Logo
Logo
×

রাজনীতি

আমরা ভোট ডাকাতি করেছি : আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল

Icon

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম

আমরা ভোট ডাকাতি করেছি : আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল

আওয়ামী লীগ নেতা রিটন বড়ুয়া। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় এক আওয়ামী লীগ নেতার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘আমরা ২০১৪ সালে ভোট ডাকাতি করেছি। এমনে এমনেই আসি নাই। ২০১৮ সালেও আমরা ভোট ডাকাতি করেছি।

এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটি কথা বলছেন―বহির্বিশ্ব চাপ দিচ্ছে। আমাদের একজনের গায়ের সঙ্গে আরেকজন না লেগে সোজা লাইন ধরে ভোট দিতে হবে। এটা বহির্বিশ্বকে দেখাতে হবে।’ বক্তব্য দেওয়া ওই নেতার নাম রিটন বড়ুয়া।


তিনি আওয়ামী লীগের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। গত রবিবার রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দিনার পাড়া এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে রিটন ওই বক্তব্য দেন। নির্বাচনী কার্যালয়টি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের। ২০১৪ ও ২০১৮ সালে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ‘ভোট ডাকাতি’ নিয়ে রিটন বড়ুয়ার ওই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, গত দুই নির্বাচনে রিটন বড়ুয়া দলীয় প্রার্থী নদভীর পক্ষে ছিলেন। এবার স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের পক্ষে কাজ করছেন।

রিটন মূলত, নদভীকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে গিয়ে ‘ভোট ডাকাতি’র কথা বলেছেন। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রিটন বড়ুয়া বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকার পক্ষে কিছু ভোট তো মেরে নিয়েছি। বক্তব্যে একটু উত্তেজিত হয়ে ভোট ডাকাতির কথা বলে ফেলেছি।’

রিটনের এমন বক্তব্যের বিষয়ে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘রিটনের বক্তব্যের সঙ্গে আমি একমত না। এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। দল কোনো অবস্থাতেই এই বক্তব্যের দায় নেবে না। বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাদের জানিয়েছি।’

গত দুই নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু, ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ভোট ডাকাতি বা নেওয়ার প্রশ্ন আসবে কেন?’

নদভী বলেন, ‘রিটন বড়ুয়া কেন এসব কথা বলছেন তা আমি বুঝতে পারছি না। এবার তিনি নৌকার বিপক্ষে কাজ করছেন। হয়তো কারো দ্বারা প্রভাবিত হয়ে আমাকে খাটো করার জন্য এসব কথা বলেছেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন