Logo
Logo
×

রাজনীতি

স্ত্রীর জন্য শিউলি ফুল, বন্দি মির্জা ফখরুল

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ এএম

স্ত্রীর জন্য শিউলি ফুল, বন্দি মির্জা ফখরুল

প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার ভেতর মা-বাবার সঙ্গে কথা হয় তার। অস্ট্রেলিয়ায় তখন দুপুর থাকে। যাকে বলে লাঞ্চ আওয়ার। দুপুরের খাবার খেতে খেতে মা-বাবার শারীরিক অবস্থা আর দেশের খবর জানা নিয়মিত ঘটনা। কিন্তু ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টা বেজে গেলেও কোনো ফোন এল না দেশ থেকে। সেদিন অবশ্য তিনি ব্যস্ত ছিলেন। কিন্তু তাদের যোগাযোগের নিয়মটা এমন, তিনি ব্যস্ত থাকলও তার মা-বাবা ওই একই সময়ে তাকে ফোন দেন। সেদিন ফোন না আসায় তার দুশ্চিন্তা বাড়ল। তিনি বুঝে ফেলেন, যা ভেবেছিলেন সেটাই হয়েছে, বাবাকে নিশ্চয় গ্রেপ্তার করা হয়েছে। 

কথা হচ্ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জার সঙ্গে। দেশের রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটলেই তিনি বুঝে ফেলেন তার বাবাকে গ্রেপ্তার করা হবে। গত ১৫ বছরে এই কষ্টকর অভিজ্ঞতাকে আবশ্যিক মেনে নিয়েই চলছে তাদের সংসার। তবে এবারের পরিস্থিতি তাদের জন্যও ভিন্ন। 
বাংলা আউটলুককে শামারুহ মির্জা বেলেন, বাবা যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন, গত ১৫ বছরে এটাতে আমরা একরকম অভ্যস্ত হয়ে গেছি। আপনারা জানেন আমরা রাজনৈতিক পরিবার। আমার দাদাও রাজনীতি করেছেন। বাবা মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা আমরা তার কাছ থেকে শুনেছি। আমাদের পরিবারে সব দল ও মতের প্রতি সহনশীলতা রয়েছে। কিন্তু গত ১৫ বছর ধরে বাবাকে অনেকবার জেলে যেতে হয়েছে। যার সঙ্গে এর আগে আমাদের পরিচয় ছিল না। এরপর থেকে বাবা গ্রেপ্তার হয়ে জেলে থাকার সময়টাকেও আমরা মানিয়ে নিতে শুরু করি। কিন্তু এবার আমাদের পরিবারের জন্য পরিস্থিতি ভিন্ন। 

শামারুহ বলেন, আমার মায়ের অবস্থাও আগের মতো না। বাবা তো সব সময় রাজনীতি নিয়ে ছিলেন। মা-ই আমাদের দুই বোনকে মানুষ করেছেন। আবার বাবার সংকটে তার পাশেও দাঁড়িয়েছেন। অন্য সময় বাবা গ্রেপ্তার হলে আমাদের দুই বোনকে সাহস দিতেন মা। কিন্তু এবার মায়ের শারীরিক অবস্থা ভালো না। আগের সেই শক্তি যেন আর তিনি পাচ্ছেন না। বাবা বাসায় থাকলে মায়ের দেখা-শোনা করতেন। তাদের দীর্ঘদিনের সম্পর্ক। পারস্পরিক সাহচর্যে তারা নিজেদের অসুস্থতা থেকে সেরে উঠতেন। এবার মায়ের মন কিছুটা যেন নরম। এ সময়ে তার পাশে বাবার থাকাটা খুব জরুরি। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান তার স্ত্রী রাহাত আরা বেগমও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। এর আগেও এসব রোগে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা হয় তার। 

সেপ্টেম্বরে চিকিৎসা নিতে যাওয়ার আগে মির্জা ফখরুল সংবাদমাধ্যমকে বলেন, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি ম্যালিগন্যান্ট টিউমার অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরে র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। 

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ ডাকে। তবে সেদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই সমাবেশে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ, সাংবাদিক ও যুবদল কর্মীসহ তিনজন নিহত হন ওই দিন। পরদিন ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। কয়েক ঘণ্টা সেখানে রাখার পর তাকে বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতে তার জামিন চাওয়া হলেও তা নামঞ্জুর হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় হাসপাতালে কারাবন্দী। মির্জা ফখরুলের বিরুদ্ধে বর্তমান সরকারের সময়ে শতাধিক মামলা চলমান রয়েছে। 

মির্জা ফখরুল ইসলামের বড় মেয়ে শামারুহ মির্জা অস্ট্রেলিয়াপ্রবাসী চিকিৎসা বিজ্ঞানী। তিনি চলতি বছর দেশটিতে এসিটি লোকাল হিরো হিসেবে ভূষিত হন। অস্ট্রেলিয়ার সরকারি একটি প্রতিষ্ঠানে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন। 

যোগাযোগ করা হলে তিনি বাংলা আউটলুককে আরো বলেন, আমার বাবার বয়স ৭৬। শারীরিক বিবেচনায় তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় প্রথম দিনেই জামিন পাওয়ার কথা। আমরা পরিবারের পক্ষ থেকে দ্রুত তিনি জামিন পাবেন এ প্রতীক্ষায় আছি। 

মির্জা ফখরুল গ্রেপ্তার হওয়ার পর ফেসবুকে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের প্রথম সারির বুদ্ধিজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বিতর্কিত মামলায় সাজাভোগ করছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসনও দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডে অবস্থান করছেন। বিএনপির অভিযোগ, বিভিন্ন মামলায় বিতর্কিত রায় দিয়ে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না সরকার।

রাজনীতিক মহলের বক্তব্য, বিএনপির এ অবস্থায় কার্যত মাঠের নেতা মির্জা ফখরুল। তিনি এ বয়সে এবং শারীরিক অবস্থা নিয়েও ছুটে বেড়াচ্ছেন। সরাসরি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার নেতৃত্বে বিএনপি যে দশটি বিভাগীয় সমাবেশ করেছে তা বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব। এর পেছনে কাজ করেছে মির্জা ফখরুলের সৎ, অনমনীয় স্বভাব এবং তার বক্তব্য। তার কণ্ঠ শুনে যেন নেতাকর্মীরা গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে শামিল হতে না পারে, সে জন্য সরকার তাকে গ্রেপ্তার করে রেখেছে। 

তারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল আরেকটি বিরল চরিত্র। শুধু সততার জন্য নয় তিনি মিষ্টিভাষীও। সরকারবিরোধী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেও তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। প্রতিপক্ষকে কটাক্ষ করা, বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার নজির তার নাই। দলমত-নির্বিশেষে তিনি গ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি বিদ্রোহী।

শামারুহ মির্জার কাছ থেকেও জানা গেল ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা মির্জা ফখরুলকে শ্রদ্ধা করেন। এর আগে একবার তার জামিন চেয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের নেতারাও মানববন্ধন করেছিলেন। 

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ২০০১ এবং ২০১৮ সালের নির্বাচনী প্রচারে আমি ঠাকুরগাঁওয়ে বাবার সঙ্গে ছিলাম। আমার এখনো মনে আছে, সেখানকার ছাত্রলীগের এক বড় নেতার বাসায় আমি ধানের শীষের হয়ে ভোট চাইতে যাই। ওই বাড়ির নারীরা আমাকে ডেকে নিয়ে তাদের ঘরে বসান। তারা বলেন, আমার বাবাকে তারা খুব পছন্দ করেন। ওই এলাকায় গেলেই জানা যাবে আমার বাবাকে তারা কতটা পছন্দ করেন। 

একটি ঘটনার কথা উল্লেখ করেন শামারুহ। তিনি বাংলা আউটলুককে বলেন, একবার আমাদের বাসায় একটি টেবিল পরিষ্কার করার কাজ চলছিল। তখন সেখানে একটি চিঠি পাওয়া যায়। এক ব্যক্তি বাবাকে লিখেছিলেন সেই চিঠি। তার ব্রেন টিউমার হয়েছিল। বাবা তাকে চিকিৎসার জন্য কীভাবে সহযোগিতা করেছিলেন সেই ঘটনা চিঠিতে লেখা। কৃতজ্ঞতা জানিয়ে লিখেছিলেন ওই ব্যক্তি। এ ধরনের অসংখ্য ঘটনা আছে যার কিছুই আমরা জানি না। কাউকে সাহায্য করে বলে বেড়ানোর মতো লোক তিনি নন। এ কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা অন্যরকম।     

তিনি কেমন আছেন জানতে চাইলে শামারুহ বলেন, বাবা সব সময় হাসিখুশি থাকেন। ইতিবাচক মনোভাব থাকে তার। দেখা করতে গেলে মায়ের হাতে তিনি শিউলি ফুল তুলে দেন। বাবাকে যেখানে রাখা হয়েছে, শুনেছি সেখানে শিউলি ফুলের গাছ আছে একটা। সেখান থেকে শিউলি ফুল এনে মায়ের হাতে তুলে দেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন