‘ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার না আসার আশংকা করছেন। এ অবস্থায় কেন্দ্রে ভোটার আনতে তার লোকজন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’
মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের ডামি প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রচারনায় বলছেন, বিগত ১৫ বছর উন্নয়ন উন্নয়ন বলে তাদের নেতারা গলা ফাটিয়েছে। সব মিথ্যা। উন্নয়নের নামে নৌকার লোকেরা পকেটের উন্নয়ন করেছেন। যা হয়েছে সব লুটপাটের জন্য।’
তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারী ‘আমরা আর মামুদের’ একদলীয় ডামি নির্বাচন ঘিরে চলছে রীতিমত রঙ-তামাশা। পাশাপাশি নৌকা ভার্সেস ডামি প্রার্থীর কামড়া-কামড়ি, গোলাগুলি, খুনোখুনি, সংঘাত-সহিংসতায় জনপদগুলো বসবাস অযোগ্য হয়ে পড়েছে। ত্রাসের রাজত্ব কায়েম করেছে সর্বত্রই। সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কের মধ্যে।’
রিজভী বলেন, ‘বিরোধীদলহীন পূর্ব নির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই। শুধুমাত্র গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য অত্যাচার নিপীড়ন থেকে তাদের রেহায় নেই। সাধারন মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। ভোটের উৎসবের বদলে আতংক আর উৎকন্ঠা সর্বত্রই। তারা দেশটাকে যুদ্ধাবস্থায় নিয়ে যেতে চায়। সারাদেশে এখন আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অভয়রন্যে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে নামানো হয়েছে আমি আর ডামি’র ভোটরঙ্গে।’
ডামি প্রার্থী বলছে পাগলদের মার্কা নৌকা : তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন স্থানে আওয়ামী-ডামী মিছিল বের হচ্ছে। ভোট ডাকাতির মাস্টারমাইন্ড শেখ হাসিনা বলছেন এই নৌকা নুহ নবীর। আর তার ডামি পক্ষ বলছেন নৌকা পাগলদের মার্কা। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে স্বীকার করছেন যে, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছি।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আইয়ামে জাহেলিয়াতের মতো এক প্রার্থী আরেক প্রার্থীর কল্লা কেটে নেয়ার হুমকী দিচ্ছেন। আর দলদাস নির্বাচন কমিশন বসে বসে তামাশা দেখছে। সারাদেশে বন্দুক-দা-চাপাতির যুদ্ধ লেগেছে সেদিকে ইসির ভ্রুক্ষেপ নেই। তাদের কাজই হলো বিএনপিকে শায়েস্তা করার হুমকী দেয়া। ইসির কাছে নির্বাচন গৌণ। তারা চাচ্ছেন মেরে কেটে হুমকী ধামকী দিয়ে যে যেভাবে পারে ভোট কেন্দ্রে নাবালক-সাবালক-ভোটার-অভোটার জোগাড় করে লোকারণ্য দেখাও। এটাই গণভবনের নির্দেশ, শেখ হাসিনার উৎসবমুখর নির্বাচনী মডেল।’
