বর্ষাকালে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে নদীনালার পানি বৃদ্ধি পায়। অনেক এলাকায় বন্যাও হয়। এতে পলিমাটি ভেসে আসে। শত শত বছর ধরে এই অঞ্চলের প্রাকৃতিক এই ঘটনার সঙ্গে পরিচিত এলাকার মানুষজন। কিন্তু, সম্প্রতি প্রতিবেশী দেশ ভারত আর আওয়ামী সরকারের অপরিকল্পিত, ধ্বংসাত্মক উন্নয়নে বন্যা যেন মহাপ্লাবনে পরিণত হয়েছে। দুই গজবের চাপে ভেসে যাচ্ছে দেশের মানুষ।
সিলেট বিভাগের চার জেলার অবস্থাই খারাপ। এই এলাকার নদীগুলোতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এলাকাগুলো ডুবে গেছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রগুলোতে উঠেছে। লাখো লাখো মানুষ পানিবন্দী। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বিপুল ক্ষতির শিকার ফসল ও গবাদিপশু। এই বন্যা ছড়াচ্ছে নেত্রকোনা, কিশোরগঞ্জের দিকে।
এই অঞ্চলের আওয়ামী উন্নয়নের অন্যতম প্রতীক, প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা ইটনা-মিটামইন-অস্টগ্রামের অলওয়েদার রোড। শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে, এই খায়েশে কোটি কোটি টাকা দিয়ে হাওরের উপর এই রাস্তা তৈরি হয়েছে। আগে যে বানের পানি বিভিন্ন হাওড় হয়ে বড় বড় নদীতে পৌঁছে যেতো, এই রাস্তার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। পানি সরে যাওয়ার জায়গা পাচ্ছে না। আটকে গিয়ে পুরো এলাকা নানাভাবে প্লাবিত হচ্ছে। সিলেটে ২০২২ সালে স্মরণকালের সবচেয়ে বাজে বন্যা হয়। এইবছর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। অলওয়েদার রোডের পাশাপাশি বিপুল পরিমাণ অপরিকল্পিত কাঠামো নির্মাণের জন্য অনেকাংশে দায়ী।
অন্যদিকে উত্তরাঞ্চলে স্থায়ী অভিশাপ হয়ে গেছে তিস্তার ওপর নির্মিত ভারতের বাঁধ। যখনই প্রতিবেশী দেশে পানির স্তর বেড়ে যায়, তাঁরা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এবারও বর্ষা শুরু না হতেই গজলডোবা বাঁধের ৪৪টি পয়েন্ট খুলে দেওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চল ভেসে যাচ্ছে। শুধু বর্ষাকালে পানি ছেড়ে দেওয়ায় না, উল্টাভাবে গ্রীষ্মকালে এই বাঁধগুলো ভারত অংশে পানি ধরে রাখে। এতে কেবল যে বাংলাদেশ অংশ পানির অভাবে শুকনা মৌসুমে বিপর্যয়ের সম্মুখীন হয় তাই না, বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকিও বাড়ে। উজান থেকে আসা পলির পরিমাণ কমে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে নদীর তলদেশের গভীরতা বাড়ে এবং ভেঙে যায় নদীর পাড়। আবার শুকনো মৌসুমে নদীগুলোর পানি পরিবহন ক্ষমতা কমে যাওয়ার ফলে এই পলি নদীর তলদেশে জমা হয়ে নদী ভরাট করে ফেলছে, যার ফলে বর্ষায় বানের পানি নদী ছাপিয়ে সবকুল ভাসিয়ে দেয়।
বাংলাদেশের ওপর শক্তিশালী প্রতিবেশীর এই জুলুম কয়েক যুগ ধরেই হচ্ছে। ফারাক্কা বাঁধের বিরুদ্ধে মাওলানা ভাসানীসহ অনেক রাজনীতিবিদ আন্দোলন করেছে। কিন্তু, এখন অবস্থা শোচনীয়। দেশে তাঁবেদার সরকার, যারা ভারতকে যেকোনো কিছু করার সুযোগ তো দিচ্ছেই, কোনোরকম ভারত বিরোধিতাকেও দমন করছে। ভারত আর উন্নয়নের চাপে দেশটা ভেসে যাচ্ছে।
