নির্বাচনে আওয়ামী লীগের আসন ভাগাভাগি
অসস্তুষ্ট দলগুলোকে আন্দোলনে সম্পৃক্ত করতে চাইছে বিএনপি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ পিএম
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের গতিবিধির বিষয়ে খোঁজখবর রাখছে বিএনপি। গতকাল রবিবার এমনটা জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। তারা বলেন, নির্বাচন নাটিকার খোঁজখবর রাখার পাশাপাশি আসন ভাগাভাগিতে কারা কারা বঞ্চিত হচ্ছে তাদেরকে সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে যুক্ত করার কাজ করছেন দলটির নেতারা। একই সঙ্গে নির্বাচনের নামে সরকার যে রসিকতা করছে তা জাতির সামনে তুলে ধরবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। বিএনপি মনে করছে, সরকার নির্বাচনকে হাসি তামাশার বিষয়ে পরিণত করেছে। ৩০০ আসনের প্রার্থী করতে প্রকাশ্যে হালুয়া-রুটির ভাগাভাগির মতই ভাগাভাগি করছে।
বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন, ‘২০১৪ সালে নির্বাচন হয়েছে একতরফা ও ২০১৮ সালের নির্বাচন হয়েছে আগের রাতে। জনগণ বিগত দুইটি নির্বাচনে ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনেও তারা ভোট দিতে পারবেন না। কারণ কোন আসনে কে বিজয়ী হবেন তা গণভবন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। আগামী ৭ জানুয়ারী শুধু ঘোষণা করা হবে। সরকারের বশংবদ নির্বাচন কমিশন গণভবনের তালিকা ধরে বিজয়ীদের নাম ঘোষণা করবে। নির্লজ্জের মতো প্রকাশ্যে আসন ভাগাভাগি করা হচ্ছে পছন্দের লোকদের মধ্যে।’
গণতন্ত্র মঞ্চের শরিক রাজনৈতিক একটি দলের শীর্ষ নেতা বলেন, ‘রাজনৈতিক অঙ্গণে গুঞ্জন রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মাদ ইবরাহিমকে কিভাবে নির্বাচনে নিয়েছে তা দিন দিন স্পষ্ট হয়েছে। এদেরকে প্রলোভন নয় বরং সরকারের বিভিন্ন সংস্থা ব্ল্যাক মেইল করে ভয়-ভীতি দেখিয়ে নির্বাচনে নিয়েছে। আত্মসম্মানের ভয়ে তারা নির্বাচনে যেতে রাজী হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা শাহজাহান ওমরের বিরুদ্ধে গাড়ী পোড়ানোর মামলা দেওয়া হয়েছিলো। শুধু নির্বাচনে যেতে রাজী হওয়ায় তার মামলা উধাও হয়ে গেছে। এছাড়া সরকারের পাতানো নির্বাচনে গেলে বিএনপি নেতাদের এক রাতেই মুক্তি দেওয়া হতো বলে একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মামলা, সাজা দেওয়া ও মামলা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি যে সরকারের হাতে তথা এক বক্তির হাতে তার কথায় তা প্রমাণিত হয়েছে।’
নির্বাচনে ভোটারদের নিয়ে কারো চিন্তা নেই। বরং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা ছুটছেন গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সাংবাদিকদের জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাসদকে দিয়েছে তিনটি। কিন্তু এতে তারা সন্তুষ্ট নন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও শরিকের অন্যতম নেতা হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেছেন, ‘আমু যে প্রস্তাব করেছেন, সেটা প্রাথমিক প্রস্তাব, যা আমরা গ্রহণ করিনি। এটি পুনর্বিবেচনার জন্য নেত্রীর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছি।’
শরিকের অন্যতম এ নেতা বলেন, ‘আমরা মনে করি আসন বাড়ানো দরকার। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী তুলে নেয়াও দরকার।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একটা জরুরি বৈঠকের ভিত্তিতে চুড়ান্ত আলোচনা এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা বাঞ্ছনীয়। আমরা আবার তাই বলছি, আমুর প্রস্তাবটি প্রাথমিক প্রস্তাব, যা আবার পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছি।’
২০০৮ সাল থেকেই ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করে আসছে। সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনেও শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও জোটের শীর্ষ নেতারা নৌকা প্রতীকেই ভোট করার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। এরই মধ্যে গত ২৬ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসন ফাঁকা রেখে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ৭ জানুয়ারী দেশে একটা ডামি নির্বাচন হচ্ছে এমনটা উল্লেখ করে গত শনিবার বিএনপির বিজয় দিবসের র্যালী উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'ডামি নির্বাচনের জন্য সাড়ে ৭ লাখ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর লোক নিয়োগ দেওয়া হবে। ঘোষণা করে দিলেই হয় কোন আসনে কে নির্বাচিত হলো। এই খেলার কী দরকার? এত লোকের কষ্টের কী দরকার? যে দেশের মানুষ এত কষ্টে আছে, সাধারণ মানুষ দুই বেলা খেতে পারে না সেখানে ২ হাজার কোটি টাকা খরচ করে এই নির্বাচন করার কী অর্থ আছে? ঘোষণা করে দিলেই হয় অমুক এমপি, তমুক মন্ত্রী।'
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের নামে সরকার যে রসিকতা করছে তার জন্য আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করি নাই। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। প্রতিদ্বন্ধিতা পূর্ণ হবে। জনগণ যাকে পছন্দ করবে তারা নির্বাচিত হবে। আমরা সেই নির্বাচন আদায়ের জন্য লড়াই করছি। এই লড়াইয়ে আমাদের অনেক সাথী জীবন দিয়েছে, অনেকে কষ্ট করেছে এখনো করছে আমরা তাদের রক্তের সঙ্গে, কষ্টের সঙ্গে বেঈমানি করব না। এই লড়াই চলবে ততদিন পর্যন্ত যতদিন না জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়।’
নির্বাচনে আসন ভাগাভাগির বিষযে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সম্প্রতি বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে দুয়েকদিনের মধ্যে তাদের আসন ভাগাভাগি শেষ হবে। আসলে এটা তো ভাগাভাগির নির্বাচন। তারা নেতাদের ভাগিয়ে নিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। আর তাদের তথাকথিত জোটের মনঃক্ষুণ্ণ কিছু নেতাদের হালুয়া-রুটির অংশ দিচ্ছেন।’ তিনি বলেন, ‘তারা একটি নির্বাচনী ঘোষণা দেবেন ৭ জানুয়ারি, পাঠ করবে নির্বাচন কমিশন সেটারই প্রস্তুতি প্রায় সম্পন্ন, এটাই বলার চেষ্টা করেছেন ওবায়দুল কাদের সাহেব। এখানে জনসাধারণ কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর শেখ হাসিনার ইচ্ছা।’
রিজভী বলেন, ‘রাজনীতি ধ্বংসের পাশাপাশি দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দেশের অর্থনীতিবিদরা নিয়মিত দেশের অর্থনীতির বেহাল দশার কথা তুলে ধরছেন। গার্মেন্টস ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র, য্ক্তুরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ গার্মেন্টস বায়াররা পণ্য না নেওয়ার ঘোষণা দিচ্ছে। এরপরও দেশের অর্থনীতির কথা ভাবছে না সরকার। বরং সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতোন যেনতেন নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতা ধরে রাখতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, দেশ কোথায় যাচ্ছে, এর কোনো খেয়াল সরকার রাখতে চায় না।’
বিএনপি নেতারা বলেন, ‘প্রকাশ্যে দর কষাকষি করে আসন ভাগাভাগির একটা নির্বাচন নিয়ে প্রতিদিন রকমারী নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সর্বসাকুল্যে একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বেই আওয়ামী লীগ আর নৌকা, ‘আমরা আমরাই’ নির্বাচন করার জন্য দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছেন তারা। একতরফা নির্বাচন করতে গিয়ে বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের জেলে পুরে, বাড়ী-ঘর, দোকান-পাট, ব্যবসা-বানিজ্য, আয়-উপার্জন বন্ধ হয়ে এলাকা ছাড়া-ফেরারী জীবনে নিক্ষেপ করে, জনগণকে জিম্মী দশায় রেখেছে। শুধু তাই নয়, ৭ জানুয়ারী রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকার শ্রাদ্ধানুষ্ঠানের পাঁয়তারা চলছে।’
তারা বলেন, ‘পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে সরকার যে, পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়ি ছাড়া থাকায় তার প্রতিবন্ধী বোন খাবার না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে, যে করুণ দৃশ্য ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’
তারা আরও বলেন, ‘নির্বাচন নিয়ে জনগণের বিন্দুমাত্র আগ্রহ-উৎসাহ না থাকলেও গণভবন-আওয়ামী লীগের কার্যালয়ে ঢাক-ঢোল বাজানো হচ্ছে আর গলাবাজি করে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদরা গলা ফাটিয়ে ফেলছেন। আর জনপদগুলোতে নিজেরা নিজেরা মারামারি-খুনোখুনি, অস্ত্রের ঝনঝনানি, হুমকী ধামকীতে বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। মানুষ আর সহ্য করতে পারছে না। খুঁদকুঁড়ো পার্টি এবং বিভিন্ন দল থেকে অচ্ছুত লোকজন হায়ার করে নিয়ে কথিত নির্বাচনকে উত্তেজনা ও তথাকথিত প্রতিযোগিতাপূর্ণ করতে নিজেদের লোকদের জন্য অস্ত্র সংগ্রহ করে হাতে হাতে দিতে চান ওবায়দুল কাদেররা।’
