বিজয় দিবসের শোভাযাত্রা ও সমাবেশ, দুটোই করেছে বিএনপি। কিন্তু বিজয় দিবসে অন্যান্য বছরের মতো ঢাক-ঢোল, ঘোড়ার গাড়ি, সাউন্ড আর বাঁশির ভেপু নিয়ে আনন্দের সঙ্গে বিজয় র্যালীতে যোগ দেননি নেতাকর্মীরা। তার পরিবর্তে এবার নেতাকর্মীদের চোখেমুখে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা ক্ষোভ। এদিন তারা দেশের গণতন্ত্র আর ভোটাধিকার ফিরিয়ে আনার যেমন স্লোগান দিয়েছেন, তেমনি ‘একতরফা’ নির্বাচন আয়োজন বাতিলেরও দাবি জানিয়েছেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে। বাইরে যারা আছেন তারা হাজার হাজার মামলার খড়গ মাথায় নিয়ে ঘর ছাড়া। যারা প্রকাশ্যে আছেন তাদের বেশির ভাগেরই দিন কাটে আদালতের আঙিনায়। এ রকম অবস্থায়ও শোভাযাত্রা কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে যারা অংশ নিয়ে তাদের মধ্যে ছিল উদ্বেগ। একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন। এক তরফা নির্বাচন নিশ্চিত করতেই সরকার বিএনপি নেতা কর্মীদের দ্রুত সাজা দিচ্ছে বলে শোভাযায় আসা অনেকে নেতা কর্মী জানিয়েছেন। তবে যাই হোক শেষ পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে জানিয়েছেন।
শোভাযাত্রায় বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, তাইফুল ইসলাম টিপু, কাদের গণি চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল, বজলুল করিম চৌধুরী আবেদ, হাসান মামুন প্রমুখ। পেশাজীবীদের মধ্যে অংশ নেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক কামরুল আহসান, প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।
এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা
