ভোট নিয়ে আওয়ামী লীগের মধ্যে সংঘাত বাড়ছে পরিবারের সঙ্গে সময় কাটান-ভোটারদের সতর্ক করলেন অলি আহমেদ
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ এএম
নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নেতাকর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ভাষ্যমতে আগামী ৭ জানুয়ারির নির্বাচন ‘আমরা আর মামু’দের নির্বাচন। তারা নিজেরা নিজেরা সংঘর্ষে জড়াতে পারে নির্বাচনের দিন আর তার বলি হতে পারেন সাধারণ ভোটাররা। এই কারণে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে।
ইতিপূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাধারণ ভোটারদের উদ্দেশ্যে করে বলেছেন, ‘ভোটের দিন ভোট কেন্দ্রে না গিয়ে পরিবারকে সময় দিন। পরিবারের সঙ্গে সময় কাটান।’
এদিকে গতকাল বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ নির্বাচনের দিন জনগনকে ভোট কেন্দ্রে না যেতে আহ্বান জানিয়ে বলেন, ‘এ নির্বাচন ক্ষমতাসীনদের মৃত্যুর নির্বাচন। আপনাদের ছেলে-মেয়েদের মৃত্যুর নির্বাচন। তাই টাকার কাছে বিক্রি হবেন না। নির্বাচনের দিন ঘরে বসে থাকবেন।’
উল্লেখ্য গতকাল বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার মাঠে দুইপক্ষের সংঘর্ষে কৃষকলীগ নেতা মো. সিরাজ (৬০) নিহত হয়েছেন। সমাবেশ চলাকালে শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাঠের পিছন দিকে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং রিটানিং কর্মকর্তার বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া ড. শাম্মী আহম্মেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও প্রার্থী পঙ্কজ নাথ তখন মঞ্চে ছিলেন। এই দুই নেতার সমর্থকদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে।
নিহত সিরাজ আহমেদ হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মহব্বব আলীর ছেলে। তিনি ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক। সিরাজকে দুইপক্ষই তাদের লোক বলে দাবি করছে। মারামারিতে আহত আরও ২১ জনকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
