Logo
Logo
×

অভিমত

খতিয়ে দেখা ২৮ অক্টোবর-প্রথম পর্ব

Icon

বাংলা আউটলুক বিশ্লেষণ

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ এএম

খতিয়ে দেখা ২৮ অক্টোবর-প্রথম পর্ব

দেশের রাজনীতিতে আলোচন্য বিষয় ২৮ অক্টোবর। কী ঘটেছিল সেদিন, বিএনপি কী করতে পারত? এর ফলে কার কী লাভ হলো, কে এগিয়ে গেল–মাসাধিককাল পার হলেও এসব আলোচনা সর্বত্র। ওই দিন বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা নিয়ে সরকার ও বিরোধী দলের ভাষ্যের পর যুক্ত হয় জাতিসংঘের বিবৃতিও। পাল্টাপাল্টি অভিযোগের কারণে অনেক কিছুই পরিষ্কার নয় জনগণের সামনে। বিশেষত ওইদিন আসলে কী কী ঘটেছিল, কারা করেছিল তার পরিষ্কার একটা চিত্র পাওয়া যায় না। বিভিন্ন স্থানে এলমেল তথ্য ও বক্তব্য ছড়িয়ে-ছিটিয়ে আছে। ফলে সংশয় তৈরি হয়েছে অনেক।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর নয়পাল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। যথারীতি দুপুর ২টায় সমাবেশের সময় নির্ধারণ করা হয়। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ঢাকায়। আগের দিন, অর্থাৎ শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ে আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার সকাল ১০টার মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢল পূর্বদিকে আরামবাগ, ফকিরাপুল থেকে শুরু হয়ে পশ্চিম দিকে নয়াপল্টন, কাকরাইল পার হয়ে মালিবাগ মোড়ে গিয়ে ঠেকে। আর কাকরাইল থেকেই ঘটনার সূত্রপাত।

ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন একজন সাংবাদিক তার প্রতিবেদনে জানান, বিএনপির জমায়েতের মধ্যেই দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপ চলে আসে। সেগুলো দেখে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। হামলা শুরু হলে বাস ও পিকআপ থেকে নেমে দৌড়ে স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় তাদের লাঠি হাতে ধাওয়া দেন বিএনপির কর্মীরা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপির কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বেলা পৌনে একটার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। এরপরই পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশের এই হামলা ধীরে ধীরে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে স্থাপিত মঞ্চ পর্যন্ত চলে যায়। হামলার সময়ও বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওই দিন পৌনে ৪টায় ডিএমপি নিউজ তাদের অনলাইনের একটি খবরে জানায়, রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে বিএনপির উশৃঙ্খল নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। শনিবার দুপুরে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ইট পাটকেল ছোড়ে।

ডিএমপি আরো জানায়, এর আগে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর কাকরাইল এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, কাকরাইল পুলিশ বক্সসহ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করে ও পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলা চালায়। তারা সকাল ১১টায় কাকরাইলের হেয়ার রোড এলাকায় ২টি পিকআপ গাড়ি, কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ও কাকরাইলের রমনা পার্কের সামনে আলিফ পরিবহনের একটি বাস ভাঙচুর করে।

বিচারপতির বাসভবনে হামলার এ ভাষ্যই পাওয়া যায় দু দিন পর বাংলা ট্রিবিউনে প্রকাশিত উদিসা ইসলামের প্রতিবেদনে। সেখানে বলা হয়, ‘প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট-পাটকেল ছুড়তে থাকে’।

আবার ঘটনার দিন দুপুর সোয়া ২টার দিকে প্রকাশিত বাংলা ট্রিবিউনের প্রতিবেদনেও একই কথা আছে। সেখানে বলা হয়, ‘প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থানরত বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল জানান, প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে।’

বাংলা ট্রিবিউন নিজেই তার প্রতিবেদককে প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেছে কি না পরবর্তী প্রতিবেদনে তা জানার সুযোগ আপাতত নেই। ডিএমপি নিউজও বাংলা ট্রিবিউনকে তাদের সূত্র হিসেবে ব্যবহার করেছে কি না তাও জানার উপায় নেই। তবে বিচারপতির বাসভবনে হামলার বিবরণ পুলিশ এবং সরকারপন্থী মিডিয়ায় একই।

যেমন ৭১’র টিভির অনলাইনেও ঘটনার দিন পৌনে ৪টায় হয়, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুঁড়তে থাকে।’

পরদিন প্রথম আলোর ছাপা পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ‘প্রত্যক্ষদর্শী সূত্রগুলো বলছে, কাকরাইল মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধরের পর একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তখন কয়েকজন বাড়ির ভেতরে লাঠি নিয়ে ঢুকে পড়েন ও হামলা চালান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই জায়গা থেকে তাদের সরিয়ে দেয়।’

মানবজমিনে ২৯ অক্টোবর ছাপা পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ‘কাকরাইল মসজিদের সামনের এলাকায় অনেক সময় ধরেই বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে এ পথে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। চলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া। বেলা পৌনে ১টায় হঠাৎ ঘটনাস্থলে পুলিশের সাপোর্টিভ ফোর্স হিসেবে আরেক দল পুলিশ আসে। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের দিকে গাছের ডাল ও ইটের টুকরো ছোড়েন। হঠাৎ করেই মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দে যেন পুরো এলাকা কেঁপে ওঠে। সঙ্গে কাঁদানে গ্যাস, রাবার বুলেট, জল কামান দাগানো হয়। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা পিছু না হটে তারা ইট-পাটকেলসহ পুলিশকে প্রতিহত করার চেষ্টা করেন। এরপরই বাড়তে থাকে সংঘর্ষ। চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। এ সময় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে প্রধান বিচারপতির বাসভবন হয়ে মন্ত্রীপাড়ার দিকে পিছু হটে পুলিশ। পুনরায় সাউন্ড গ্রেনেড, গুলি, জল কামান দিয়ে নেতাকর্মীদের পেছনের দিকে ধাওয়া করে। এ সময় প্রধান বিচারপতির বাসার দেয়াল ও ফটকের কাছে কিছু লোককে ঢিল ছুড়তে দেখা যায়। তাদের হাতে লাঠিসোটাও ছিল’।

তবে বিদেশে অবস্থানরত সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুকে ওই ঘটনাটি উল্লেখ করেন ভিন্নভাবে। তিনি কোট-আনকোট দিয়ে একটি পোস্ট প্রচার করেন। সেখানে লেখাছিল, ‘সাবেক ছাত্রলীগের সেক্রেটারি রাব্বানীর ভাই এসি মতিঝিল রুহানীর তত্ত্বাবধানে পল্টন থানা ছাত্রলীগের সেক্রেটারি পিয়ালের লোকজন দিয়ে হোটেল ঈসা খার সামনে বিএনপির লোক সেজে, প্রথমে বিচারকদের বাস ভবনে পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে তারা হাওয়া হয়ে যায়।’

কাকরাইলের সংঘর্ষের আরেকটি বিবরণ পাওয়া যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে। লেখক রুদ্র রহমানের একটি লেখা তারা প্রচার করে। সেখানে লেখা ছিল, ‌‘তখন সময় গড়িয়ে বেলা সাড়ে ১২টা বেজে গেছে। আশপাশে অলি-গলিতে থাকা বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির অসংখ্য নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হন, ফলে নেতাকর্মীদের সংখ্যা বৃদ্ধি দেখে সাময়িকভাবে পুলিশ পিছু হটে। তবে পুলিশ পিছু হটলেও মুহূর্তের ভেতরে তাদের শক্তি বৃদ্ধি করে ঘটনাস্থলে ফিরে আসে।

দেখা যায়, অসংখ্য পুলিশ সদস্যরা ধেয়ে আসছে, তাদের সাথে রয়েছে ‘সাউন্ড গ্রেনেড’ এবং ভারী অস্ত্রশস্ত্র। প্রথমেই সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থানকারী বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ। শুরু হয় দুপক্ষের ধাওয়া-পাল্ট ধাওয়া। এর মধ্যে পুলিশের পেছনে অবস্থান নেয় হাজার খানেক আ’লীগের উছৃঙ্খল কর্মীরা, তাদের হাতে ছিল লোহার পাইপ, বাঁশ, কাঠের লাঠিসোটা প্রভৃতি। এর মধ্যে হঠাৎ দেখলাম, কিছু লোকজন ওই কাকরাইল মোড়ে অবস্থিত বাঁশ-টিন দিয়ে স্থাপিত একটি ট্রাফিক পুলিশ বক্সের ছাউনিতে আগুন দিচ্ছে। আবার অন্যদিকে দেখতে পেলাম, পুলিশ বহনকারী একটি পাবলিক গাড়ি কে বা কাহারা পুলিশের সামনেই ভাঙচুর করছে, অথচ পুলিশ নির্বাক দাঁড়িয়ে কিছুই বলছে না ভাঙচুরকারীদের। পুলিশ কি ওই সময় দেশ ও জানমাল রক্ষার শপথ ভূলে গিয়েছিলো? নাকি ভাঙচুরকারীদের নিরব সমর্থন করছিল? কিছু লোকজন হই চই করতে করতে প্রধান বিচারপতির বাসভবনের প্রধান ফটক ধাক্কাধাক্কি করে খুলে ভিতরে প্রবেশ করে ঢিল ছোড়াছুড়ি করছে। আরো লক্ষ্য করলাম, ওই বাসভবনের ভিতরে থাকা পাহারারত কিছু পুলিশ প্রবেশ করা ব্যক্তিদের ঢিল ছোড়াছুড়িতে প্রতিরোধ করছে না। বরং পুলিশ বাসভবনের আরো ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করছে।’

তবে লেখক রুদ্র রহমানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার একটি ভিডিও প্রচার করে টেলিভিশনগুলো। তাতে দেখা যায়, প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে কয়েকজন ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে। তাদের গতিবিধি দেখে মনে হয়েছে ভেতরে থাকা কাউকে তারা আক্রমণ করতে চাইছে। তবে কারা হামলা চালিয়েছে এক মাস পরও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ বা সাংবাদিকরা। এমনকি এ ঘটনায় হওয়া মামলার অভিযোগও জমা পড়েনি। তবে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার জামিন নামঞ্জুর করা হয়েছে। তিনি কীভাবে এর সঙ্গে যুক্ত তার কোনো সারকমাসটেনশিয়অল এভিডেন্সও পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি।

এ হামলা বিষয়ে বাংলা আউটলুক কথা বলে বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে যুক্ত আছেন এমন নেতাদের সঙ্গে। তাদের ভাষ্য, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। এটা দুভাবে ঘটতে পারে। এক. সরকারি দলের লোক ওই ভিড়ের ভেতর অবস্থান নিয়ে বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। দুই. বিএনপির মতো বড় দলের কোনো পদচ্যুত নেতা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এ হামলা চালিয়েছে।

তারা আরো বলেন, বিএনপি বলেছিল তাদের ভলান্টিয়াররা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কিন্তু পুলিশ হামলা শুরু করলে বিএনপির সেই তৎপরতা দেখা যায়নি। তাদের সমাবেশে প্রচুর লোক সমাগম হচ্ছিল। সেদিকেই তাদের ব্যস্ততা ছিল। হামলা শুররুর সঙ্গে সঙ্গে তড়িৎ ব্যবস্থা নিয়ে নেতাকর্মীদের সেখান থেকে তারা সরিয়ে নিতে পারেনি।

তাদের মতে, সরকারি দলের নেতারা আগে থেকেই সমাবেশ পণ্ড করে দেবে বলে হুমকি দিয়ে আসছিল। তবে বিএনপি বিষয়টি আমলে নেয়নি।

নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকজন বলেন, প্রধান বিচারপতির বাসভবনের ওই এলাকা সবসময় নাজুক। এর আগেও বিভিন্ন রাজনৈতিক ঘটনায় ওই বাসভবনে হামলা হয়েছে। যার সূত্র ধরে বিরোধী দলের ওপর দোষ চাপানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তারা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতেই থাকতে চেয়েছে। যে কারণে পুলিশ ও সরকারি দলের লোকজন হামলা চালালেও তাদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়া ছাড়া উপায় ছিল না।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন