Logo
Logo
×

অন্যান্য সংবাদ

নদীপথের মরণফাঁদ বেপরোয়া বাল্কহেড 

Icon

নাজমুল ইসলাম

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৮:২২ পিএম

নদীপথের মরণফাঁদ বেপরোয়া বাল্কহেড 

মাত্র কয়েক ঘণ্টা আগের মর্মান্তিক দুর্ঘটনার কথা স্মরণ করতে গিয়ে ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছিলেন মারিয়া ভুইয়া। ১৬ বছর বয়সী মারিয়া তার চাচার সঙ্গে মেঘনা নদীতে একটি ছোট ট্রলারে ছিলেন। ট্রলারটিতে তার চাচি ও তাদের ছোট দুই সন্তানও ছিল। 

মারিয়া জানায়, ‘বিকেলে নদীতে এটি ছিল একটি অবকাশযাপনের আয়োজন। আমরা জেটির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। হঠাৎ একটি বালুবোঝাই বাল্কহেড কার্গো সামনে চলে আসে এবং সেটি আমাদের নৌকাটিকে ধাক্কা দেয়। আমি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমার চোখের সামনেই পরিবারের অন্য সদস্যরা নদীতে ডুবে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা মারিয়ার চাচি ও তার এক কাজিনের মৃতদেহ উদ্ধার করেছে। কিন্তু তার চাচা, কাজিন এবং একজন পুলিশ কনস্টেবলকে এখনো খুঁজে পাননি তারা। 

শনিবার ভোরে বাল্কহেডের ধাক্কায় ২১ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারটির ৬ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক ওই দুর্ঘটনায় এখন পর্ন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত করা গেছে। বাকিরা সাঁতরে কূলে উঠতে পেরেছে।

গত ৫ বছরে এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই যাত্রীবাহী ট্রলার ও বাল্কহেডের মধ্যে এমন সংঘর্ষ ঘটে থাকে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন নদীতে এমন অন্তত ১৫টি দুর্ঘটনা ঘটেছে। যাতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।

এ বছরের জানুয়ারিতেই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি বাল্কহেডের নিরাপত্তা বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এগুলোকে স্থানীয়ভাবে তৈরিকৃত কুখ্যাত থ্রি-হুইলারের সঙ্গে তুলনা করেছেন।

ঘনঘন দুর্ঘটনায় দায়ী যারা

বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তীর্ণ নদীপথ রয়েছে। সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে দেশের এখনো অনেক উদ্বেগের বিষয় রয়েছে। নদীপথ একটি প্রাচীন ও ব্যয় সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা। কিন্তু ক্রমবর্ধমান এমন দুর্ঘটনা দেশের সমুদ্র পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি-না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বাংলাদেশের নৌ-বিভাগের তথ্যমতে, ১৯৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে নৌ-দুর্ঘটনায় ৩ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় নিখোঁজ হন আরো অন্তত ৫০০ মানুষ। আর এসবের দায়ে আটক করা হয় পাঁচ শতাধিক যাত্রীবাহী লঞ্চ। 

এ বিষয়ে জানতে চাইলে নৌ পরিবহন, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি মোহাম্মত শহীদ মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন ধরে নদীতে বাল্কহেড নিবন্ধন ও পর্যবেক্ষণের বিষয়ে আমরা কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছি। তবে সেগুলো সংশ্লিষ্টদের কানে পৌঁছায়নি।

মাত্র ছয় মাস আগেই এ ধরণের একটি দুর্ঘটনা সংঘটিত হয়। ওই সময় মেঘনা নদীতে একটি বাল্কহেড একটি যাত্রীবাহী নৌকাকে আঘাত করলে ৬ জনের মৃত্যু হয়। সে সময়ও সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

