১০ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
ঢাকা, ১৮ ডিসেম্বর (ইউএনবি)- ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা শুনানি করতে ঢাকার সিএমএম আদালতের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এসব মামলায় তার জমিন আবেদন নিষ্পত্তি না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।
এর আগে গত বৃহস্পতিবার পৃথক ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
রিটে বলা হয়, ১০টির মধ্যে পল্টন থানার সাতটি এবং রমনা থানার তিনটি মামলার কথা উল্লেখ রয়েছে। মামলাগুলো ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন। এ রিট দায়েরের পর একটি মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।
রিটের পরে মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন বলেন, সিএমএম আদালতে বিচারাধীন ১০টি মামলায় মির্জা ফখরুল
ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়, যা ১২ ডিসেম্বর আদালত গ্রহণ করেননি।
এমতাবস্থায় জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে বলে জানান তিনি।
