Logo
Logo
×

অন্যান্য সংবাদ

মিয়ানমার পরিস্থিতি: অজিত দোভালের সফর নিয়ে প্রশ্ন, দিল্লিকে পরিস্থিতি সম্পর্কে জানাবে ঢাকা  

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

মিয়ানমার পরিস্থিতি: অজিত দোভালের সফর নিয়ে প্রশ্ন, দিল্লিকে পরিস্থিতি সম্পর্কে জানাবে ঢাকা  

মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে অনেকটা গোপণে ঢাকা সফর করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মোদি প্রশাসনের তিন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ শনিবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন তিনি। তার ওই সফর সম্পর্কে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। 

এদিকে সীমান্তে চলমান যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে ঢাকার পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে বান্দরবানের সীমান্ত দিয়ে জান্তা সৈন্যদের অনুপ্রবেশ ও ক্ষয়ক্ষতির তীব্র প্রতিবাদ জানানো হয়। 

মিয়ানমারে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের হামলায় সেখানকার অন্তত ৭০০ সেনা ভারত ও বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সূত্রগুলো বলছে, মূলত এই সঙ্কট নিয়েই ঢাকার সঙ্গে গোপণে বৈঠক করেন অজিত দোভাল। 

ভারত ও বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়,  যদিও জাতয়ি নিরাপত্তা উপদেষ্টার আকস্মিক ঢাকা সফরের কারণ প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে দুই দেশে পালিয়ে আসা জান্তা সৈন্যদের বিষয়ে দুই দেশ করণীয় ঠিক করতেই আলোচনা চালিয়ে যাচ্ছে। 

সূত্র জানিয়েছে, ‘আরাকান আর্মি এবং প্রতিরোধ যোদ্ধাদের কাছে পরাজিত হওয়ার পর গত নভেম্বর থেকে ৭০০ বেশি সেনা ভারতে প্রবেশ করেছে৷ তাদের মধ্যে প্রায় ৩০০ জন এই বছরের ১৭ জানুয়ারী ভারতে পাড়ি দেয়। 

কিছু সেনা মিজোরামের লংতাই জেলার বান্দুকবায় প্রবেশ করেছে। বেশিরভাগ সৈন্য সশস্ত্র ছিল এবং একটি সামরিক প্রতিষ্ঠানে আশ্রয় চেয়েছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে যে, সৈন্যরা দক্ষিণ চিন রাজ্যের ছিল। শান রাজ্যে গত বছরের ২৭শে অক্টোবর ব্রাদারহুড অ্যালায়েন্সের অপারেশনের পর থেকে জান্তা সৈন্যরা ধরাশায়ী হচ্ছে। তাদের মধ্যে অনেকেই রাখাইন রাজ্যে আত্মসমর্পণ করেছে- বলে একটি সামরিক সূত্র জানায়। 

এদিকে আরাকান আর্মির তীব্র লড়াই থেকে বাঁচতে রাখাইন রাজ্য থেকে এখন পর্যন্ত  দুই শতাধিক সেনা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানা গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কর্তৃপক্ষ বলছে, এসব সৈন্যদের নিরস্ত্র করে আশ্রয়, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। 

সীমান্তের ওপারে যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি নিয়ত বান্দরবানের বিভিন্ন সীমান্ত দিয়ে এসব সৈন্য বাংলাদেশ আসছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। 

এদিকে এসব সৈন্যরা বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় দুই দেশেরই উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে দাবি করছে বিভিন্ন সূত্র। হাসিনা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে সঙ্কট সমাধানে চীনের সহায়তা কামনা করা হয়েছে। 

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, উদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনি দিল্লির সঙ্গে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবারই নয়া দিল্লির উদ্দেশ্যে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। 

এর আগে মঙ্গলবার সকালে ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান ঘটনার বিষয়ে জানতে চেয়েছেন। পাশাপাশি তাদের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে- যা মোটেই গ্রহণযোগ্য নয় বলে রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি করা হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন