Logo
Logo
×

রাজনীতি

অসহযোগ আন্দোলনে প্রবাসীদের সঙ্গে চাইছে বিএনপি

Icon

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ এএম

অসহযোগ আন্দোলনে প্রবাসীদের সঙ্গে চাইছে বিএনপি

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদেরও সম্পৃক্ত করতে চাইছে বিএনপি। বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা কর্মীরা। বাংলাদেশীদের বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত লিফটলেট বিতরণ করা হচ্ছে। করা হচ্ছে মত বিনিময় সভা। 

দলটির সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রবাসী বিএনপি নেতারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। মঙ্গলবার একাধিক নেতার সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক প্রবাসী নেতা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘অসহযোগ আন্দোলন শুধু দেশে নয়, প্রবাসে বিএনপি নেতারা পালন করছে। বিগত দিনে তারা যেভাবে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন এখনও একইভাবে দায়িত্ব পালন করছেন। প্রবাসী বিএনপি নেতারা শুধু নিজ দেশে নয়, বাংলাদেশে তাদের নিজ জেলায় কাজ করছেন।’  

কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আমরা প্রবাসী নেতারা কানাডায় যেমন প্রচারণা চালাচ্ছি তেমনি দেশের আমাদের আত্মীয়স্বজন, পরিবার-পরিজনদের প্রতি আহ্বান জানাচ্ছি ভোট বর্জনের জন্য। ভোটের দিন ভোট কেন্দ্রে না গিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে বাসায় দিন কাটানোর অনুরোধ করছি।’

জার্মান বিএনপির নেতা আওলাদ হোসেন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি।’ 

এদিকে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অষ্ট্রেলিয়া, ইতালিসহ বিভিন্ন দেশে প্রবাসী বিএনপি নেতারা কাজ করছেন অসহযোগ আন্দোলন সফল করতে। এর অংশ হিসেবে সোমবার ইতালি বিএনপির  ভিচেন্সা বিএনপি শাখা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে। ভিচেন্সা বিএনপির সিনিয়র সহসভাপতি শিকদার মোহাম্মদ কায়েস ও ভিচেন্সা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তারের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন খন্দকার খবির, ইমরান খান, আব্দুল্লা আল মামুন, জাফর আহমেদ, জাহাঙ্গীর আলম, ইসমাইল মীর, আবু সায়েম, জুয়েল, মনির প্রমুখ।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন