Logo
Logo
×

রাজনীতি

বিচার বিভাগ স্বাধীন নয় তাই আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

Icon

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ এএম

বিচার বিভাগ স্বাধীন নয় তাই আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চার যাত্রীর নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির জেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে চারজন মারা গেছেন। এরমধ্যে একজন বিএনপির নেতা। মারা যাওয়া ব্যক্তি নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র সদস্য এবং গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, নিজের লোককে নিজে কেউ আঘাত করে না। এটা যে সরকারের একেবারেই একটি পরিকল্পিত ঘটনা, তা আবারও প্রমাণিত। মারা তো গেল মা-শিশু ও বিএনপির নেতা। অপরাধ করলে অপরাধের তো কিছু চিহ্ন রয়ে যায়। সেদিন বলেছি, বিচার বিভাগীয় তদন্ত করতে। কিন্তু বিচার বিভাগ তো সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। তাই এ ঘটনার আমরা জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্ত চাই।   

২ জনের মৃত্যু : বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘নওগাঁ জেলার পত্মীতলা উপজেলাধীন নজিরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিবুল মন্ডলকে বিনা কারণে গত ২৭ নভেম্বর গ্রেফতার করার পর পুলিশী নির্যাতনে এবং কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে অসুস্থ হয়ে গতকাল তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। আমি কারাকর্তৃপক্ষের এই ধরণের অবহেলায় ও বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া খুলনা জেলাধীন পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহিদুর  রহমান শহীদকে বিনা কারণে গ্রেফতার করে গায়েবী মামলায় আসামী করার খবর শুনে তার বৃদ্ধ পিতা মোঃ ইউনুচ আলী গাজী (৭০) গত বুধবার রাত ১০ টার সময় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।  আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় সারাদেশে বিএনপির ২৩৫ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হয়েছে ৯ টি, আসামী করা হয়েছে ৮৪৬ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত), আহত হয়েছে ৩০ জনের অধীক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ২জনের।’ 

লিফলেট বিতরণ : এর আগে সকালে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোডে লিফলেট বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের ভাষায় কথা বলছেন : লিফলেট বিতরণকালে রিজভী বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তা সন্ত্রাসীদের ভাষা।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না। রাষ্ট্রশক্তি ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা এবং জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর ও দালালে পরিণত হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন