নির্বাচনের নামে প্রহসনমূলক খেলা বানচাল করতে জনগণের প্রতি আহ্বান বিএনপির
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ এএম
নির্বাচনের নামে আওয়ামী লীগ সরকারের ‘খেলা’র চেষ্টা নস্যাৎ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণকালে তিনি বলেন, ‘আমরা দেশের জনগণের কাছে আগামী নির্বাচন বর্জন করার জন্য আবেদন করছি, কারণ এই নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থী বাছাই করার সুযোগ নেই।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন একটি অবৈধ, দুর্নীতিবাজ ও লুটেরা সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা মাত্র। “আপনারা (জনগণ) তাদের (সরকার) 'না' বলুন। আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়ান এবং নির্বাচনের নামে এই খেলা বানচাল করুন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, ‘জনগণের সব অধিকার কেড়ে নেওয়া সরকার ডামি নির্বাচন এবং গণতন্ত্রের নামে প্রহসনমূলক খেলা চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করায় দেশের জনগণের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। যে নির্বাচনে সরকারবিরোধী কোনো প্রার্থী নেই সেখানে ভোট দেওয়ার কোনো গুরুত্ব ও সুযোগ নেই। সেজন্য দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই নির্বাচন বর্জন করবে।’
গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে যোগ দিতে এবং নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লড়াইয়ে জয়ী হওয়ার জন্য দেশবাসীকে আবারও আহ্বান জানান এই বিএনপি নেতা।
তিনি বলেন, আসুন গণতন্ত্রের সংগ্রামে জয়ী হই এবং এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করি যে বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।
দলের তিন দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির শেষ দিনে নজরুল জাতীয় প্রেস ক্লাবের সামনে পথচারীদের মধ্যে নির্বাচন বর্জনের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করেন।
একতরফা জাতীয় নির্বাচন বয়কটের পক্ষে জনসমর্থন আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও সমমনা বিরোধী দলের নেতারা।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে নজরুল বলেন, নির্বাচনের নামে একটি খেলার অংশ হিসেবে ক্ষমতাসীন দল বুধবার তাদের ইশতেহার ঘোষণা করেছে। ‘এতে অনেক লম্বা লম্বা কথা আছে। অথচ গতকালও (বুধবার) সারা বিশ্বের শহরের তালিকায় সবচেয়ে খারাপ বায়ুর মানের তালিকায় শীর্ষে ছিল ঢাকা শহর। এভাবেই তারা হয়ে উঠেছেন উন্নয়নের রোল মডেল।’