নদীপথে বেপরোয়া নৌযান চালানোকে দুর্ঘটনার জন্য অন্যতম কারণ হিসেবে আগেই সতর্ক করেছেন এ খাতের বিশেষজ্ঞরা। বেপরোয়া গতিতে নৌ পরিবহন চালানোর ফলে প্রতি বছর বাংলাদেশে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। আহত হচ্ছেন অনেকে। এ সব দুর্ঘটনার পেছনে অদক্ষ চালক, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং জাহাজ ও নৌপথ সেক্টরে সঠিক ব্যবস্থাপনার অভাবের কথা জোর দিয়ে বলছেন। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক্সিডেন্ট রিসার্চ ইন্সিটিটিউটের তথ্যে এর একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেটি হলো গত দেড় দশকে ২৬৪টি নৌ দুর্ঘটনা ঘটেছে। যাতে ১ হাজার ৪৩০ জনের মৃত্যু এবং ১৩৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার মূল কারণ ছিল সংঘর্ষ। যা মোট দুর্ঘটনার ৫৮ ভাগ (প্রায় ১৫৪টি)। অন্যান্য কারণের মধ্যে রয়েছে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন ও দুর্যোগ।

নৌযানের তদারকি নেই

অনিবন্ধিত ও চলাচল অযোগ্য নৌযানগুলোই এসব দুর্ঘটনার জন্য সবচেয়ে দায়ী বলে বাংলা আউটলুককে জানান বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সিটিটিউটের পরিচালক ড. হাদিউজ্জামান। তিনি বলেন, বিশেষ করে এসব বাল্কহেডগুলোই হলো নদীর নসিমন-করিমন। যেগুলোর খারাপ নকশার কারণে সড়কের দুর্ঘটনার জন্য কুখ্যাত। 

তার মতে, বাল্কহেড প্রায়ই তার ত্রুটিপূর্ণ নেভিগেশন হয়। যেগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। 

নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে এ ধরনের অনিবন্ধিত নৌযানের সংখ্যা অন্তত ১৫ হাজার। যদিও প্রকৃত সংখ্যা কমপক্ষে ৮৫ হাজার বলে ধারণা করা হয়।

প্রতিবেদন বলছে, নিরাপত্তা ঝুঁকিতে থাকা এমন ৭০ হাজার অনিবন্ধিত বাল্কহেডের মধ্যে অন্তত ৬ হাজারই এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।

সংসদীয় কমিটির ওই প্রতিবেদনের আরো তথ্য প্রকাশ করা হয়। সেটি হলো নিবন্ধিত ১৫ হাজার জাহাজের মধ্যে মাত্র ৮ হাজারটি বাধ্যতামূলক বার্ষিক ফিটনেস পরীক্ষায় অংশ নেয়। অবশিষ্ট ৭ হাজার জাহাজ চলাচলের অনুপযোগী হলেও অবাধে চলাচল করছে। 

প্রতিবেদনে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, এ প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও এসব অনিবন্ধিত এবং ঝুঁকিপূর্ণ জাহাজগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

বিষয়টি স্বীকার করে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, রাতের বেলা নৌ দুর্ঘটনার ক্ষেত্রে অবৈধ বালুবোঝাই বাল্কহেডগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। তবে সমস্যা সমাধানে বিআইডব্লিউটিএ কঠোর মনিটরিংয়ের পাশাপাশি আইন প্রয়োগে সক্রিয় রয়েছে।

বুয়েটের নেভাল আর্কিটেকচার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. জোবায়ের ইবনে আউয়াল সামুদ্রিক দুর্ঘটনার ওপর গত ১৩ বছর ধরে গবেষণা করেছেন। তার মতে, নৌ দুর্ঘটনার পরপরই এসব দোষারোপ করে সমস্যার সমাধান হবে না। 

তার মতে, যখন একটি সংঘর্ষ ঘটে, কর্তৃপক্ষের উচিত চালকের দৃষ্টিকোণ থেকে মূল কারণটি খুঁজে বের করা। সেটাকে অগ্রাধিকার দিয়ে উদ্যোগ নিলে এ ধরণের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে বলে মনে করেন এই গবেষক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন