প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ নেই। নেই তেমন জনসমর্থন ও সম্পৃক্ততা। ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত ব্যবসায়ীক কার্যালয় এবং বাসা-বাড়িতে বৈঠকের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে জামায়াতে ইসলামী।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে দলের ৮৮টি জেলা, ৪৫০টি থানা, ১০টি মহানগরের অধিকাংশ কার্যালয়ই তালাবদ্ধ। নতুন কর্মী সংগ্রহ অভিযান অব্যহতভাবে চলছে। তবে দলটির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নানা দিক বিবেচনা করে দলীয় নীতি-আদর্শের প্রতি নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের অনীহা জন্ম নিয়েছে। ফলে গত এক দশকের বেশি সময় ধরে কর্মী, সদস্য এবং সমর্থক সবই কমতে শুরু করেছে জামায়াতের।
এর সাথে দলটির একটি অংশ বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের সাবেক বেশ কিছু নেতা এবং আমলা ও ব্যবসায়ীরা বেরিয়ে গিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। এতেও বেশ ধাক্কা খেয়েছে জামায়াতে ইসলামী। এসবের প্রভাব পড়েছে দলের ইয়ানত বা তহবিলেও; যা কমেছে।
১৯৪১ সালে আবুল আলা মওদুদী প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীকে তাদের সাম্প্রদায়িক ভূমিকার জন্য খোদ পাকিস্তানেই ১৯৫৯ ও ১৯৬৪ সালে ২ দফা নিষিদ্ধ করা হয়। আর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ ও ২০১৮ সালে নিষিদ্ধ হয় জামায়াত।
মুক্তিযুদ্ধে দলটির ভূমিকার জন্য ক্ষমা চাইতে এবং এর গঠনতন্ত্রে সংস্কার আনতে দলের ব্যর্থতার বিষয়টি উল্লেখ করে ২০১৯ সালে জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ করেন। একই সময়ে দল ছাড়েন কয়েকজন প্রভাবশালী সাবেক আমলা, ছাত্র শিবিরের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বেশ কয়েকজন আইনজীবী।
এদিকে, শীর্ষ নেতাদের ফাঁসি, কারাদণ্ড এবং কারাগারে মৃত্যুতে কূটনৈতিকভাবে সবচেয়ে বেশি দূর্বল হয়ে পড়েছে জামায়াত। দলটির মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা ডেস্কের এখন যারা দায়িত্বে আছেন তারা অনেকেই এ কাজের জন্য যথেষ্ট পারদর্শী নন বলেও দলের অভ্যন্তরে অভিযোগ উঠেছে। কূটনৈতিক দূর্বলতায় মধ্যপ্রাচ্যে জামায়াতে ইসলামীর যে প্রভাব বা শক্তি ছিল, তাতে বেশ ভাটা পড়েছে বলে দলটির কয়েকজন মজলিশে শূরা সদস্য জানিয়েছেন।
জানা গেছে, দলটির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার প্রধান শর্ত হচ্ছে নিজস্ব আয় থেকে প্রতিমাসে একটি অংশ স্বেচ্ছায় দলের তহবিলে জমা দেওয়া। একটা সময়ে অন্তত ৫০ লাখ কর্মী, সমর্থক এবং সদস্য এই চাঁদা দিত। এখন সেই সংখ্যা ২০ লাখ কমে গেছে। কমেছে চাঁদার পরিমাণও।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অবশ্য মনে করেন, সরকারের জুলুম-নির্যাতনে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের সমর্থন বেড়েছে। তবে, নানান সংকটে দলের নেতাকর্মীরা প্রকাশ্য রাজনীতি করতে না পারায় মনে হচ্ছে জামায়াত হোঁচট খেয়েছে।
একটা সময় রাজশাহী, সাতক্ষীরা, সিলেটের একাংশ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় প্রভাব ছিল চোখে পড়ার মতো। সাংগঠনিকভাবেও এসব এলাকায় বেশ তৎপর ছিল দলটি। কিন্তু পরিস্থিতি পাল্টেছে। বদলে যাওয়া পরিস্থিতিতে এসব এলাকায় জামায়াত নতুন করে সাংগঠনিক বিস্তার ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শুধুমাত্র, পুরাতন জামায়াতে ইসলামীর নেতাদের পরিবারের সদস্যরা ছাড়া নতুন করে কাউকে যুক্ত করতে পারেনি দলে। আবার জামায়াতের অনেক নেতার সন্তান বা পরিবারের সদস্যরাও অন্য দলে চলে গেছে।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য হলো- এটি তাদের রাজনৈতিক কৌশল। অন্য দলেও জামায়াতের লোকজন আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা পাহাড়-সমতলের আদিবাসীদের মধ্যেও জামায়াত বিস্তৃত হয়েছে বলে বাংলা আউটলুককে দৃঢ়তার সাথে বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের নিবন্ধন বাতিল এবং ভোটের রাজনীতিতে জামায়াত সরাসরি অংশ নিতে না পারলেও ভিন্ন কৌশলে মাঠে আছে জামায়াত। এছাড়া শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে গেলেও আর কোনো প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সরকার। ইবনে সিনা ট্রাস্টসহ অন্তত ১০০ ট্রাস্ট আছে জামায়াতের। এর বাইরে, সবকটি জেলায় শিক্ষা, স্বাস্থ্য, বিমা, সমবায় সমিতির মতো কয়েক হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে পরোক্ষভাবে অর্থের জোগান আসে দলীয় কর্মকাণ্ডে। এর কোনোটির হিসেবই সরকার বা অন্য কারো কাছে নেই।
এসব প্রতিষ্ঠান দলীয়ভাবে পরিচালিত হয় না। দলের জেলা-উপজেলা বা কেন্দ্রীয় নেতারা দলীয় নেতাকর্মী দিয়েই পরিচালনা করেন। ফলে এসব প্রতিষ্ঠানের তথ্য জামায়াতে ইসলামীর বাইরে কারো কাছে পোঁছায় না। আর জামায়াতের লোকজন বাইরের কাউকে এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগও দেন না।
জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় তিন স্তরের কমিটি করেছে। ৪০০ সদস্যের মজলিশে শূরা কমিটি আছে। ৫৫ সদস্যের কর্মপরিষদ কমিটি আর ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ রয়েছে। এছাড়া জেলা, উপজেলা, মহানগর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গড়ে ৩০ সদস্যের কমিটি রয়েছে। মূলত রোকন সংখ্যার ওপর ভিত্তি করে কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ হয়। সেই হিসেবে কোনো কোনো ইউনিটে কমিটির সদস্য সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে। দীর্ঘ দিন ধরে কার্যালয় বন্ধ বা স্বভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারায় অনলাইন প্লাটফর্ম বা বাসা বাড়িতে বা ধর্মীয় প্রতিষ্ঠানেই সাংগঠনিক মিটিং পরিচালনা করতে হয় বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।
২০০৮ সালে জামায়াতের স্থায়ী সদস্য বা রুকনের সংখ্যা ছিল ২৩ হাজার ৮৬৩ জন। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেক প্রাপ্ত তথ্য মতে, দলটি নিজেদের কলেবর বড় দেখাতে এবং কর্মী ধরে রাখতে রুকন সদস্য সংখ্যা ৩ গুণ বাড়িয়ে ৭৩ হাজার ৪৬ জন দেখিয়েছে। তবে, একই সময়ে কর্মী সংখ্যা আগের ২ লাখ ২১ হাজার থেকে ৩ গুণ বেড়িয়ে ৬ লাখ ৩৯ হাজার করা হয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে দলটির বিতর্কিত ভূমিকার কারণে নিবন্ধন বাতিল হয়ে যায়। আর যুদ্ধাপরাধের দায়ে দলটির ৫ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড এবং সাজাপ্রাপ্ত আরও ৪ নেতা কারাগারে মারা যান। একইসঙ্গে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও ২ শীর্ষ নেতা সাজা ভোগ করছেন।
