'খুফিয়া' সিনেমায় জামায়াত নেতা ব্রিগেডিয়ার সাকলাইন মির্জা ও র এজেন্ট হিনা
অনেকেই বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমাটি দেখেছেন। নেটফ্লিক্সে পাওয়া যায়। এই সিনেমা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে। বিশেষ করে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই সিনেমায় কাজ করেছেন বলে এটি বাংলাদেশে আলাদা পরিচিতি পেয়েছে।
বিশাল ভরদ্বাজ ভারতের নামী পরিচালক। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, ওথেলো ও হ্যামলেট অবলম্বনে তিনি ভারতীয় প্রেক্ষাপটে মকবুল, ওমকারা ও হায়দার বানিয়ে বোদ্ধা দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। বিশেষ করে, হায়দার সিনেমায় কাশ্মীর ইস্যু যেভাবে এনেছেন তা অনেককেই বিস্মিত করেছে। ছোটদের জন্য চমৎকার সব সিনেমাও তিনি বানিয়েছেন।
কিন্তু ‘খুফিয়া’ দর্শকদের হতাশ করেছে। এই সিনেমায় দক্ষ পরিচালক বিশাল ভরদ্বাজের দেখা মেলেনি। সবচেয়ে বড় কথা, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড এনাইলাইসিস উইং, সংক্ষেপে র নিয়ে কাজ করতে গিয়ে পরিচালক হিসেবে তার ক্রিটিক্যাল এনগেজমেন্ট একদমই দেখা যায়নি। এটা র এর একটা প্রচারচিত্রে পরিণত হয়েছে। সিনেমার অনেক ঘটনাই বলিউডের সিনেমার ঘটনা হিসেবেও অবিশ্বাস্য মনে হয়েছে। অথচ এই বলা হয়েছে, এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এটি অবশ্য ঠিক যে, এই সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
কেন?
সে কথায় পরে আসছি।
এই সিনেমা বিশাল ভরদ্বাজের ক্যারিয়ারে একটা কলঙ্ক হয়ে থাকবে। এমন এক সময়ে বিশাল এই সিনেমা তৈরি করেছেন যখন কানাডার মাটিতে ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের জন্য ভারত ও এর গোয়েন্দা বাহিনী র সারাবিশ্বে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে। নিজ্জর নিহত হয়েছেন ২০২৩ সালের ১৮ জুন, ‘খুফিয়া’ মুক্তি পেয়েছে এই বছরের ৫ অক্টোবর। আর ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির বিচার বিভাগ নিখিল গুপ্ত নামে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। যিনি কি না নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত শিখ নাগরিক ও খালিস্তান আন্দোলনের নেতা গুরপাতবন্ত সিং পান্নুমকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। নিখিল গুপ্তের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার যোগসাজশের কথাও যুক্তরাষ্ট্র বলেছে। বলাবাহুল্য, যুক্তরাষ্ট্র এই হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়েই সেটি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে।
বিশাল ভরদ্বাজের জন্য সবচেয়ে বড় বিপর্যয় হলো, তার নির্মিত ‘খুফিয়া’ মুক্তির আগে পরে এমন দুটি ঘটনা ঘটলো। নিজ্জর হত্যাকাণ্ডের রেশ যেতে না যেতেই খুফিয়া মুক্তি পেল। আর ‘খুফিয়া’ মুক্তির রেশ কাটতে না কাটতেই মার্কিন যুক্তরাষ্ট্রে র-এর একটি ব্যর্থ অভিযান ধরা পড়ে গেল।
আর ‘খুফিয়া’ তৈরি হয়েছে বিদেশের মাটিতে ভারতীয় স্বার্থ বিরোধীদের হত্যার জন্য র-এর কর্মকাণ্ড নিয়ে। বলা চলে এই কর্মকাণ্ডগুলোর যুক্তি খুঁজতে এবং এগুলোকে বৈধতা দিতে। সিনেমায় একটি হত্যাকাণ্ড ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। বিশাল ভরদ্বাজ শিখ নেতাকে হত্যার প্লটে সিনেমা বানালে তা আরও বিশ্বাসযোগ্য হতো। কিন্তু গল্পটা তৈরি হয়েছে বাংলাদেশের এক জামায়াতে ইসলামী নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এটাও অবশ্য বেশ বিশ্বাসযোগ্য। সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র’কে যথেষ্ট মানবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত র’এর লক্ষ্য একটাই ব্রিগেডিয়ার সাকলাইন মির্জাকে হত্যা করা। কিন্তু পুরো সিনেমাতেই র’এর সদস্যদের পারিবারিক জীবন, তাদের কাজ, তাদের মানবিক দিকগুলো এই অপারেশনের চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। ফলে, স্পাই থ্রিলারের টানটান ব্যাপারটি একদমই আসেনি। র’এর কার্যক্রম বেশ আনাড়ি মনে হয়েছে। তাদের সার্ভিলেন্স ব্যবস্থা প্রাচীন যুগে রয়েছে এমন দেখানোর চেষ্টা করা হয়েছে। কেন এটি করা হলো তা বোঝা গেল না। তবে এই দক্ষতা ও কারিগরি সাপোর্ট নিয়ে তারা যে দিব্যি মার্কিন গোয়েন্দা সংস্থাকে টেক্কা দিতে পেরেছে সেটিই অবাক করার বিষয়।
বিশাল ভরদ্বাজ একটি কাল্পনিক বাংলাদেশের কথা ভেবেছেন, যেখানে জামায়াতে ইসলামী ক্ষমতায়। ব্রিগেডিয়ার সাকলাইন মির্জা স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশী এক গোয়েন্দা সংস্থার একাউন্টেন্ট হিনা রেহমান আবার তার ঘনিষ্ট। সিনেমার ঘটনাবলীতে বোঝা যায়, দেশি গোয়েন্দা সংস্থাই তাকে হানিট্র্যাপ হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু হিনা ব্রিগেডিয়ার মির্জাকে পছন্দ করতো না। গোয়েন্দা সংস্থায় কাজ করার পরও এবং ব্রিগেডিয়ার মির্জার ঘনিষ্ট হওয়ার পরও হিনার আর্থিক অবস্থা শোচনীয়। বাড়িঘরের অবস্থা খারাপ। ক্যান্সার-আক্রান্ত বাবার চিকিৎসার টাকা জোগাড় করার ক্ষমতা পর্যন্ত তার নেই। তাই হিনা মির্জার গতিবিধির তথ্য নিয়ে বাংলাদেশে র’এর স্টেশন চিফ কৃষ্ণা মেহরার কাছে যায় র’এর এজেন্ট হওয়ার জন্য। পরে জানা যায়, হিনা আইএসআই’এরও এজেন্ট। তিন তিনটি গোয়েন্দা সংস্থায় কাজ করার পরও হিনার মানবেতর অবস্থায় সত্যি কষ্টে বুক ফেটে যায়। মজার ব্যাপার, এই হিনা আবার লেসবিয়ানও। তার সঙ্গে কৃষ্ণা মেহরার সম্পর্কও তৈরি হয়।
সিনেমায় হিনাকে কারা হানিট্র্যাপ হিসেবে মির্জার কাছে পাঠায় তা অস্পষ্ট রাখা হলেও এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হলেও কাজটি যে র করেছে তাতে সন্দেহ নেই। মির্জার ঘনিষ্ট হিনা তাকে হত্যা করতে একটি পার্টিতে বিষ মিশ্রিত পারফিউম উপহার হিসেবে নিয়ে যায়। সেখানে মির্জা ঘটনাচক্রে হিনার উদ্দেশ্য জানতে পেরে তাকে সবার সামনে হত্যা করে। হত্যাকাণ্ডের পর তারা পার্টি চালিয়ে যেতে থাকে, এতটাই নিষ্ঠুর এই মির্জা।
মির্জাকে বাঁচানোর ক্ষেত্রে অবদান রাখে মার্কিনিরা। আর তারা তথ্য পায় র’এর ভেতর লুকিয়ে থাকা একজন মার্কিন এজেন্টের কাছ থেকে। পুরো সিনেমার বেশিরভাগ সময় ব্যয় হয় এই এজেন্টকে খুঁজে বের করার এমেচার কাজকর্ম দিয়ে।
শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া সেই র এজেন্টের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দায়িত্বরত স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা করে কৃষ্ণা মেহরা ও তার দল।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই কাল্পনিক সিনেমাটি শেষ পর্যন্ত বিশ্ব পরিমণ্ডলে নতুন পরাশক্তি ভারতের গোয়েন্দা তৎপরতার খায়েস ব্যক্ত হয়েছে। এর নাম খুফিয়া না রেখে খায়েসও রাখা যেত।
তবে খুফিয়া সিনেমার সবচেয়ে ভয়ংকর দিকগুলো বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি। তারা যেমন বাস্তবে খালিস্তানপন্থীদের হত্যা উদ্যোগ নিচ্ছে তেমনিভাবে যে বাংলাদেশেও ভারতের স্বার্থ-বিরোধী ও সমালোচকদের হত্যা করেনি বা করছে না সেটি কীভাবে নিশ্চিত করে বলা চলে? বাংলাদেশে তাদের নিয়ন্ত্রণের কথা মাথায় রাখলে এ ধরনের কর্মকাণ্ডে ভীত হওয়ার কারণ আছে।
এই সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী বাঁধনের অভিনয় অনেকে পছন্দ করেছেন। অনেকে সিনেমাটিও পছন্দ করেছেন। খুবই লজ্জা ও উদ্বেগের বিষয়।
