খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশ চেষ্টায় রিজভীর উদ্বেগ
খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশ চেষ্টায় রিজভীর উদ্বেগ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ইনসেটে অভিযুক্ত যুবক সুজন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশ চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বেগম জিয়ার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মত। তিনবারের প্রধানমন্ত্রীর কেবিনে অজ্ঞাতনামা যুবক প্রবেশের চেষ্টা অন্যন্ত রহস্যজনক। এ ঘটনা জনমনে সংশয় সৃষ্টি করেছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, সাবেক রাষ্ট্রপ্রধানের যুবকের প্রবেশ চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কি না সেটিই মানুষের মাঝে বিশাল প্রশ্ন। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।
