জাতীয় পার্টির চাটুকারিতার নির্বাচনী প্রচারণা : সারা দেশে হাস্যরস
জাতীয় পার্টির চাটুকারিতার নির্বাচনী প্রচারণা : সারা দেশে হাস্যরস
শরিফুল ইসলাম
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
জাতীয় পার্টির চাটুকারিতার নির্বাচনী প্রচারণা : সারা দেশে হাস্যরস
সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ক্ষমতা লিপ্সুতা আলোচনায় ছিলো বরাবরই। ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে পরিচিত দলটির এবারের অজনসম্পৃক্ত নির্বাচনের প্রচার সারা দেশে নতুন করে হাস্যরস তৈরি করেছে। ‘‘ শেখ হাসিনার সালাম নিন, লাঙল মার্কায় ভোট দিন’’ শিরোনামে স্লোগান আর মাইকিং করে প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। এমনকি দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু তার নির্বাচনী পোস্টারে লিখেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কথা। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে জাতীয় পার্টির এমন সাজানো তামাশায় সারা দেশে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
মহাজোট বা ১৪ দলীয় কোন জোটেই না থেকেও দফায় দফায় ধরনা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে ২৬ আসন আগাম বাগিয়ে নিয়েছে জাতীয় পার্টি। এককভাবে নির্বাচন করার দাবি করলেও ছাড় পাওয়া অধিকাংশ আসনে লাঙ্গলের প্রার্থীরা নিজেদের ‘আওয়ামী লীগের সমর্থিত’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে তুলে ধরছেন। এদিকে লাঙ্গলের কয়েকজন প্রার্থী নিজেদের ‘মহাজোটের প্রার্থী’ হিসেবে প্রচার করায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা।
বিএনপিবিহীন দ্বাদশ সংসদ নির্বাচনে ‘সম্মানজনক’ আসন নিয়ে ফের সাজানো প্রধান বিরোধী দল হতে চায় জাপা। তা নিশ্চিতে আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় দেনদরবার করলেও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বারবার দাবি করছেন, আসন বাটোয়ারা নয়, নির্বাচনের পরিবেশ নিয়ে আলাপ হয়েছে। গত বৃহস্পতিবারও তিনি দাবি করেন, জাপা ভোটে জিতে সরকার গঠন করবে।
কিন্তু কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী মুজিবুল হক চুন্নুর নিজের পোস্টারেই লেখা হয়, তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সমালোচনার মুখে অবশ্য গত শুক্রবার পোস্টার সরিয়ে নেন জাপা মহাসচিব। একই কারণে শামীম হায়দার পাটোয়ারী ফেসবুক থেকে ‘আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী’ লেখা পোস্টার সরিয়ে ফেলেছেন। আর জাতীয় পার্টির এমন প্রকাশ্য চাটুকারিতায় বিব্রত খোদ আওয়ামী লীগের হাইকমান্ডও।
তবে জাপার অন্তত ১৫ প্রার্থী নিজেদের ‘আওয়ামী লীগ সমর্থিত’ অথবা ‘মহাজোটের প্রার্থী’ দাবি করেছেন বলে তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার পর্যন্ত নীলফামারী-৩ আসনে মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, পিরোজপুর-৩ আসনে মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ আসনে সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রেজাউল ইসলাম ভূঁইয়া, ফেনী-৩ আসনে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ পোস্টারে আওয়ামী লীগ সমর্থিত বা মহাজোটের প্রার্থী লিখেছেন। কেউ কেউ পোস্টারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। স্থানীয় এবং প্রার্থীদের ফেসবুক প্রোফাইলের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
শনিবার রংপুর-৩ আসনে নিজের নির্বাচনী প্রচারে নেমে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমাদের প্রার্থীরা অনেকেই ভুল করছেন। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল। আমরা আগে মহাজোটে ছিলাম, কিন্তু এখন আর নেই। এই নির্বাচন মহাজোটের নির্বাচন হচ্ছে না। আমরা আওয়ামী লীগের সঙ্গে সেই ধরনের কোনো চুক্তিও করিনি।’
জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে জোট বা চুক্তি নেই বলে দাবি করলেও, পাতানো নির্বাচনের খেলায় গোপনীয়তা রেখে চলতি মাসে চারবার ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে ৫০ আসনে ছাড় চেয়ে তালিকা দেন জাপার শীর্ষ নেতারা। তালিকা থেকে ২১টি আসন ছাড়ে আওয়ামী লীগ। এর বাইরে যেখানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী নন, এমন পাঁচটি আসন জাপাকে ছেড়ে দেয় ক্ষমতাসীনরা। এই ২৬ আসনে নৌকার প্রার্থী নেই।
আসগুলো হলো– ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩, নীলফামারী-৪, রংপুর-১, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, বগুড়া-২, বগুড়া-৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, নারায়ণগঞ্জ-৫, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ এবং চট্টগ্রাম-৮।
নৌকার প্রার্থী না থাকলেও ১৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত শক্তিশালী প্রার্থী রয়েছেন। দুটি আসনে জাপার বর্তমান দুই এমপি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আরও তিনটি আসনে ভোটের মাঠে দুর্বল জাপাকে ভাবনায় ফেলেছেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশের সমর্থন পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা। তাই ছাড় পাওয়া ২৬ আসনের অন্তত ১৮টিতে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে জাপার প্রার্থীদের। খালি মাঠ পেয়েও তাদের জয় নিশ্চিত নয়।
এ অবস্থা সৃষ্টি হতে পারে আশঙ্কায় জাপার চাওয়া ছিল– নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদেরও সরিয়ে নেওয়া হোক। কিন্তু বিএনপিবিহীন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে আওয়ামী লীগ এই শর্তে রাজি হয়নি। জাপা সূত্র জানিয়েছে, চাটুকারিতা আর ক্ষমতা লিপ্সার কারনে নিজস্ব ভোট ব্যাংক না থাকায় স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে জাপার জেতা কঠিন। তাই নৌকার ভোট পক্ষে টানতে নিজেদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে তুলে ধরেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। ভোটের প্রচারে আওয়ামী লীগ নেতাদের পাশে পেতেও এই কৌশল নেওয়া হয়েছে।
বছর দুয়েক ধরে সরকার ও নির্বাচনী ব্যবস্থার কড়া সমালোচনা করলেও ভোটে আছেন জি এম কাদের। জাপার প্রতি খোদ প্রধানমন্ত্রীও সন্দেহ প্রকাশ করেছিলেন। প্রত্যাশিত সংখ্যক আসনে ছাড় না পেলে নির্বাচন থেকে সরে যাওয়ারও হুমকি দিয়েছিল জাপা। তবে জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরের জন্য ঢাকা-১৮ আসন ছেড়ে দেওয়ার আধা ঘণ্টার মধ্যে নির্বাচনে থাকার ঘোষণা দেয় জাপা। যদিও দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ ছয়জন বর্তমান সংসদ সদস্য নিজ আসনে আওয়ামী লীগের ছাড় পাননি।
তপশিল ঘোষণার পর থেকেই সংবাদমাধ্যমে আসছিলেন না জি এম কাদের। গতকাল প্রথমবারের মতো ভোটের প্রচারে নেমে তিনি বলেছেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এতদিন ঢাকায় কথা বলিনি। আমরা ভাগবাটোয়ারার নির্বাচন করছি না। এটা কোনো মহাজোট হচ্ছে না। বিভিন্ন দলের ধারণা তৈরি হয়েছে, আমরা জোট করেছি।
২০১৩ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ছাড়ার ঘোষণা দেন জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। সে সময় শেখ হাসিনা সরকার প্রকাশ্য চাপ প্রয়োগ করেন আর তাতে এরশাদ গণমাধ্যমের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দেন। তার পর এরশাদকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে গলফ খেলার সুযোগ করে দেয় আওয়ামী লীগ। তাকে একরকম গৃহবন্দি করে বহির্বিশ্বের কাছে অংশগ্রহণমূলক নির্বাচন দেখিয়ে বৈতরণী পার করে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতা ও চাপ প্রয়োগ এবং অর্থ ও ক্ষমতার লোভে ২০১৪ এবং ২০১৮ সালেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করে জাপা। মহাজোট না থাকলেও জাপার প্রার্থীরা এবারও নিজেদের মহাজোটের প্রার্থী বলে দাবি করছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। কিশোরগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম কবীর ভূঁইয়া জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।
