Logo
Logo
×

রাজনীতি

বিএনপির কর্মসূচিতে এত মানুষ কোত্থেকে আসছে?

Icon

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

বিএনপির কর্মসূচিতে এত মানুষ কোত্থেকে আসছে?

ফাইল ছবি

বিএনপি আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারছে না। সরকার বিরোধী কর্মসূচিগুলোতে সাধারণ মানুষ আসছে না। এ ধরনের একটি প্রচারণা আছে। কিন্তু বিএনপির কর্মসূচিগুলোতে লাখো মানুষের উপস্থিতি বলে ভিন্ন কথা। লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, সরকারের ভয়ংকর চাপ, শীর্ষ  নেতাদের অধিকাংশ  জেলে থাকার পরও বিএনপির কর্মসূচিগুলোতে উপস্থিতি কখনো লাখের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‌্যালী তার উদাহরণ। বিশ্ব মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচি বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে সমাবেশে রূপ নেয়। বিজয় দিবসের র‌্যালীতে স্বল্প সময়ের ব্যবধানে লাখো মানুষ অংশ গ্রহণ করেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। 

উল্লেখ্য হামলা, মামলা, জেল, জুলুমে শিকার সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ঘর বাড়ি ছাড়া। গ্রেফতার এড়াতে বনে বাদাড়ে রাত কাটাচ্ছেন এসব নেতাকর্মীরা। আইন-শৃক্সখলা বাহিনীর সাড়াশি অভিযানের সময় নেতাকর্মীদের কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো বাবা-মাসহ যাকে পাচ্ছে তাকে নিয়ে যাচ্ছে। ঘরবাড়ি ভাংচুর করছে, লুট করছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্য যুক্ত হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুখোশধারী স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীদের হামলা থেকে কেউ রেহাই পাচ্ছে না। এরপরও রাজধানী ঢাকাসহ সারাদেশে যখনই কর্মসুচি দিচ্ছে বিএনপি সেখানে জেলা শহরে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। বিএনপি নেতারা বলছেন, শুধু নেতাকর্মীদের অংশগ্রহণেই নয়, সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচি সফল হচ্ছে। কারণ দেশের মানুষ ভালো নেই। তারা অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। তারা তাদের ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত সব অধিকার ফেরত চান। যেহেতু বিএনপি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছে তাই সুযোগ পেলেই তারা বিএনপির কর্মসূচিতে অংশ নেন। 

এ বিষয়ে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘বিজয় দিবসে র‌্যালী করার কর্মসূচি ছিলো পূর্ব ঘোষিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগের দিন রাত ১২টায় মৌখিক অনুমতি দেয়। বিজয় দিবসের দিন দুপুর ১২টায় মাইক লাগানোর অনুমতি দেওয়া হয়। এরপরও র‌্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মীসমর্থকদের উপস্থিতি প্রমাণ করে কর্মসূচি সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে। না হয় স্বল্প সময়ের ব্যবধানে এতো জন সমাগম অসম্ভব বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ ঢাকায় থাকেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে। তৃণমূলের নেতাকর্মীরাই বেশিরভাগ কর্মসূচিতে অংশ নেন। এর বাইরে সারাদেশের নেতাকর্মীরা ঘর-বাড়ী ছাড়া। অবস্থা এখন এমন যে দলের নেতাকর্মীদের তাদের স্বজনরাই তাদের বাসায় রাখতে পারছেন না আইন-শৃক্সখলা বাহিনীর সাড়াশি অভিযানের কারণে। তাদের কেউ কেউ ঢাকায় অবস্থান করছেন। তারাও কর্মসূচিতে অংশ নিচ্ছেন।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাইরে দেশের সাধারণ জনগণের ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপি যেহেতু জনগণের দাবি নিয়ে আন্দোলন করছে তাই জনগণ সুযোগ পেলেই দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের অংশগ্রহণ ছাড়া কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হতো না। বিশেষ করে গত ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মহাসমাবেশ হয় তাতে জন সমাগম কল্পনার বাইরে। আমাদের প্রত্যাশার চেয়ে বেশি মানুষের অংশগ্রহণ ছিলো সেদিনের সমাবেশে। তাই সরকার আইন-শৃক্সখলা বাহিনীর সদস্যদের দিয়ে কর্মসূচি পন্ড করে। প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন জায়গায় হামলা সরকারের লোকজনই করেছে বলে দেশের জনগণ মনে করে।

দলের কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাইরে পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ছে এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘ভাষা আন্দোলন বলেন, স্বাধীনতার যুদ্ধ বলেন কিংবা সর্বশেষ নব্বইয়ের  স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন বলেন সেসব আন্দোলনে ছাত্রদের পাশাপাশি শ্রমিক, পেশাজীবীরা অংশগ্রহণ করে সফলতা এনে দিয়েছে। তাই দলের এই দু:সময়ে বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইঞ্জিনিয়ারদের সংগঠন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), কৃষিবিদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরা এগিয়ে আসছেন।’

বিএনপি সমর্থক ইঞ্জিনিয়ারদের সংগঠন এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সারাদেশের অসংখ্য নেতাকর্মী কারাবন্দী। গত চার মাসে এক হাজারের বেশি নেতাদের সাজা দেওয়া হয়েছে। নেতাদের গ্রেফতারে আইন-শৃক্সখলা বাহিনী সাড়াশি অভিযান পরিচালনা করছে। এ অবস্থায় সব সময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া নেতারা সামনে আসতে পারছেন না। তাই আমরা যারা পেশাজীবী সংগঠন করি তারা এগিয়ে এসেছি। সাম্প্রতিক সময়ে অনেক কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে মাঠে থাকার।’

তিনি বলেন, ‘গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের মানববন্ধন কর্মসূচি ছিলো। মূলত খুন, গুমের শিকার নেতাকর্মীদের স্বজন এবং কারাবন্দী নেতাদের স্বজনদের অংশগ্রহণের জন্য এ কর্মসূচি ছিলো। কিন্তু সেদিন দেখা গেছে মানববন্ধন কর্মসূচি সমাবেশ রুপ নেয়। কারণ সারাদেশই আজ এক বিশাল কারাগার। দেশের জনগণ সেই কারাগারে বন্দী। এ অবস্থা থেকে মুক্তি পেতে যখনই বিএনপি কোনো কর্মসূচি দেয় তাতে অংশ নেন নেতাকর্মীসমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন