Logo
Logo
×

রাজনীতি

ভালো নেই খালেদা জিয়া

Icon

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ এএম

ভালো নেই খালেদা জিয়া

দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিজয় আনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো বন্দী অবস্থায় আছেন। সর্বশেষ ৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাাতলে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই আছেন। এর আগে এত সময় কখনো হাসপাতালে থাকেননি খালেদা জিয়া।

চিকিৎসকরা জানান, লিভার জটিলতার কারণে মাঝেমধ্যে তার শ্বাসকষ্ট হয়। এ জন্য কয়েক দফায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিতে হয়।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলা আউটলুককে বলেন, ‘ভালো নেই খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল। গত ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কেবিন থেকে সিসিইউ নেওয়া হয়। পৌনে দুই ঘণ্টা পর তাকে আবার কেবিনে নেওয়া হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসকের নেতৃত্বে গত ২৬ অক্টোবর খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়। ওই তিন চিকিৎসক হলেন যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন। অস্ত্রোপচারের ফলে লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সর্বশেষ গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর কয়েক দফায় খালেদা জিয়াকে সিসিইউতে নিতে হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘চেয়ারপারসনের উন্নত চিকিৎসা দরকার। সেটা এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা বারবার পরামর্শ দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। সে মোতাবেক পরিবার আবেদন করেছে সরকারের কাছে। কিন্তু সরকার বারবার তা নাকচ করে দিয়েছেন। এ অবস্থায় লিভার জটিলতায় বিভিন্ন সময়ে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে শ্বাসকষ্ট হচ্ছে। এ জন্য তাকে কেবিন থেকে সিসিইউতে নিতে হচ্ছে। এ ছাড়া লিভারে পানি জমছে।’

খালেদা জিয়ার পরিবার যা বলছে

খালেদা জিয়ার মেঝো বোনে সেলিমা ইসলাম বলেন, ‘আমার বোন মৃত্যুশয্যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হাসপাতালের চিকিৎসরা পরামর্শ দিয়েছেন। সে মোতাবেক আমরা সরকারের কাছে আবেদন করি। কিন্তু সরকার সে আবেদন নাকচ করে দেয়। অথচ সরকার চাইলেই তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে পারে। আমার বোন পায়ে হেঁটে কারাগারে গেলেন। বের হলেন হুইল চেয়ারে। কারা কর্তৃপক্ষ তাকে যথাযথ চিকিৎসা দেয়নি।’
বিদেশে চিকিৎসা

খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। সে আবেদনের বিষয়ে নেতিবাচক মতামত দেয় আইন মন্ত্রণালয়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, ফৌজদারি কার্যধারার ৪০১ এর একটি উপধারা অনুযায়ী দুটি শর্তে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছিলো সে আদেশও তারা বাতিল করবেন না।

তিনি বলেন, সরকারের যে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়া শর্তসাপেক্ষে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, সেই আদেশ বাতিল না করলে তার আপাতত জেলেও ফেরত যাওয়ার সুযোগ নেই।

আইন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন মন্ত্রণালয়ের এই নেতিবাচক সিদ্ধান্ত মানবতাবিরোধী ও বর্বর ইচ্ছে পূরণের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জনগণ এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এটি পূর্ব পরিকল্পিত ও গভীর নীলনকশার অংশ। এ অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করে বলেন, ‘আইন মন্ত্রণালয় এ বিষয়ে আইনটির সঠিক ব্যাখ্যা দেয়নি। বরং যে আইনে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছিল, সে আইনেই তাকে শর্তহীন মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার সুযোগ আছে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানান জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

জিয়া বিতর্কিত অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি  খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। সেদিন থেকে তিনি কারাবন্দী হন। ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন