নির্যাতিতের জবানবন্দি
নির্যাতন দেখে মনে হচ্ছিল, আজ মেরেই ফেলবে
মনির আহমেদ
প্রকাশ: ১২ জুন ২০২৪, ১২:২১ পিএম
২২ আগস্ট ২০২২ থেকে সারাদেশের গ্রামপর্যায়ে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি চলছিল। ব্যাপক আলোচিত এই কর্মসূচিকে কেন্দ্র করে আগস্টের শুরু থেকেই লাকসাম পৌরশহরসহ লাকসাম উপজেলার সর্বত্র বিএনপি নেতাকর্মীদের মারধর, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাটসহ নানা কায়দায় নির্যাতন শুরু করে আওয়ামী সন্ত্রাসীরা। হেলমেট পরা অস্ত্রধারী সন্ত্রাসীদের বীভৎস তাণ্ডব নিয়ে ‘দৈনিক দিনকাল’ পত্রিকায় আমার প্রেরিত সুনির্দিষ্ট তথ্যনির্ভর কয়েকটি সংবাদ প্রকাশিত হয়।
বিএনপির রাজনীতির পাশাপাশি আমি একজন সংবাদকর্মী। আমি ‘দৈনিক দিনকাল’ লাকসাম উপজেলা প্রতিনিধির দায়িত্বে নিয়োজিত।
যেকোনো সহিংস ঘটনার রিপোর্ট তৈরির ক্ষেত্রে নিয়মানুযায়ী সাংবাদিককে স্থানীয় পুলিশ প্রশাসনের বক্তব্য নিতে হয়। ওই সময় আওয়ামী লীগ কর্তৃক লাকসামে সংঘটিত প্রতিটি সহিংস ঘটনার পর পুলিশ প্রশাসন অবগত কিনা, এসব সহিংস ঘটনা নিয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছে বা এসব বিষয়ে থানায় কেউ অভিযোগ দিয়েছে কিনা—এসব জানতে আমাকে লাকসাম থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে প্রায় প্রতিদিনই কথা বলতে হতো।
কিন্তু তৎকালীন ওসি আমার টেলিফোন পেলে বিরক্তবোধ করতেন। বলতেন, ‘লাকসামে কি আপনিই সাংবাদিক? আর কেউ তো এসব নিয়ে মাথা ঘামায় না! আপনার এত চুলকানি কেন?’ ইত্যাদি ইত্যাদি।
অমার্জিত কর্কশ ভাষায় ওসি সাহেবের কটূকথা শোনার পরও সহিংসতার খবর পেলে একজন সংবাদকর্মী হিসাবে আমি ওসিকে ফোন করতাম এবং যথাযথ সম্মানের সাথে তথ্য নেওয়ার চেষ্টা করতাম।
২৬ আগস্ট ২০২২ দুপুরের পর ব্যক্তিগত কাজে আমি ঢাকায় যাই। ওই দিন সন্ধ্যার কিছুটা আগে ঢাকায় পৌঁছে আরামবাগ থেকে মোটরসাইকেলে উত্তরার উদ্দেশে রওনা হই। এ সময় লাকসাম থেকে আমার একজন রাজনৈতিক সহকর্মী ফোন দিয়ে জানায়, আজগরা ইউনিয়নের কৃষ্ণপুরে ঢাকা-নোয়াখালী সড়কের পাশে ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। আহত শ্রমিকনেতার মাথায় ধারালো অস্ত্রে কোপানোর বীভৎস জখমের কয়েকটি ছবিও আমাকে পাঠায় সহকর্মী।
স্থানীয় শ্রমিকদলের সংশ্লিষ্ট নেতাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জেনে মোটরসাইকেলের পিছনে বসেই আমি এ বিষয়ে ওসিকে বেহায়ার মতো ফোন দিই। কিন্তু অজ্ঞাত কারণে ওসি সেদিন আমার ফোন রিসিভ করেননি।
নিরুপায় হয়ে সহিংসতা বিষয়ে ওসির নিয়মিত অভিন্ন বক্তব্য ‘আমি এ বিষয়ে অবগত নই, থানায় অভিযোগ আসলে আমরা আইনি ব্যবস্থা নেব’ এটা উল্লেখ করে নিউজ লিখি। মোটরসাইকেলের পিছনে বসেই মোবাইলে নিউজ লিখে আমি দিনকালের অনলাইন ভার্সনের জন্য ই-মেইলে প্রেরণ করি। উত্তরায় পৌঁছে ‘দিনকাল’ ব্রাউজ করে দেখি নিউজটি প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসছে কিনা এটা জানার জন্য পরদিন দুপুরে ওসিকে আমি আবারও ফোন দিই। তিনি তখন ফোন রিসিভ করেন। আমি কিছু বলার আগেই ওসি উত্তেজিত অবস্থায় অশ্রাব্য ভাষায় নানা কথা বলেন, যা ভাষায় প্রকাশ করার মতো না।
ব্যক্তিগত কাজ শেষে আমি ২৭ আগস্ট রাতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেসে লাকসামের উদ্দেশে রওনা হই।
সব সময় বাসে ঢাকা থেকে লাকসাম আসলেও সেদিন ট্রেনে ফেরার সিদ্ধান্ত আমি কৌশলগত কারণেই নিই।
ট্রেনে সময় বেশি লাগার কারণে কুমিল্লা বা লাকসামের যাত্রীরা বাসই ব্যবহার করে।
আমি চিন্তা করে দেখলাম, আমি বাসে আসলে বাসের লাকসামের যাত্রীরা অনেকেই আমাকে চিনবে। বিষয়টি গোপন থাকবে না। এতে লাকসামে আওয়ামী লীগ কর্তৃক বিএনপি নেতাকর্মীদের উপর সহিংসতার সংবাদ প্রকাশের জেরে রাতের বেলায় আমার বিপদে পড়ার সম্ভাবনা। ওসিও আমার উপর ক্ষুব্ধ। তাছাড়া ট্রেন লাকসাম পৌঁছাতে রাতের শেষভাগ পর্যন্ত সময় লেগে যাবে। ওই সময় রাস্তাঘাটে কেউ থাকবে না। আমি নির্বিঘ্নে এবং নিরাপদে বাড়ি পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। মহানগর এক্সপ্রেস রাত ৯টা ২০ মিনিটে কমলাপুর ছাড়ার নির্ধারিত সময় থাকলেও সেদিন অজ্ঞাত কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে। রাত আনুমানিক ৩টায় লাকসাম জংশনে পৌঁছায়। জংশন থেকে আমার বাড়ির দূরত্ব আধা কিলোমিটারের চেয়ে কম।
ট্রেন থেকে নেমে আমি যথারীতি প্লাটফরম থেকে বের হয়ে ৫-৭ মিনিটে জংশনের প্রবেশমুখে দাঁড়িয়ে এলাকার বা পরিচিত রিকসা খুঁজছিলাম। এমন কাউকে না পেয়ে অপরিচিত একটি রিকসায় রওনা হই।
রিকসা যখন আমার গ্রাম লাকসাম রেল জংশনের পার্শবর্তী নশরতপুর দক্ষিণ পাড়ার উদ্দেশে রওনা হয়, ঠিক তখনই দুটি মোটরসাইকেলে হেলমেট পরা ৫ জন পিছু নেয়। ওরা আমাকেই ফলো করছে এটা আমি ধারণা করিনি। একপর্যায়ে তারা জংশন বাজারের কলোনি মসজিদ রোডে ঢুকে পড়ে। আমি তখন আরও নিশ্চিত হই যে ওরা আমাকে ফলো করছে না। আমার রিকসা যখন মেইন রোড দিয়ে আমার গ্রাম নশরতপুরের মাঝামাঝি (খান্দানী মার্কেট লিংক রোড, সাবেক শিক্ষক সমিতির অফিসের কাছে) কিছুটা অন্ধকারচ্ছন্ন স্থানে পৌঁছায়, তখন ওই দুই মোটরসাইকেল দ্রুতগতিতে এসে গতিরোধ করে। এ সময় ওই রাস্তার পাশে কালো রং এবং কালো গ্লাসের একটি মাইক্রোবাস কুমিল্লামুখী হয়ে দাঁড়ানো ছিল।
মোটরসাইকেল আরোহীরা আমার রিকসা থামানোর সাথে সাথে ওই মাইক্রোবাস থেকে হেলমেট পরা দুইজন লোক নেমে আসে। মোটরসাইকেল চালক দুইজন ছাড়া বাকি ৩ জন মাইক্রোবাস থেকে নেমে আসা দুইজনের সাথে যোগ হয়ে আমাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এমন ঘটনা দেখে এ সময় ওই রাস্তা দিয়ে উত্তর দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা থামতে চাইলে তাকে ধমক দেয় হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা। সিএনজি ড্রাইভার তখন তার গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যায়। এ অবস্থা দেখে আমার রিকসার ড্রাইভারও রিকসা নিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে।
আমাকে মাইক্রোবাসে তোলার পর দেখি সেখানে আরও ৪ জন হেলমেট পরা লোক বসা। তাদের একজন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে! দুজনের হাতে চাপাতি ছিল। কিছুটা আলো-আঁধারের কালো গ্লাসের মাইক্রোবাসটির সামনের সিটেও হেলমেট পরে একজনকে বসে থাকতে দেখা যায়। আমাকে তুলেই মাইক্রোবাসটির ভিতরে মাঝখানের সিটে বসে থাকা হেলমেট পরা দুজনের মাঝখানে বসায়। বসানোর সাথে সাথে তারা আমাকে এলোপাতাড়ি মারধর ও গালিগালাজ শুরু করে।
মাঝখানের সিটের পিছনের সিটে বসে থাকা হেলমেট পরিহিত ব্যক্তিরা পাইপের মতো কিছু একটা বস্তু তখন মাঝখানে আমার দুই পাশে বসা দুজনকে দেয়। তারা পাইপটি আমার ঘাড়ের উপর উঠিয়ে পাইপের দুই মাথায় চাপ দিয়ে আমার মাথা নিচের দিকে করে রাখে। প্রচন্ড শক্তি দিয়ে পাইপের দুই মাথায় তারা দুজন পা দিয়ে বসে থাকে। ফলে আমি আর কোনো অবস্থাতেই মাথা উপরে তুলতে পারি না। মাথা উপরে উঠানোর জন্য একটু চেষ্টা করলেই আমার পিছনে এবং সামনো বসা হেলমেট পরা ব্যক্তিরা আমার ঘাড় এবং পিঠে প্রচণ্ড শক্তি দিয়ে আঘাত করে। তাদের জোরালো আঘাতগুলো সহ্য করতে আমার খুবই কষ্ট হচ্ছিল।
মাইক্রোবাসে তোলার সাথে সাথেই তারা প্রথমে আমার মোবাইল ফোনটি নিয়ে নেয়। আমার মাথা এভাবে পাইপ চাপা দিয়ে নিচু করে হাঁটুর সাথে মিলিয়ে রাখা অবস্থায় তারা আমার কাছে সর্বপ্রথম মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চায়। আমি বললাম, এটা ফিঙ্গার দিয়ে খুলতে হয়। মাইক্রোবাসটি তখন দ্রুত গতিতে চলমান।
আমার দুপাশে পাইপের দুই মাথায় পা দিয়ে বসে থাকা দুজন হালকাভাবে তখন পাইপ থেকে তাদের পা সরিয়ে নেয়। এরপর আমার হাত টেনে নিয়ে আমার মোবাইলটি আনলক করে ফেলে। মোবাইলের বিভিন্ন যোগাযোগ এ্যাপস ঘাঁটাঘাঁটি করে তারা সকলেই একের পর এক আমাকে বিভিন্ন প্রশ্ন শুরু করে। উল্লেখ করার মতো প্রশ্ন ছিল, আমি কেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেই। লাকসামে কি আমি ছাড়া আর কোনো সাংবাদিক নেই? আমি কেন বিএনপি করি? আমি কেন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সরকারবিরোধী নিউজ ফেসবুকে শেয়ার করি? বিএনপিকে নিয়ে লেখালেখি করি কেন? কে কাকে মারবে এসব নিয়ে আমার এত মাথাব্যথা কেন?
এ সময় মুখে তারা যতটা গতি নিয়ে প্রশ্ন করে তার চেয়ে বেশি গতিতে তারা প্রায় সকলেই আমাকে এলোপাতাড়ি মারধরও করে। একপর্যায়ে তাদের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। প্রচন্ড গরমের মধ্যেও তারা আমার শরীরে সম্ভবত ব্যাটারিচালিত হিটার মেশিন দিয়ে হিট দিতে শুরু করে। তখন আমি অনেকটাই আতঙ্কিত, দিশেহারা এবং বাকরুদ্ধ হয়ে যাই। এমনিতেই আমি শারীরকভাবে পুরোপুরি সুস্থ নই। তারা আমার মাথায় ছোট হাতুড়ি দিয়ে আস্তে আস্তে আঘাত করে। কৌশলী এই হাতুড়ির আঘাতে আমি মাথায় প্রচণ্ড ব্যথা পেলেও রক্ত বের হয় না।
এবার তারা আমার মাথার চুলগুলো কুচিকুচি করে কেটে আমার শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে পিঠ, ঘাঁড়, মুখ, গলা, বুক ও পেটে মেখে দেয়া শুরু করে। প্রচণ্ড গরমের মধ্যে কুচিকুচি করা চুলের ফোঁড়ানির পাশাপাশি অব্যাহত মারধরে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এ সময় হঠাৎ আমার শ্বাসকষ্টও বেড়ে যায়। চিৎকার বা নড়াচড়ার চেষ্টা করলেই তারা আমার মুখ চেপে ধরে। কিলঘুষির মাত্রাও বাড়িয়ে দেয়। এমন নির্যাতন দেখে মনে হচ্ছিল, তারা আমাকে আজ মেরেই ফেলবে। গাড়ি কোন দিকে বা কোথায় যাচ্ছে পাইপ চাপা দিয়ে মাথা নিচু করে রাখায় আমি তখন কিছুই বুঝতে পারছি না। কিছু না দেখলেও আমি তাদের কথাবার্তায় অনুভব করছি যে, তারা হয়ত আমাকে গুম করবে অথবা গুপ্তহত্যা করে আমার লাশ রাস্তার পাশে বা কোনো ডোবানালায় ফেলে দেবে।
আমার মোবাইলে চার্য কম থাকায় এ সময় বন্ধ হয়ে যায়। তখন তারা আমার ব্যাগ থেকে চার্জার বের করে নেয়। গাড়ির চার্জার সিস্টেমে মোবাইলটি চার্য দিতে গিয়ে তারা ব্যার্থ হয়। পরে গাড়িতে বসে থাকা অন্য এক হেলমেট পরিহত ব্যক্তির নির্দেশনা পেয়ে তারা আমার ব্যাগ এবং পকেট ঘাঁটাঘাঁটি শুরু করে। মানিব্যাগ থেকে আমার দিনকালের আইডি কার্ড নিয়ে তারা একে অপরের কাছে লাইটার খুঁজতে থাকে। পরে সম্ভবত সামনের সিটে বসা একজন লাইটার এগিয়ে দিলে তারা আমার দিনকালের আইডি কার্ডটি লাইটার (সম্ভবত গ্যাসলাইট) দিয়ে আগুনে পুড়িয়ে গাড়ির জানালা দিয়ে ফেলে দেয়।
ওই মুহূর্তে আমি অনেকটা মরণ যন্ত্রণায় কাতরাচ্ছি। আর ভাবছি আজই হয়ত আমার জীবনের শেষ রাত। গাড়ির অবস্থান তখন কোথায় কিছুই বুঝতে পারছি না। একপর্যায়ে তারা আমাকে প্রশ্ন করে, এখন বাঁচবি নাকি মরবি? বাঁচতে চাইলে তোকে নিয়ে এক রাস্তায় যাবো আর মরতে চাইলে তোর রাস্তা হবে ভিন্ন। আমি তখন ভয় পেয়ে গেলাম, আর কেঁদে কেঁদে বললাম, আমি বাঁচতে চাই। আমার ছেলেমেয়ের জন্য হলেও আমাকে বাঁচতে দিন। আমাকে মেরে ফেললে ওদের দেখার মতো কেউ নেই। বলুন, বাঁচতে হলে আমাকে কী করতে হবে?
তখন তারা বলে, তোকে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে বাঁচার সুযোগ দেব। তোর পরিণতি আমরা চাইলে তোদের বাপ হিরু-হুমায়ুনের মতো করতে পারি। তোকে ছেড়ে দিলাম। তবে তুই লাকসাম থাকতে পারবি না। রাজনীতি আর সাংবাদিকতা ছেড়ে অন্য কোথাও গিয়ে অটোরিকসা চালিয়ে বউবাচ্চার জন্য টাকা পাঠাবি। আর আজকের এই ঘটনা কাউকে বলতে পারবি না। বললে তোকে আর তোর পরিবারের সকলকে নিয়ে মরতে হবে।
এ সময় তারা কেউ কেউ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লাকসাম-মনোহরগঞ্জের সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীম এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প-বিষয়ক সম্পাদক আবুল কালাম সাহেবের নাম ধরে অশ্রাব্য ভাষায় গালাগালি করে।
একপর্যায়ে তারা আমাকে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামার পর দেখি আমি তখন কুমিল্লা রেইসকোর্স এলাকার নিসা টাওয়ারের সামনে ফ্লাইওভারের উপর। নামানোর আগে তারা আমার চোখে মলমজাতীয় কিছু একটা লাগিয়ে দেয়। ফলে ওই মুহূর্তে আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। স্পষ্টভাবে আমি তখন কিছুই দেখতে পারছি না। আমাকে নামিয়ে অতিদ্রুতগতিতে মাইক্রোবাসটি এবং পিছনে থাকা দুই মোটরসাইকেল ফ্লাইওভারের উপর দিয়ে শাসনগাছার দিকে চলে যায়।
ফ্লাইওভারে দাঁড়িয়ে ব্যাগ থেকে গামছা বের করে আমি আমার চোখ-মুখ পরিষ্কার করি। ফ্লাইওভার থেকে নেমে পাশের শাসনগাছা বাস টার্মিনালের দিকে চলে যাই। তখন ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টা হবে। চারদিকের মসজিদগুলোতে ফজরের নামাজের আজান হচ্ছে। শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে ঘাঁড়, পা ও হাঁটুতে প্রচণ্ড ব্যথা নিয়ে ঠিকভাবে তখন আমি হাঁটতেও পারছি না।
শাসনগাছা বাস টার্মিনালে এশিয়া পরিবহন বাসযাত্রীদের ওয়েটিং রুমের বাথরুমে ঢুকে গামছা পরে শরীরে মেখে দেয়া কুচিকুচি চুলগুলো হালকাভাবে পরিষ্কার করি। গরমের পাশাপাশি চুলের ফোঁড়ানিতে তখন খুবই কষ্ট পাচ্ছিলাম। বাথরুম থেকে বের হয়ে একজন বাস ড্রাইভারের ফোন নিয়ে বিষয়টি প্রথমে বাড়িতে আমার পরিবারকে অবহিত করি। তাদের বলি, আমার একটি বিপদ হয়েছে। তবে আপাতত নিরাপদে আছি। আমি কুমিল্লা শাসনগাছা থেকে আবারও ঢাকায় যাচ্ছি। কোনো টেনশন করবে না। আমার জন্য কিছু টাকার ব্যবস্থা করো। আমি ঢাকায় গিয়ে বিকাশ নম্বর দে। আর আল্লাহর কাছে আমার জন্য সাহায্য কামনা করো।
অস্ত্রধারী ওই সন্ত্রাসী বাহিনী গাড়িতেই আমার পকেটে থাকা সব টাকা, ১৭-১৮ হাজার, এবং মোবাইলটি নিয়ে যায়। তবে আমার গায়ে থাকা ফতুয়ার বুকপকেটে ৩১০ টাকা ছিল। সেগুলো নেয় নাই। এই টাকা দিয়ে আমি শাসনগাছা থেকে ঢাকা চলে যাই। ঢাকায় পৌঁছে প্রথমেই একটি পাবলিক টয়লেটে ঢুকে ভালভাবে গোসল করি। এরপর তেজগাঁও এলাকার এক দোকানদারের বিকাশ এজেন্ট নম্বরে বাড়ি থেকে টাকা নিয়ে একটি এনালগ মোবাইল ফোন ক্রয় করি।
২৮ আগস্ট রবিবার দুপুর পর্যন্ত আমি ঢাকায় ছিলাম। পরবর্তীতে পরিবারের সকলের পরামর্শে ওই দিন রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যার কিছু সময় পর লাকসামে আমি আমার বাড়িতে চলে আসি। এরপর থেকে আমি বাড়িতেই ছিলাম। বাড়ির বাইরে কোথাও যেতাম না। ওই দিন অর্থাৎ ২৮ আগস্ট রাতেই বিএনপির কেন্দ্রীয় দপ্তর এবং দিনকাল অফিসকে নারকীয় এই তাণ্ডবের বিষয়টি অবহিত করি.। দিনকাল থেকে তখন আমাকে পরামর্শ দেয়া হয়, আমি যেহেতু বারবার নানানভাবে অ্যাটাক হচ্ছি, সেহেতু আপাতত সহিংস ঘটনার কোনো সংবাদ যেন প্রেরণ না করি।
কৌশলে পরবর্তী পরিস্থিতি কী হয় সেটা দেখার জন্য ধৈর্যের সাথে বাড়িতেই অবস্থান করি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, দৈনিক দিনকালে সংবাদ প্রকাশের জেরে এর আগেও আমার উপর নানান কায়দায় নির্যাতন হয়েছে। আমাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এসব নিয়ে আমি একাধিকবার থানায় জিডি করেছি, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।
একটি প্রশ্ন আসতে পারে, সেদিন আমি ট্রেনে ঢাকা থেকে আসছি এটা আমাকে তুলে নেয়া ব্যক্তিরা কিভাবে জানল? এর জবাবে আমি অকপটে এটুকুই বলব, আমার ব্যবহৃত মোবাইল ফোন বা নম্বরের উপর প্রযুক্তির ব্যবহার করে তারা আমার গতিবিধি পর্যবেক্ষণ করে আমার অবস্থান নিশ্চিত করেছে। কারণ আমাকে যারা তুলে নিয়েছে, আমার উপর তাদের নির্যাতনের ধরন এবং তাদের কথাবার্তায় আমি এটা নিশ্চিত হতে পেরেছি যে, তারা কেউ সাধারণ লোক নয়, তারা সরকারের কোনো বিশেষ এজেন্সির লোক হবে।
আমার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ সেই কালরাতের আজ এক বছর পূর্ণ হলো।
বিভীষিকাময় সেই রাতের কথা মনে হলে আজও আমি শিউরে উঠি। তবে আমি এমন নির্যাতনের পরও দমে যাইনি। এর মধ্যে সরকার দিনকাল পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করে বন্ধ করে দিয়েছে। আমি আজও লিখি। অন্যায়-অবিচারের প্রতিবাদ করি।
মনির আহমেদ, যুগ্ম-আহ্বায়ক, লাকসাম পৌর বিএনপি।
