প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে পারস্পরিক প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা : বড়দিন উপলক্ষ্যে তারেক রহমান
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ এএম
বড়দিনের চেতনা আমাদের এমন একটি বিশ্ব গঠন করতে উদ্বুদ্ধ করুক যা ন্যায়বিচার, সহনশীলতা এবং বহুত্ববাদের উপর নির্মিত। আসুন সম্মিলিতভাবে শান্তি, সমৃদ্ধি এবং অধিকার ও স্বাধীনতার সার্বজনীন সুরক্ষার জন্য সচেষ্ট হই। খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীশুর জন্মদিন উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বানীতে এসব কথা বলেন।
বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, ন্যায়, ক্ষমা ও করুণার পথে পরিচালনা করতেই এই পৃথিবীতে শুভাগমণ ঘটে যীশুর। বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ।
সকল ধর্মের মর্মবাণী সম্প্রীতি, শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে মহামানবগণ মানুষকে সুনীতি, ন্যায্যতা ও সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন। মহান যীশুখৃষ্টও একইভাবে তাঁর অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।
তিনি বলেন, বড় দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে পারস্পরিক প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা। তাই খ্রীষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে।
"মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের সার্বিক কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা-বিদ্বেষ, সহিংসতা পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরণের অন্যায় অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া সকলের কর্তব্য। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব। আর তাহলেই স্রষ্টার সন্তষ্টি অর্জনে আমরা সক্ষম হবো।"
