স্ক্রিপ্টেড টুইস্ট, দুর্নীতি, গণমাধ্যম ও ব্যাকফায়ারের গল্প
কাকন রেজা
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০২:০৯ পিএম
একটা টেলিভিশন চ্যানেলের রিপোর্ট দেখলাম। তারা ‘কথা বলা গাছ’ নিয়ে রিপোর্ট করেছে। এই গাছের অবস্থান গোপালগঞ্জের মুকসুদপুর ইউনিয়নের একটি গ্রামে। সরকার গুজব বন্ধের কথা বলছে, তাহলে এগুলো কি?
গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট, যা সম্পূর্ণ সত্য তাকে গুজব আখ্যা দেয়া হয়, অথচ বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে, যা আদতেই সম্ভব নয়, এসব নিয়ে রিপোর্ট যখন হয়, তখন কি তা গুজব হয় না? না, হয় না। কেন হয় না বলছি, এই যে পনেরো লাখ টাকার ছাগল ইস্যু, রাসেল ভাইপার ইস্যু, কথা বলা গাছ ইস্যু, এগুলো এখন অনবরত হতে থাকবে। আর আমরা ছাগল ইস্যুর ছাগল হয়ে এগুলোর পেছনে নাচতে থাকব। এই নাচের আড়ালে ঢাকা পড়ে যাবে মানুষ ও দেশের জন্য অতি প্রয়োজনীয় বেশ কিছু আলাপ।
গণমাধ্যমকে দোষারোপ করি আমরাও; গণমাধ্যমকর্মী হয়েও। কারণ এখনকার গণমাধ্যম কাজের চেয়ে অকাজ করে বেশি। কেউ বাধ্য হয়ে, কেউ ইচ্ছে করে, কেউ দেখাদেখি। এর জন্য দায়ী গণমাধ্যমের কর্তাব্যক্তিরা। কারণ, তারা ‘ঠেলায়’ কিংবা ‘খুশিতে’ গণমাধ্যম সৃষ্টির কারণই ভুলে গেছেন।
গণমাধ্যম সৃষ্টি হয়েছিল এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করার জন্য। সেজন্যই তাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এখন গণমাধ্যম ব্যস্ত থাকে এবং মানুষকে ব্যস্ত রাখে অপ্রয়োজনীয় ছাগল ইস্যু, সাপ ইস্যু, গাছ ইস্যু, শাকিব খান-অপু-বুবলি ইস্যুর গুগলি নিয়ে। আর এর ফাঁকফোকর গলে অনেক কিছুই ঘটে যায়। যা নিয়ে সত্যিকার অর্থেই যাকে খবর বলে, তা করা যেত।
দৈনিক মানবজমিনসহ কয়েকটি গণমাধ্যম সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের একটি বক্তব্যকে উদ্ধৃত করে খবর করেছে। তিনি ২০ জুন জাতীয় সংসদের বাজেট আলোচনায় বলেছেন, ‘আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়েছে উঠেছে’।
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম একই দিন বিএআরসি মিলনায়তনের এক সেমিনারে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উপস্থিতিতে বলেছেন, ‘বছরে দেশ থেকে ৮১ থেকে ৯২ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে’। এটুকু বলেই ক্ষান্ত হননি, টাকা পাচারকে ডলার সংকটের জন্য দায়ীও করেছেন তিনি। সে সেমিনারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর বাংলাদেশ প্রতিনিধি ড. জিয়াকুন শি উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে এই খবরগুলো তেমন করে প্রাধান্য পায়নি। কিছু গণমাধ্যম খবরটিকে ড্রপ করে গেছে। এসব খবরের গুরুত্ব কমানো বা ড্রপ করানোর জন্যই প্রয়োজন হয় অন্য ইস্যুর। টাকা পাচারের খবর রাসেল ভাইপার খেয়ে দেয়। সেন্টমার্টিনের খবর ছাগলে খেয়ে ফেলে। এখন শুরু হয়েছে আবার ‘কথা বলা গাছ’ ইস্যু।
দেশ থেকে টাকা পাচার হচ্ছে এ কথা জানান দিচ্ছেন শাসকদলটির সদ্যবিগত শাসনামলের পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠছে--এমন বলছেন সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী। যিনি এখনো সংসদ সদস্য। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী খোদ সংসদে বলেছেন এমন কথা। এ কথাকে নজর-আন্দাজ করার সাধ্য কার! সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদেশিদের সামনে জানিয়ে দিলেন দেশ থেকে প্রতিবছর ৮১ থেকে ৯২ হাজার টাকা পাচার হয়ে যাচ্ছে। এ কথাকে কেউ চ্যালেঞ্জও করেননি।
তাদের দুজনের কথা মোটামুটি একটি দৃশ্যচিত্র দাঁড় করিয়ে দিয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন এবং দেশের বাইরে পাচারের দৃশ্যচিত্র। এর মধ্যে সুইস ব্যাঙ্কগুলো জানিয়েছে, বাংলাদেশিরা দ্রুত তাদের টাকা সরিয়ে নিচ্ছে ব্যাঙ্কগুলো থেকে। কেন নিচ্ছে এটা জানতে ২০২১ থেকে ২০২৪-এর রাজনৈতিক হিসেব টানতে হবে। অর্থাৎ টাকা সরিয়ে নেয়ার অর্থ হচ্ছে ভয়। কিসের ভয়? স্যাংশনের না অন্য কিছুর? এ ব্যাপারেও অনুসন্ধান করতে পারে গণমাধ্যম।
টাকা সরিয়ে নিচ্ছে--সুইস ব্যাঙ্কগুলোর দেয়া তথ্যে এমন খবর জানানোই বড় কথা নয়। সত্যিকার অর্থেই কত পরিমাণ টাকা জমা ছিল বা আছে, কেন সরানো হচ্ছে, এ নিয়ে একটা ভালো অনুসন্ধানী প্রতিবেদন হতে পারে। গণমাধ্যমের উচিত ছিল সেই প্রতিবেদনের মাধ্যমে সাবেক মন্ত্রীদ্বয়ের অঙ্কিত দৃশ্যচিত্রকে আরো পরিষ্কার করা।
কিংবা তারা ভুল বললে তাও জনসমক্ষে আনা। কিন্তু গণমাধ্যম তা না করে করছে গুজব প্রচার। গাছ কথা বলছে, রাসেল ভাইপার নিয়ে ফুলিয়ে-ফাঁপিয়ে আলাপ, পনেরো লক্ষ টাকার ছাগল, এসব নিয়েই ব্যস্ত আছে তারা।
এছাড়া আরো জরুরি আলাপ রয়েছে। রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দিকগুলো।
অল্পদিনের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দুবার ভারত সফরে গেলেন। যখন লিখছি সেদিন তিনি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আলাপ করেছেন।
এ সফরে অনেকগুলো চুক্তি এবং এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। জানিয়েই কর্তব্য শেষ করেছে। অথচ এ চুক্তিগুলো নিয়ে বিশদ আলোচনা করতে পারে গণমাধ্যম। জানাতে পারে, এসব চুক্তি বাংলাদেশের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে। অথবা সমালোচনাও করতে পারে, যাতে চুক্তি স্বাক্ষরের আগে এসব সমালোচনা উভয়পক্ষের পুনর্বার চিন্তার খোরাক জোগাতে পারে।
আলোচনা করতে পারে, এত অল্প সময়ে কেন প্রধানমন্ত্রীকে দুইবার ভারত সফর করতে হলো। সারাবিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর গণমাধ্যম তাই করে। যেমন, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের আলোচনা হলে তা সমগ্র বিশ্বের তাবৎ গণমাধ্যমের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কী নিয়ে আলোচনা হচ্ছে, কী চুক্তি হবে, চুক্তির ফল কী হতে পারে এসব নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ, আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক। আমাদের খবরের মাধ্যমগুলো সরকারি ভাষ্যমতে, যথেষ্ট স্বাধীনতা ভোগ করে, তাহলে আলাপ করতে বাধাটা কোথায়?
যাকগে, বাধার কথা থাক, ফিরি ছাগল বিষয়ক আলাপে। অনেক সময় স্ক্রিপ্টেড কিছু ব্যাপার মারাত্মক ব্যাকফায়ার করে বসে। যেমন করে বসেছে পনেরো লাখ টাকার ছাগলের বিষয়টি। এখন কেঁচো খুঁড়তে বেড়িয়ে আসছে চন্দ্রবোড়া। বেরিয়ে আসছে রাজস্ব কর্মকর্তার গুপ্তধনের কাহিনী। সাথে দ্বিতীয় বিয়ের আলাপও। বের হয়ে আসছে কোম্পানির শেয়ার, মালিকানা, দাগ নম্বরসহ জমির বিবরণ। এগুলোকে মিথ্যা বলবেন কী করে?
দুর্নীতিবাজরা না হয় নিজের পুত্রকে অস্বীকার করতে পারে, নিজে বাঁচতে। দুর্নীতিতে অর্জিত সম্পদ বাঁচাতে নিজের ছেলেকে অস্বীকার করার মতন নিচুকাণ্ড যে দুর্নীতিবাজরা করতে পারে, তারা দুর্নীতির কথা অস্বীকার করবে এ তো স্বাভাবিক। একজন পিতার নিজের ছেলেকে অস্বীকার করা যতটা কঠিন, দুর্নীতির কথা অস্বীকার তার চেয়ে অনেকগুণ সহজ।
তবে মজার ব্যাপার হলো, এই ছাগল কাণ্ডে মানুষের মাইন্ড টুইস্ট করানোর কৌশল মারাত্মকভাবে ব্যাকফায়ার করেছে। দুর্নীতির পেঁয়াজের আরেকটা খোসা উন্মোচিত হয়েছে এতে। বলতে পারেন, ধর্মের কল নড়তে শুরু করেছে।
স্ক্রিপ্টেড সবকিছুই মূলত একসময় ব্যাকফায়ার করে। আর তাতে পুড়ে যায় পিঠ বাঁচাতে করা ইউটোপিয়ান স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টের কারিগররা।
