Logo
Logo
×

রাজনীতি

একনায়কতান্ত্রিক আওয়ামী লীগ : গঠনতন্ত্রকে দেখানো হলো বৃদ্ধাঙ্গুলি

একনায়কতান্ত্রিক আওয়ামী লীগ : গঠনতন্ত্রকে দেখানো হলো বৃদ্ধাঙ্গুলি

Icon

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

একনায়কতান্ত্রিক আওয়ামী লীগ : গঠনতন্ত্রকে দেখানো হলো বৃদ্ধাঙ্গুলি

একনায়কতান্ত্রিক আওয়ামী লীগ : নির্বাচনে গঠনতন্ত্রকে দেখানো হলো বৃদ্ধাঙ্গুলি

সাজানো জাতীয় সংসদ নির্বাচনে চলছে ভাগ-বাটোয়ারা। আসন বন্টন নিয়ে দর কষাকষি এমনকি মনোমালিন্যও। এরই মধ্যে আওয়ামী লীগের সঙ্গে গাঁটছড়া বাধা নামকাওয়াস্তে দলের নেতারা নাখোশ হয়েছেন। আসন বন্টন তাদের মনঃপুত হয়নি বলে গোস্বা করে তা গণমাধ্যমকে বলেছেনও। তাদের আবদার আরও বেশি আসন সঙ্গে জয়ের নিশ্চয়তা পেতে বিনা প্রতিদ্বন্দিতা।

১৪ দলের পাশাপাশি আগামী সংসদের অঘোষিত লেজুড়বৃত্তিক বিরোধী দল জাতীয় পার্টি কত আসন নিয়ে বিরোধিতা করবে তা নিয়েও চলছে দর কষাকষি। ঠিক এমন মুহুর্তে  আলোচনায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। তাদের কারনে এরই মধ্যে আওয়ামী লীগের সাংগাঠনিক কাঠামো তছনছ হয়ে গেছে। নৌকার প্রার্থীদের সঙ্গে বিকল্প স্বতন্ত্র প্রার্থীদের প্রকাশ্য দ্বন্দে নিয়ন্ত্রণ হারিয়েছে দলের কেন্দ্রীয় কমান্ড। আর এতে মাঠের নেতারা দুষছেন খোদ দলের সভাপতি শেখ হাসিনাকেই। কারন তিনি দলের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে, কারও মতামত না নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে যাচ্ছেতাই সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন। এতে এরই মধ্যে দলের গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ নম্বর অনুচ্ছেদটি হলো প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা। এর (ঠ) অনুচ্ছেদে বলা হয়েছে ‘‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কেহ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হইলে দল হইতে সরাসরি বহিষ্কার হইবেন এবং যাহারা দলীয় প্রার্থীর বিরোধিতা করিবেন, তাহারা তদন্তসাপেক্ষ মূল দল বা সহযোগী সংগঠন হইতে বহিষ্কৃত হইবেন।’’ সে হিসেবে দলের গঠনতন্ত্র মানলে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া বাকি সব স্বতন্ত্র প্রার্থী আপনাআপনি দল থেকে বহিস্কৃত হওয়ার কথা। কিন্তু সভানেত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বার বার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, স্বতন্ত্র প্রার্থী থাকবে।

দলের সভাপতির একনায়কতান্ত্রিক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মূল ধারার ত্যাগী রাজনীতিকরা। তারা মনে করছেন, দলের গঠনতন্ত্র রেখে তাহলে লাভ কী, সব যদি এক জনের ইচ্ছা অনিচ্ছাতেই চলে। এমন হঠকারী সিদ্ধান্তে ভেঙে পড়েছে দলের চেইন অব কমান্ড।

এ প্রশ্নে আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, দলের প্রয়োজনে, দলের স্বার্থে, দেশের স্বার্থেই তো গঠনতন্ত্র। আওয়ামী লীগের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিচালিত হয় পরিচালনা করা হয়। আমরা দলের গঠনতন্ত্রের স্বার্থের পরিপন্থী এবং দেশের স্বার্থের পরিপন্থী কোনো কাজই তার অবস্থান থেকে কখনো করেনি এবারো সেটি করবে না।

তবে দলীয় সভাপতিকে খুশি রাখতে নেতারা যাই বলুন, নির্বাচনের আগে দলীয় ও দলের স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও ইতোমধ্যে ঘটেছে। শতাধিক আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে রয়েছেন দলের মনোনয়ন বঞ্চিত ২৬ এমপি, সদ্য পদত্যাগকৃত উপজেলা চেয়ারম্যান ও স্থানীয়ভাবে প্রভাবশালী নেতারা।

শুধু এরকম স্বতন্ত্র প্রার্থীই নয়। দলের মনোনয়ন বঞ্চিত বর্তমান ৭১ এমপির মধ্যে ২৬ জনই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে জেলা রিটার্নিং অফিসে যোগ্য ঘোষিত হয়েছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন, এরকম শতাধিক আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়লাভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন প্রভাবশালী নেতা ও মনোনয়ন বঞ্চিত এমপিরা।

দলের মনোনয়ন বঞ্চিত ৭১ এমপির মধ্যে ২৬ জন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও বঞ্চিত অন্যরাও নৌকার জয় ঠেকাতে কৌশলে অবস্থান নিয়েছেন। যদিও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বুধবার টাঙ্গাইলের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, 'নৌকার বাইরে যারা নির্বাচন করছে, আমার দৃষ্টিতে তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী।'

আওয়ামী লীগ গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৩৩৬২টি দলীয় মনোনয়ন বিক্রয় করে। ২৬ নভেম্বর যার মধ্যে থেকে ২৯৮ আসনে ৩০৪ জন প্রার্থী চূড়ান্ত করে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন ৭১ জন বর্তমান এমপি। দলীয় প্রার্থী ঘোষণার আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মনোনয়ন প্রত্যাশীর সাথে ২৬ নভেম্বর সকালে মতবিনিময় সভা করেন। ওই সভায় দলের যেকোনো নেতা 'ডামি' প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবে বলে নির্দেশনা দেন।

এরপরই বাদ পড়া ৭১ জন এমপির মধ্যে ২৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন নেয়। এছাড়াও দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে নির্বাচিত হওয়া ৫০ জন দলটির মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য ব্যর্থ হয়। পরবর্তীতে তারাও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে মনোনয়ন সংগ্রহ করে। প্রায় সাড়ে ৪০০ আওয়ামী লীগ নেতা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে মনোনয়ন নিয়েছিলেন। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নেয়া এসব প্রার্থীদের মধ্যে প্রায় আড়াইশ প্রার্থী নির্বাচনে যোগ্য বলে ঘোষিত হয়েছে জেলা রিটার্নিং অফিসে।

এমন বিভিন্ন আসনে দলের স্থানীয় প্রভাবশালীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের যোগ্য বলে ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিস। যারা এখন আওয়ামী লীগেরই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন