Logo
Logo
×

অভিমত

যুক্তরাষ্ট্রকে কতটা উপেক্ষা করতে পারবেন শেখ হাসিনা?

Icon

বাংলা আউটলুক বিশ্লেষন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ এএম

যুক্তরাষ্ট্রকে কতটা উপেক্ষা করতে পারবেন শেখ হাসিনা?

‘আমেরিকা চাইলে যেকোনো দেশের ক্ষমতা উল্টাতে-পাল্টাতে পারে’ কথাটি কোন সাধারণ মানুষের নয়, খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি এ কথাটি বলেছেন, ২০২৩ সালের ১০ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা আরও বলেছিলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে, তার গণতান্ত্রিক কোনো অস্তিত্ব থাকবে না।

শেখ হাসিনা বলেছিলেন, ‘যে দেশটা আমাদের কথায় কথায় গণতন্ত্রের সবক দেয়। আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন-কোদন করছেন, উঠবস করছেন। উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ তারা যেকোনো দেশের ক্ষমতা উল্টাতে পারেন। পাল্টাতে পারেন’।

পরে এ বছরের মে মাসে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে  শেখ হাসিনা তার বক্তব্য আরও ষ্পষ্ট করেন, তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাবের কথা সরাসরি প্রকাশ করেন। র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে প্রশ্নটি করা হয়েছিল, তার কাছে জানতে চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিচ্ছে কেন? এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি জানি না, হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না, আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি, সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না। এটা আমার অনুভূতি।’

বলা হয়, শেখ হাসিনা দেশের মানুষের আবেগ-অনুভূতি আর তার দলের উন্মাদনাকে পুঁজি করেই রাজনীতি করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কাছে নিজেকে বিপন্ন হিসেবে উপস্থাপন করে তিনি মানুষের সে আবেগকে পুরোপুরি ব্যবহারের চেষ্টা করেছেন, কিন্তু তার এ বক্তব্য যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা বুঝতে মানুষের সময় লাগেনি।

একটি দেশের সরকার প্রধানের নৈতিক ভিত্তি কতটা দুর্বল আর জনভিত্তি কত কম হলে তার মধ্যে এ আতঙ্ক ছড়াতে পারে তা অনুধাবন করা কঠিন কিছু নয়। বাংলাদেশের জনগণ ব্যাপকভাবেই মনে করে যে, শেখ হাসিনার সরকার তাদের ম্যান্ডেট পাওয়া নয়, রাষ্ট্র পরিচালনার কর্তৃত্ব জনগণ তাকে দেয়নি, তিনি জনগণের ক্ষমতা ছিনতাই করেছেন, জবরদস্তি দেশ চালাচ্ছেন।

যাই হোক, আবার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ প্রসঙ্গ। বৃহত্তম অর্থনৈতিক অংশীদার হিসেবে বাংলাদেশের ভালো-মন্দে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান ও বক্তব্য থাকে। তদুপরি দীর্ঘ আন্দোলন- সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচয় পাওয়া বাংলাদেশে গণতন্ত্রের প্রকৃত অবস্থা আর তার চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকাটা স্বাভাবিক।

দ্বাদশ জাতীয় সংসদ ঘনিয়ে আসায় গত কয়েক মাস ধরে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা ষ্পষ্ট।  যুক্তরাষ্ট্র বরাবরই বলে এসেছে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।  এ জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি এ ধরনের নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানায় দেশটি। এর অংশ হিসেবে কার্যকর করা হয় ‘ভিসা নিষেধাজ্ঞা’।

২৮ অক্টোবর বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির মহাসমাবেশ বলপ্রয়োগে পণ্ড করে দেয় বাংলাদেশের পুলিশ। এরপর বিরোধী রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করে ফেলে সরকার। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পথ ধরেছেন শেখ হাসিনা। সংবিধানের দোহাই দিয়ে আরেকটি একরতফা এবং সাজানো ও পাতানো নির্বাচনই যেন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার রক্ষাকবচ।

যে কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনা আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করে যাচ্ছে। এর মধ্যেই অবশ্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি এ জন্য যে চিঠি দিয়েছেন তা আওয়ামী লীগকে পৌঁছে দেওয়া হলেও তারা জানিয়েছে, অর্থবহ সংলাপ করার মতো সময় এখন আর নেই। ঢাকার রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, সংলাপের জন্য সময় যথেষ্ট ছিল বা আছে, কিন্তু কোনো উদ্যোগ না নিয়ে আওয়ামী লীগ এক ঝটকায় সংলাপ থেকে নিজেদের সরিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলা স্বৈরতান্ত্রিক মনোভাবের নগ্ন প্রকাশ ঘটিয়েছে। তাদের বক্তব্য, সংলাপের সময় নেই এটা কোনো কথা নয়, আসল কথা হলো যে কোনো উপায়ে, যে কোনো ধরনের একটা নির্বাচন করে ক্ষমতার নতুন সিলমোহর মারাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার উদ্দেশ্য, এতে আর তার তর সইছে না।

 এ কথা সবাই জানে, গণতন্ত্র একটি বৈশ্বিক ধারণা ও সরকার ব্যবস্থা। আওয়ামী লীগ হাস্যকরভাবে তাদের সাফল্যের বয়ান দিতে গিয়ে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করে থাকে। বিশ্বের কোন দেশ বাংলাদেশকে রোল মডেল ধরে হাঁটছে তা কারও জানা নেই। তারপরও উন্নয়নের রোল মডেল একটি দেশ হলেও হতে পারে, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে কোনো খামখেয়ালিপনা চলে না। এর কোনো ‘বাংলাদেশ মডেল’ হতে পারে না। গণতন্ত্র মানে জনগণের অবাধ ভোটাধিকার, রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে সমতল ভূমি আর মত প্রকাশের স্বাধীনতা। বর্তমানে বাংলাদেশে এ তিনটিই অনুপস্থিত। ২০১৪ সালের ভোটারবিহীন আর ২০১৮ সালের মহাপ্রতারণার নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার কঠোর হাতে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে, শেখ হাসিনাকে ‘লৌহমানবী’ বলে তার দলের নেতা-কর্মীরা পুলকিত হন। মূলত, বিএনপিকে কোন স্থান বা ছাড় না দেওয়ার ব্যাপারে শেখ হাসিনার যে কট্টর অবস্থান তা আওয়ামী লীগের ক্ষমতালিপ্সু অংশটিকে বেপরোয়া করে তুলেছে।

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছে। এখন কথা হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে কত দূর যাবেন শেখ হাসিনা? যুক্তরাষ্ট্র গত ক’মাস ধরে যে নির্বাচনের জন্য তাগিদ দিয়ে আসছে যদি সে তাগিদ বা আহ্বান পুরোপুরি উপেক্ষিত থাকে তা কীভাবে নেবে ওয়াশিংটন। সম্প্রতি এক ওয়েবিনারে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে যে পরিস্থিতি চলছে, তা চলতে থাকলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অন্য কোনো দেশের কাছে জিম্মি হয়ে পড়বে।

যুক্তরাষ্ট্রের ব্যাপারে শেখ হাসিনার মনোভাব ও বক্তব্য সব সময় টলায়মান, তেমন স্থিরতা নেই। যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় এমন কথা তিনি বলেছেন, আবার যুক্তরাষ্ট্র ভিসা নীতি কার্যকর করার কথা বলার পর তিনি পাল্টা হুমকি দিয়েছেন কোনো দেশ ‘স্যাংশন’ (নিষেধাজ্ঞা) দিলে তার কাছ থেকে বাংলাদেশ সরকার কোনো পণ্য কিনবে না। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা এবং স্যাংশন দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘২০ ঘণ্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা না গেলে কিচ্ছু যায়-আসে না। পৃথিবীতে বন্ধুত্ব করার মতো আরো অনেক মহাদেশ আছে। সেই মহাদেশের সঙ্গে মহাসাগরেই আমরা যাতায়াত করব, বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে। আরো জায়গা হবে’।

 দেশের মানুষের কাছে যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় বা খুব একটা বিশেষ কিছু নয় বলার মাত্র দু’মাসের মাথায় যখন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যান তখন তার রাজনীতির দ্বিচারিতার বিষয়টি ষ্পষ্ট হয়ে যায়। আবার সেই শেখ হাসিনাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি সেলফি তুলে কিংবা ছবি তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের মুখে হাসি ফোটে। তারা মনে করেন, এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছেন।

আবার সেই যুক্তরাষ্ট্রের অনুরোধ ও আহ্বানকে উপেক্ষা করে একতরফা নির্বাচনের পথ ধরেছেন শেখ হাসিনা। শুধু শেখ হাসিনা নয়, তার দলের তৃণমূল পর্যায়ের নেতারাও এমন একটা ভাব করছেন যেন বাংলাদেশের সাথে লড়াইয়ে যুক্তরাষ্ট্র হেরে গেছে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর কথা বলেন কেউ, তাকে জবাই করার হুমকি দেন কেউ।  এ সব ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা এসব ভয়ংকর কথাবার্তাকে প্রশ্রয় দেওয়ার নামান্তর বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র কোনো বিষয়ই ‘হিসাব’র বাইরে রাখছে এমনটা ভাবার কারণ নেই। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করছেন এটা দিবালোকের মতো পরিষ্কার, কিন্তু কথা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রকে কতটা উপেক্ষা করতে পারবেন? তার সরকার ও প্রশাসনের অনেকের কাছে যুক্তরাষ্ট্র শুধু গুরুত্বপূর্ণ নয়, নিরাপদ আশ্রয়স্থলও। তারা কোনোভাবে চাইবে না পুরো বিষয়ে যুক্তরাষ্ট্র নিজেকে পরাজিত পক্ষ ভাবুক। তাই ওয়াশিংটন পুরো বিষয়টি নিয়ে ঘুরে দাঁড়ালে বিপাকে পড়বে ঢাকা।

এ বিষয়ে ঢাকার একাধিক রাজনীতি বিশ্লেষক বলছেন, শেখ হাসিনা নির্বাচনের পথে যতদূর গেছেন তা থেকে ফেরার মতো মানসিক স্থিরতায় তিনি নেই। তবে ভিসা নীতির কঠোর প্রয়োগ, ব্যাপক আকারে নিষেধাজ্ঞা যদি আরোপ হয় তাহলে শেখ হাসিনার সাজানো প্রশাসন আর বংশবদ কমিশন পিছু হটার রাস্তা খুঁজবে। এমনটা যে হবে না তা কেউ হলফ করে বলতে পারে না, তাই হাসিনা প্রশাসনের অনেকের কান ঢাকায় থাকলেও চোখ পড়ে থাকে ওয়াশিংটনের দিকে।

চার দশকের বেশি সময় ধরে রাজনীতি করা শেখ হাসিনাকে রাজনীতির কাঁচা খেলোয়াড় মনে করছেন না ওই বিশ্লেষকরা। তবে তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্র গণতান্ত্রিক শক্তিগুলোকে উপেক্ষা করে শেখ হাসিনা সম্ভবত রাজনীতির দাবা খেলায় একটি ভুল চাল চেলেছেন। এর পরিণতি দেখার জন্য খুব বেশি সময় অপেক্ষা নাও করতে হতে পারে। তবে সে পরিণতির দায় শুধু শেখ হাসিনাকে নয়, এমনও হতে পারে ভুগতে হতে পারে পুরো দেশ আর দেশের মানুষকেও।

ভয়টা সেখানেই। এ ভয়ে আছেন যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের কোটির ওপর প্রবাসী আর দেশের কোটি কোটি মানুষ। কিন্তু শেখ হাসিনা সে ভয়কে থোড়াই কেয়ার করছেন।  দেশের মানুষকে বিপন্ন করে তোলা, মানুষের মনে ভয়-ভীতির সঞ্চার এবং নিজের ক্ষমতাকে সুরক্ষিত রাখার জন্য দেশের প্রশাসনকে ভীতসন্তস্ত্র করে রাখার জন্য যদি কাউকে ‘লৌহমানবী’ বলা যায় তাহলে নিশ্চিতভাবেই শেখ হাসিনা একজন লৌহমানবী।

 

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন