Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনী প্রচারে আগ্রহ নেই জি এম কাদেরের

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

নির্বাচনী প্রচারে আগ্রহ নেই জি এম কাদেরের

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে জাতীয় সংসদের বিরোধী দল হওয়ার ইচ্ছা ব্যক্ত করা জাতীয় পার্টির। খোদ দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ (জিএম) কাদের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর এক সপ্তাহ পর গত ২৩ ডিসেম্বর নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। এরপর শনিবার আবার নির্বাচনী প্রচারণা চালাতে গেছেন রংপুরে। আওয়ামী লীগের প্রার্থী না থাকায় নির্বাচন নিয়ে তেমন দুশ্চিন্তায় নেই তার। 
  
জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এক বিভাগ থেকে অন্য বিভাগে যাচ্ছেন। কিন্তু আমাদের চেয়ারম্যান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দেরিতে। তারপর আবার বিভিন্ন বিভাগ কিংবা জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের পক্ষ থেকে আবদার করা হলেও তিনি যাচ্ছেন না। রংপুরে যাওয়ার পথে যেসব জেলা পড়ে সেসব জেলায় নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন চেয়ারম্যান। কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন না। সরাসরি রংপুরে চলে যাচ্ছেন। এ কারণে বিভিন্ন আসনের প্রার্থীরা নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রচারণা চালাচ্ছেন। সর্বশেষ গত ২৩ ডিসেম্বর জি এম কাদের  রংপুরে গিয়েছিলেন। এরপর এক সপ্তাহ পর আবার শনিবার গেছেন। আগামীকাল নির্বাচনী প্রচারণা চালাবেন তিনি।

এদিকে কাকরাইলে দলটির কার্যালয়ে গিয়ে দেখা যায় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী থাকলেও কার্যালয়ের সামনে নির্বাচনী কোনো আমেজ নেই। নেতাকর্মীদের আনাগোনা নেই। কার্যালয়ের সামনে সুনসান নিরবতা। 

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমাদের তৃণমূল নেতারা নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলেন। কিন্তু সরকারের চাপে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর জন্য নির্বাচনে রয়েছি নামমাত্র। তাই প্রচার-প্রচারণায় আগ্রহ নেই। সরকারের পক্ষ থেকে ২৬টি আসনে ছাড় দেওয়া হয়েছে সেই ২৬টি আসনের প্রার্থীরা নিজেদের মতোন করে প্রচার প্রচারণা চালাচ্ছেন।’
গত ১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়। এর আগে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনা সিলেট থেকে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি যান খুলনায় ও বরিশালে। এরপর গোপালগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন। এদিকে প্রচার-প্রচারণা শুরুর পর থেকে সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনী প্রচারণা শুরু না করায় রাজনৈতিক অঙ্গণে নানা সমালোচনা ও গুঞ্জনশুরু হয়। প্রচারণা শুরুর এক সপ্তাহ পর গত ২৩ ডিসেম্বর নির্বাচনের প্রচারণা শুরু করতে রংপুর যান তিনি। শুক্রবার ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন জি এম কাদের। 

যদিও জি এম কাদের প্রথমে আকাশপথে রংপুর যেতে চেয়েছিলেন। তার আগেরদিন গত বৃহস্পতিবার তার রংপুর যাত্রাকে সরকারি সফর উল্লেখ করে বিরোধী দলীয় উপনেতার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়। একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন জি এম কাদের। তার সফরের খরচ বহন করে সরকার। কিন্তু আচরণবিধি লংঘন করে আকাশপথে সরকারি পদমর্যাদা ব্যবহার করে রংপুর যাওয়ার সিদ্ধান্তে সমালোচনা শুরু হলে তিনি সড়কপথেই রংপুর রওনা দেন।

শনিবার সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মা-বাবা ও মাওলানা কেরামত আলী জৈনপুরী (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত রংপুর-৩ সদর আসনের নির্বাচনী কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় জি এম কাদের এমপি বলেন, ‘দলের অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং সুষ্ঠু ভোটের আশ্বাস পেয়ে জাতীয় পার্টি এবারের নির্বাচনে অংশ নিয়েছে। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। ১৭ নভেম্বর তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ঝিমিয়ে পড়েছে। নির্বাচন ঠেকানোর কোনো উপায় থাকবে না। মূলত জাতীয় সংসদে থেকে দেশ ও জাতির জন্য কথা বলা এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। এটা না করলে দলের ঐক্য ধরে রাখা যাবে না। তিনি বলেন, তবে আমরা সার্ব¶ণিক অবস্থা পর্যবেক্ষণ করবো। যদি কোনো অন্যথায় হয় তাহলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেয়া হবে।’

নির্বাচনের আগে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন জি এম কাদের। তৃণমূল নেতাকর্মীরা নির্বাচন বর্জনের অনুরোধ রাখেন দলের চেয়ারম্যানের কাছে। কিন্তু তৃণমূলের অনুরোধ প্রত্যাখান করে নির্বাচনে যায় দলটি। নির্বাচনী প্রচারে গিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা তুলে ধরে জিএম কাদের বলেন, ‘দলের ভেতর সবসময় একটা ‘অস্থিতিশীলতা’ ঢুকিয়ে রাখা হয়েছে। যদি তেমন কিছু করতে যাই দল ভেঙে যাবে। এজন্য আমরা স্বতন্ত্র অবস্থায় থেকে রাজনীতিকে এগিয়ে নিয়েছি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন