শাহজাহান ওমর কি প্রমাণ করলেন নাশকতার মামলাগুলো সাজানো?
অভিমত বিশ্লেষণ
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ এএম
শাহজাহান ওমর
বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট শাহাজাহান ওমর জামিন পেয়ে মুক্ত হয়ে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়ে এখন ‘টক অব দ্য পলিটিক্স’। তার মতো একই ধরনের মামলায় বিএনপির অন্যান্য নেতারা জেলেই রয়েছেন। অথচ শাহজাহান ওমর বিকালে জামিন পেয়ে সন্ধ্যায় মুক্ত হয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে গেলেন। আওয়ামী লীগ তার ঘোষিত প্রার্থীকে বাদ দিয়ে শাহজাহান ওমরকে ওই আসনের (ঝালকাঠি-১) প্রার্থী করেছে।
বিএনপি আমলে আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা শাহজাহান ওমরকে গত ৪ নভেম্বর ভোরে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে নিউ মার্কেট থানার বাস পোড়ানোর মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
২৪ দিন পর বুধবার বিকালে জামিনের আদেশ এলে সন্ধ্যাতেই মুক্তি পান তিনি। কারামুক্ত হওয়ার পর থেকে গুঞ্জন ছিল শাহজাহান ওমর নির্বাচন অংশ নেবেন। বৃহস্পতিবার সকালে তিনি পরিবারসহ গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে।
এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো বাস পোড়ানোর মতো মামলার একজন অভিযুক্ত কীভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এবং আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিতে পারে?
বাস পোড়ানো নিয়ে আওয়ামী লীগ সবসময় বিএনপিকে দায়ী করে আসছে। তারা বলছে বিএনপি বাস পোড়ায়, মানুষ মারে-এটাই তাদের রাজনীতি। বিএনপির কয়েক লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এসব বাস পোড়ানো, হামলা, মামলা, নাশকতার মামলা দিয়ে রেখেছে পুলিশ। তাদের যথেচ্ছভাবে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে এসব মামলায়। তাদের না পেলে স্বজনদের নির্যাতন করা হচ্ছে। সারা দেশে বিএনপিকে ঘরছাড়া, পার্টি অফিস ছাড়া করে রাখা হয়েছে যে ধরনের মামলায় তারই আসামি ছিলেন শাহজাহান ওমর। অথচ তাকে শুধু ছেড়েই দেওয়া হয়নি, খোদ প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা দিয়েছেন?
অথচ শাহজাহান ওমরকে রিমান্ড নেয়ার দিনও আদালতের পরিস্থিতি ছিল ভিন্ন। নিজেকে নির্দোষ দাবি করে ওমর আদালতে বলেন, ‘তিনি মুক্তিযোদ্ধা। জনগণের জীবন ও সম্পদ রক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন। কিন্তু সরকার তাকে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করেছে।’
তিনি তখন আরো বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হয়েছে। যদিও মামলার এফআইআরে আমার নাম উল্লেখ করা হয়নি। অভিযোগকারী গাড়িতে আগুন দেওয়ার জন্য আমাকে সন্দেহ পর্যন্ত করেননি। কিন্তু পুলিশ আমাকে ঘটনার সঙ্গে জড়িয়েছে।’
আর তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, তিনি ঘটনার সঙ্গে অভিযুক্তের জড়িত থাকার তথ্য পেয়েছেন। যার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে আদালত চারদিনের রিমান্ড দেন।
কথা হলো, তদন্ত কর্মকর্তার সেসব তথ্য এখন কোথায়? রিমান্ডে জিজ্ঞাসাবাদেই বা তার কাছ থেকে কী পাওয়া গেছে? এত গুরুতর ঘটনা রীতিমতো উল্টে গেল কয়েকদিনেই!
এ ঘটনা কখন ঘটতে পারে? যখন আসলে এসব মামলা গায়েবি, ভুয়া, বা উদ্দেশ্যমূলক হতে পারে। অথবা হতে পারে সাজানো। নিজেরাই আগুন দিয়ে বিএনপিকে ফাঁসানোর জন্য এ ধরনের মামলা করা হয়েছে? কারণ আমরা তো দেখেছি বাসে আগুন দেওয়া হচ্ছে। সম্পদ নষ্ট করা হচ্ছে। নিঃস্ব করা হচ্ছে কাউকে না কাউকে। মারাও যাচ্ছে কেউ কেউ। এমন জঘন্য একটি অপরাধের বিচার করতে গিয়ে আওয়ামী লীগ কতটা নির্মম হতে পারে তার প্রতীক হয়ে উঠলেন শাহজাহান ওমর।
তিনি যেদিন জামিন পান সেদিন শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা মির্জা আব্বাস এবং পল্টন থানার পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদনের ওপরও শুনানি হয়। দুই আবেদনই নাকচ করে দেয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
একইসঙ্গে কারাগারে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার। স্পষ্টতই তিনি হামলা স্থলে উপস্থিত ছিলেন না। তাকে হুকুম দেওয়া হয়েছে এ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। যেমন গ্রেপ্তার করা হয়েছিল শাহাজাহান ওমরকে।
মির্জা ফখরুল একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তিনি অসুস্থ বলেও জানাচ্ছেন তার আইনজীবীরা। তার বিরুদ্ধে প্রায় এক শ মামলা রয়েছে। তিনি এসব মামলায় আদালতে নিয়মিত হাজিরা দেন বলে আমরা জানি। সার্বিক বিবেচনায় আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তা ছাড়া তার বিরুদ্ধে করা মামলায় পুলিশ চার্জশিট দিয়েছে বলে কোথাও শোনা যায়নি। কারা বিচারপতি বাসভবনে হামলা করেছে তাও জানা যায়নি। কেউ পুলিশি জেরার সময় মির্জা ফখরুলের নাম বলেছেন এমন তথ্যও নেই। এসব বিবেচনায় অন্যান্য মামলা বিবেচনায় মির্জা ফখরুল জামিন পাওয়ার যোগ্য।
কিন্তু তাকে জামিন না দিয়ে দেওয়া হয়েছে শাহজাহান ওমরকে। কারণটা পরিষ্কার। নির্বাচনে যেতে রাজি হয়েছেন শাহজাহান ওমর।
শাহজাহান ওমরের এ ঘটনা বাংলাদেশে পুলিশ ও বিচার ব্যবস্থা একটা দলের হয়ে কাজ করছে বলে যে অভিযোগ এতদিন উঠছে, তা আরো জোরালো করে।
