতিউর রহমান রাজা। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান। এছাড়া তার ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেওয়া না হলে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেবেন বলেও জানান তিনি।

নাশকতা মামলায় পলাতক আসামি ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার পরপরই বিভিন্ন মহলে আলোচনায় আসেন। এরপর তাকে গ্রেপ্তার করতে তৎপর হয় পুলিশ। গত ২৫ ডিসেম্বর দুপুর ২টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওলকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা করে। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়।

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের আগের দিন ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউ মার্কেট থানাধীন গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক মামলাটি করেন। পরে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ৪ অক্টোবর ভোরে রাজধানীর একটি বাসা থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

গত ৫ নভেম্বর সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। পরে গত ২৯ নভেম্বর শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিনের আবেদন মঞ্জুর করেন। একইদিন কাশিমপুর কারাগার থেকে জামিন পান তিনি। 

পরেরদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বলে সাংবাদিকদের জানান। 

শাহজাহান ওমরের জামিন ও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গণে ব্যাপক তোলপাড় তৈরি করে। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃক্সখলা ভঙ্গ করায় শাহজাহান ওমরকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’ পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘তিনি শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন।’

শাহজাহান ওমরের জামিন ও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি করলে হয় আগুন সন্ত্রাসী আর আওয়ামী লীগে যোগ দিলে হয়ে যায় ফেরেশতা।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন