Logo
Logo
×

রাজনীতি

ডামি নির্বাচনের ডামাডোলে আত্মঘাতী আওয়ামী লীগ

Icon

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ এএম

ডামি নির্বাচনের ডামাডোলে আত্মঘাতী আওয়ামী লীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। এ অবস্থায় ৭ জানুয়ারির নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ নৌকার প্রার্থীর পাশাপাশি তাদের নেতাদের স্বতন্ত্র প্রার্থী করেছে। কিন্তু দলটির এমন সিদ্ধান্ত হয়েছে আত্মঘাতী। আজকে সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত র্প্রার্থী ও স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। 

নির্বাচন প্রতিদ্বন্ধিতাপূর্ণ করতে স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরায়নি আওয়ামী লীগ। এতে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন । বেড়েছে অভ্যন্তরীণ সংকট। নির্বাচনের প্রচার শুরুর পর থেকে প্রতিদিনই ঘটছে হামলা-সংঘর্ষের ঘটনা। এতে হতাহতও হচ্ছে অনেক।  কোথাও নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। আবার কোথাও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে নৌকার সমর্থকরা। আওয়ামী লীগের হাইকমান্ড থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হলেও বন্ধ হচ্ছে না হামলা-সংঘর্ষের ঘটনা। গত আট দিনে অর্ধশতাধিক সহিংসতার ঘটনায় অন্তত দুই শতাধিক আহত এবং তিনজন নিহত হয়েছেন। ফলে নির্বাচনী এসব সহিংসতায় তৃণমূলে মূলত মার খাচ্ছে আওয়ামী লীগই।

বিএনপি নেতারা বলছেন, সারাদেশে নিজেরা নিজেরা যে দ্বন্ধ-সংঘাতে জড়িয়ে পড়েছে তা আগামীদিনে বাড়বে। প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে হুমকি-ধামকি দিচ্ছেন। ইতিমধ্যে তিনজনের প্রাণ গেছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে সংঘর্ষের ঘটনা বাড়বে। নিজেরা নিজেরা সংঘর্ষে জড়ালেও ভুক্তভোগী হবেন সাধারণ মানুষও। এছাড়া নির্বাচনের দিন ভোটগ্রহণ বাড়াতে মানে ভোটার টানতে এলাকায় এলাকায় দরিদ্র মানুষের নামে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে কার্ডগুলো রয়েছে তা নানান কৌশলে আওয়ামী লীগের প্রার্থীরা নিয়ে নিচ্ছেন। বলছেন ভোট না দিলে ফেরত দেওয়া হবে না। আবার হুমকি দেওয়া হচ্ছে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার। খোদ প্রধানমন্ত্রী নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে যে উদ্যোগ নিয়েছেন তাতে সারাদেশে আওয়ামী লীগের ঘরে ঘরে আগুন লাগবে। সেই আগুনে তারা নিজেরাই পুড়ে মরবেন। মাঝখান থেকে সাধারণ মানুষদেরও ভোগাবেন।  

গত ২৪ ডিসেম্বর মাদারীপুর-৩ আসনে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন এসকেন্দার খাঁ (৭০)। তিনি কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালি এলাকার মৃত আমির হোসেন খাঁর ছেলে এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে, এসকেন্দার খাঁসহ কয়েক জন ভোরে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন। এ সময় নৌকার প্রার্থীর কর্মী ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর সমর্থকেরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পায়ের রগও কেটে দেওয়া হয়। এতে বাধা দিলে আরেকজনকে কোপানো হয়। আহত দুইজনকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এসকেন্দারের মৃত্যু হয়।

মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তিনি বর্তমান সংসদ সদস্য। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম। মৃত এসকেন্দার তাহমিনা বেগমের কর্মী বলে জানা গেছে। তবে হামলার অভিযোগের বিষয়ে আবদুস সোবহানের কর্মী ফজলুল হক ব্যাপারী সাংবাদিকদের বলেন, ‘এসকেন্দারের সঙ্গে তার চাচাতো ভাইদের জমিজমার বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তিনি বা নৌকার প্রার্থী কেউ জড়িত নন।

পুলিশও বলছে, হামলার ঘটনা ঘটেছে জমিজমার বিরোধ থেকে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘এরপরও ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।’

অবশ্য নিহত ব্যক্তির ছেলে মিলন খাঁ এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম দাবি করেছেন, নির্বাচনী বিরোধ থেকেই তাকে হত্যা করা হয়। মিলন জানিয়েছেন, ‘আমার বাবা ঈগল মার্কার (তাহমিনা বেগমের প্রতীক) কর্মী ছিলেন। মিছিলে গিয়েছিলেন। তাই নৌকার প্রার্থীর লোকেরা তাকে হত্যা করেছে।’ এসকেন্দার খাঁকে হত্যার ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঈগল ও নৌকার সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

গত ১৯ ডিসেম্বর ময়মনসিংহ সদর উপজেলায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হকের নির্বাচনের প্রচার কেন্দ্র স্থাপন করা নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে রফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হন। পুলিশ ঘটনাটিকে পারিবারিক বিরোধ হিসেবে দাবি করলেও স্থানীয় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সাংবাদিকদের জানিয়েছেন, প্রার্থীর জন্য একটি প্রচার কেন্দ্র বানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে মারা যান রফিকুল।

গত ১২ ডিসেম্বর পিরোজপুর-১ সংসদীয় আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শ ম রেজাউল করিম ও দলটির স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বতন্ত্র প্রার্থী আউয়ালের সমর্থক লালন ফকির (২৭)। এই ঘটনায় প্রতিপক্ষ রেজাউল করিমকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল।

উঠে আসছে রাতের ভোটের প্রসঙ্গ : সম্প্রতি মহেশখালী আওয়ামী লীগের এক নেতার বক্তব্য সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে মহেশখালী আওয়ামী লীগের নেতা আজিজুল হককে বলতে শোনা যায়, ‘২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের দিন রাত ১২টায় নেওয়া ভোটে কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক নির্বাচিত হয়েছেন।’ 

আশেক উল্লাহ গত দুইবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে আজিজুল হক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। কয়েক মাস আগে উপজেলার সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি এখনো। আজিজুল কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল মোস্তফার ছোট ভাই।

এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই ভিডিওতে আজিজুল হককে বলতে শোনা যায়, ‘আপনি (আশেক) প্রথমবার (দশম সংসদে) বিকাশে এমপি (সংসদ সদস্য) নির্বাচিত হয়েছেন; তখন ভোট দেওয়া লাগে নাই। এরপর দ্বিতীয়বার (একাদশ) যখন আপনি এমপি নির্বাচিত হয়েছেন, তখন ঠিক রাত ১২টা ১ মিনিটে আমাদের কাছে মেসেজ (বার্তা) আসে; স্ব স্ব কেন্দ্রে ৬০ পার্সেন্ট ভোট নিয়ে ফেলেন। আপনি (আশেক) সেইবারও রাত ১২টায় যে ভোট নেওয়া হয়েছিল, তা দিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।’

আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুরে সদরে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক খলিফার নেতৃত্বে হামলাকারীরা এ কে আজাদের ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক আব্দুর রহমান জনককে কুপিয়ে আহত করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অধীনে গ্রাসরুট কলেজের সামনে মামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য বলেন, ‘আমরা ও মামুরা মার্কা যে নির্বাচন সে নির্বাচন ঘিরে দ্বন্ধ চলছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তাদের মধ্যে দ্বন্ধ আরও প্রকট হবে। আদর্শ নির্বাচন না হলে যা হয় তাই হচ্ছে আর কি । ইতিমধ্যে তিনজন মারা গেছেন। তাদের নিজস্ব দ্বন্ধের খেসারত দিতে হচ্ছে জনগনকেও। বিশেষ করে দরিদ্র মানুষদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে কার্ডগুলো দেওয়া হয়েছে তা কৌশলে প্রার্থীদের লোকজন নিয়ে নিচ্ছেন ভোটের দিন ভোট দিতে বাধ্য করার জন্য। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’

বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন, ‘ আগামী নির্বাচন হচ্ছে নিজেরা নিজেরা। মানে নৌকার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী সবই দলের লোক। সব মিলিয়ে তারা সব এক পক্ষ। বিগত ১৪ বছর ধরে তারা জনগণের সম্পদ লুট করেছে। প্রার্থীরা হলফনামায় নিজেরাই যে আর্থিক সম্পত্তির কথা তুলে ধরেছেন তাতে স্পষ্ট হয়েছে তারা কিভাবে জনগণের সম্পদ লুট করেছে। আসলে আওয়ামী লীগ দেশে লুটেরা গ্রুপ তৈরি করেছে। এখন এলাকায় এলাকায় যা হচ্ছে তা মূল্যত নিজেদের ক্ষমতার দ্বন্ধ, লুটপাটের দ্বন্ধ। এতোদিন জনগনের ওপর নির্যাতন করেছে। এখন নিজেরা নিজেদের ওপর নির্যাতন চালাচ্ছে। এক কথা আওয়ামী লীগের ঘরে ঘরে এখন গৃহদাহ লেগেছে। এই আগুণে তারা নিজেরাই পুড়ে মরবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন