আরেকটা একতরফা নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ২০১৪ এবং ২০১৮ সালের ধারাবাহিকতায় ২০২৪ সালেও দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগ নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। সব ঠিকঠাক থাকলে তারাই আবার সরকার গঠন করবে এবং দেশ চালাবে অন্তত আরো পাঁচ বছর। তাদের এ তৎপরতার বিরুদ্ধে দেশে যে আলাপ-আলোচনা নেই তা না। তবে অনেক কম। এমনকি কূটনৈতিক যে তৎপরতা ছিল সেটাও নাই হয়ে গেছে। মার্কিন রাষ্ট্রদূত আর কারো সঙ্গে দেখা করছেন না, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুককেও বলতে শোনা যাচ্ছে না অংশগ্রহণমূলক নির্বাচনের কথা।
যদিও দেশের মানুষের মনের অসন্তোষ টের করা যায়। অসন্তুষ্ট তারা কেন হবেন না। বাজারে-বাইরে কোথাও তাদের শান্তি নাই। বিএনপি যখন বিপুল লোকসমাগম করে কর্মসূচি চালিয়ে যাচ্ছিল, তখন কিছু কথা বলতে শুরু করেছিল মানুষ। ফেসবুক সরগরম ছিল সরকার বিরোধিতায়। হাটে-মাঠে, চায়ের দোকানে তর্ক ছিল। এখন যেন আর কিছু নাই। সবাই যেন সব মেনে নিয়েছে। আসলেই মানুষ সব মেনে নিয়েছে কি না তার চাক্ষুষ প্রমাণ পেতে অবশ্য অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারি পর্যন্ত।
এই অবসরে কিছু কথা আলোচনা করা যাক।
প্রথমত গণজাগরণ মঞ্চের আন্দোলনের কথা ভাবা যাক। সে সময়ে অনেক সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি-লেখক, নানা পেশাজীবী মানুষ সমবেত হয়েছিলেন শাহবাগে। দিনের পর দিন তারা সে আন্দোলনের প্রয়োজনে রাস্তায় পড়েছিলেন। কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই, করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিরিয়ানি সরবরাহের আবহে তারা তথাকথিত সে আন্দোলন করেছিলেন। যেখানে এমনকি টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছিল অনেকটা সরকারি সহায়তায়। খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন, তারও ইচ্ছা করে শাহবাগে গিয়ে বসতে। সেই আন্দোলনে বুঝে হোক বা না বুঝে হোক যে তেজ, বিক্রম দেখিয়েছিলেন একদল তরুণ, তারা আজ কোথায়?
যখন রাস্তায় গুলি করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। গভীর রাতে তাদের বাসায় হানা দিচ্ছে পুলিশ। নেতাকর্মীদের না পেয়ে আত্মীয়-স্বজনকে ধরে নিয়ে যাচ্ছে। স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে যাচ্ছে। যেখানে বাসায় দুই শিশু কান্না করছে, তবু মন গলছে না পুলিশের? এ সময়ে সেসব তরুণরা কোথায়?
যারা যুক্তি দিয়েছিলেন দেশপ্রেমের কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারা কেন চুপ করে আছেন? তারা কি দেখতে পাচ্ছেন না, গায়েবি মামলায় জোর করে বিরোধী দলের নেতাকর্মীদের একের পর এক সাজা দেওয়া হচ্ছে। রাতের বেলা আদালত বসছে কেবল ওই উদ্দেশে। এমনও ঘটনা শোনা যাচ্ছে যেখানে মৃত ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। যার মানে দাঁড়ায় এসব মামলায় অভিযোগপত্র গঠন, তদন্ত আদৌ হয়েছে কি না। আদালতের অবস্থা কেমন তা বোঝার জন্য শাহজাহান ওমরের ঘটনা নিয়েও এসব তরুণ ভাবতে পারেন। কারণ বাস পোড়ানোর ঘটনা নিয়ে তরুণরা বেশ সোচ্চার ছিলেন। এ ধরনের অসভ্য ঘটনায় সোচ্চার হওয়াই স্বাভাবিক। কিন্তু যখন দেখা গেল, বাস পোড়ানোর ঘটনার সঙ্গে সরকারি দলের সংশ্লিষ্টতা আছে, তখন থেকে যেন তরুণরা চুপ। শাহজাহান ওমর এমনই এক বাস পোড়ানো মামলায় গ্রেপ্তার হন। তাকে রিমান্ডেও নেয়া হয়। কিন্তু সেই রিমান্ডে কী যেন হলো, শাহজাহান ওমর জামিন পেয়ে গেলেন এবং আওয়ামী লীগে যোগ দিলেন। নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন।
যে নির্বাচনে খরচ হবে প্রায় ১৬০০ কোটি টাকা। এ টাকা জনগণের। অথচ টাকাটা ব্যবহার করছে আওয়ামী লীগ তার সুবিধামতো। তারা যেভাবে নির্বাচন সাজিয়েছে তাতে জনগণের অংশগ্রহণের সুযোগ নেই। আমরা আর মামুরা মার্কা নির্বাচন হচ্ছে। বিগত দুই সংসদে গৃহপালিত বিরোধী দল জনগণের শ্রম ও ঘাম, রক্তের বিনিময়ে অর্জিত টাকার শ্রাদ্ধ করেছে। লুটপাটের সহযোগী তো তারা হয়েছেই এর সঙ্গে সংসদে বসা, এমপি হিসেবে সুবিধা নেয়া, বিরোধী দলের নেতা হিসেবে সুবিধা নেয়ার নামেও জনগণের টাকা লুট করেছে বৈধভাবে?
যেসব তরুণ বলেছিল, দেশপ্রেমের কথা, আত্মমর্যাদার কথা-তারা আজ কোথায় সেই প্রশ্ন খুব মনে জাগে। তাদের কি এখন আত্মমর্যাদায় আঘাত লাগছে না, তাদের কি মনে হচ্ছে না নিজ দেশেই পরবাসী হয়ে আছে। কথা বলতে পারছে না, তাদের টাকা বাজা থেকে লুটে নিচ্ছে ব্যবসায়ীরা। চিন্তায়, সাহিত্যে, সামাজিকতায়, রাজনীতিতে যে ভয়ংকর দশা তৈরি হয়েছে, তাতেও কি কোনো হেলদোল ঘটছে না তরুণদের।
সেই প্রশ্নর উত্তর খুঁজছি।
