আর কোনো বিরোধী দল থাকবে না: শাহজাহান ওমর
আর কোনো বিরোধী দল থাকবে না: শাহজাহান ওমর
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ এএম
আর কোনো বিরোধী দল থাকবে না: শাহজাহান ওমর
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) নৌকার প্রার্থী হওয়া মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, আমি যখন আওয়ামী লীগে জয়েন করেছি, তখন বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল থাকবে না।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজাপুর কানুদাসকাঠী ইসলামি কমপ্লেক্স মাঠে সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহজাহান ওমর বলেন, ‘সামনে নির্বাচন হবে। তবে বিরোধী দল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে। তবে এই অঞ্চলে বিরোধী দল থাকার কথা না, যেহেতু আমি এই দলে যোগদান করেছি।’
ঝালকাঠি-১ আসনে নৌকার আলোচিত এই সংসদ সদস্য প্রার্থী বলেন, ‘শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে নৌকা দিয়েছে। যারা আমার বর্তমান দলে না আসবে, তারা যদি দলের ও নেতাদের বিরুদ্ধে কটূক্তি করে, খারাপ কথা বলে, তাহলে তার ফলাফল মোটেই সুন্দর হবে না।’
শাহজাহান ওমর আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আরও বৃটিশ, ইউরোপ ও জাপানের গণতন্ত্র এক নয়। আমাদের দেশের ৯৯ শতাংশ মানুষ ব-কলম। গণতন্ত্র ওই দেশের জন্য প্রয়োজন যে দেশের মানুষ মোটামুটি শিক্ষিত। যে দেশের মানুষ রাতে না খেয়ে ঘুমায় না। যে দেশের মানুষ একটি ছাদের নিচে ঘুমায়, যেদেশের মানুষ পেপার-পত্রিকা পড়ে। পৃথিবীর সম্পর্কে যাদের একটা ধারণা আছে। তাদের জন্য গণতন্ত্র। আমার দেশে কিসের গণতন্ত্র। আমাদের দেশের গণতন্ত্র হবে এদেশের জনগণ যেটা অনুভব করে, যেটা তারা চায়। আমাদের দেশের লোক চায় সুখে শান্তিতে থাকতে।’
