ত্রিমঞ্চ প্রতিরক্ষা কৌশল
একই সময়ে তিন অঞ্চলে যুদ্ধ লড়তে হতে পারে যুক্তরাষ্ট্রকে
থমাস জি মাহনকেন
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১১:১৫ এএম
প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন—তাদের সবার সময় মার্কিন প্রতিরক্ষা কর্মকৌশল এই আশাবাদী ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে একবারে একাধিক যুদ্ধে জড়াতে হবে না। তবে যুদ্ধ একটা না একটা করতেই হবে। এই তিন প্রেসিডেন্টই তাই করেছেন।
ওবামার সময়, কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে, প্রতিরক্ষা বিভাগ তাদের দীর্ঘস্থায়ী নীতি পরিত্যাগ করে দুটি বড় যুদ্ধে জয়ী হওয়ার জন্য একটিমাত্র যুদ্ধের ওপর বিশেষ মনোনিবেশ করে। অর্থাৎ একটি যুদ্ধের মধ্য দিয়েই দুটি যুদ্ধে জয়ী হতে হবে। এই পদক্ষেপ মার্কিন সামরিক বাহিনীকে ছোট করার প্রবণতাকে ত্বরান্বিত করেছে। এটি মার্কিন নীতিনির্ধারকদের কাজও সংকুচিত করেছে।
যুক্তরাষ্ট্র বর্তমানে দুটি যুদ্ধে জড়িত। ইউরোপে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল। আবার পূর্ব এশিয়ায় তাইওয়ান বা দক্ষিণ কোরিয়ায় তৃতীয় যুদ্ধের দরজাও খোলা হয়ে আছে। তিনটি থিয়েটারই মার্কিন স্বার্থের জন্য অত্যাবশ্যক। সেগুলি সবই অঙ্গাঙ্গীভাবে জড়িত।
ইউক্রেনকে কম গুরুত্ব দেওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে অনেকটাই বিচ্ছিন্ন হওয়ার অতীতপ্রচেষ্টা মার্কিন নিরাপত্তাকে দুর্বল করেছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার যে শূন্যতা তৈরি করেছে তা তেহরান সাগ্রহে পূরণ করেছে।
মধ্যপ্রাচ্য-থিয়েটারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়াকে আমেরিকান দুর্বলতার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ওবামা প্রশাসন সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে ‘রেডলাইন’ কার্যকর করতে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটনের প্রতি আস্থা হারিয়েছে মার্কিন মিত্ররা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ একে অপরের সাথে সহযোগিতা করছে: ইরান চীনের কাছে তেল বিক্রি করে, চীন উত্তর কোরিয়াকে অর্থ পাঠায়, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র পাঠায়। তারা ইউরেশীয় বলয় সম্প্রসারিত করছে। এই কর্তৃত্ববাদী অক্ষ(শক্তি)র মুখোমুখি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
বড় যুদ্ধে কোনো দেশ এমনকি বিশ্বের পরাশক্তিও একা জিততে পারে না। ইতিহাস বলছে, আমেরিকানরা যখন মিত্রদের সাথে পাশাপাশি লড়াই করে তখন সেরাটা উপহার দেয়।
ওয়াশিংটন ভাগ্যবান যে তার একই সঙ্গে পূর্ব এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ক্ষমতাবান মিত্ররা রয়েছে। এই মিত্ররা সম্মিলিতভাবে কর্তৃত্ববাদী অক্ষকে (ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া) দমন করতে আমেরিকাকে সহায়তা করার ক্ষমতা রাখে। তবে সফল হওয়ার জন্য তাদের অবশ্যই একসাথে কাজ করার মতো আরও ভালভাবে অগ্রসর হতে হবে। ওয়াশিংটন ও তার মিত্রদের এমন হতে হবে যাকে সামরিক পরিকল্পনাবিদরা আন্তঃপরিচালনাযোগ্য বলেন: যেসব মিত্র একটি প্রতিষ্ঠিত সিস্টেমে দ্রুত সম্পদ পাঠাতে সক্ষম তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আরও যুদ্ধাস্ত্র ও সামরিক ঘাঁটি তৈরি করতে হবে এবং সেগুলো মিত্রদের সঙ্গে শেয়ার করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে তার অংশীদারদের পাশাপাশি লড়াইয়ের জন্য আরও ভাল সামরিক কৌশল প্রণয়ন করতে হবে। অন্যথায় ক্রমবর্ধমান শক্তিশালী শত্রুদের সামনে চাপে পড়ার ঝুঁকি রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রথম যে প্রচেষ্টাটি বাড়াতে হবে তা হল প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বৃদ্ধি। পশ্চিম দীর্ঘকাল ধরে বিশ্বের সবচেয়ে সক্ষম ও অত্যাধুনিক অস্ত্রের আবাসস্থল। কিন্তু এই মুহূর্তে তারা পর্যাপ্ত উৎপাদান করছে না।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর অস্ত্র রয়েছে যা এটি তার বন্ধুদের কাছে বিক্রি করতে পারে। উন্নত যুদ্ধবিমান, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, মহাকাশ-সক্ষমতা ও সফটওয়্যার খাতে আমেরিকা বিশ্বনেতা। এখন রপ্তানি করার অভিপ্রায় নিয়ে এই ক্ষমতাগুলি বিকাশিত করা উচিত৷
উদাহরণস্বরূপ, মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক বি-২১ রাইডার স্টিলথ বোমারু বিমান অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের জন্য উপযোগী হতে পারে, যাদের দীর্ঘ দূরত্বে আঘাত হানার ক্ষমতা প্রয়োজন, কিন্তু উন্নত প্রযুক্তি রপ্তানি করতে অনিচ্ছা রয়েছে আমেরিকার।
কিন্তু উদ্দেশ্য, কৌশল, ভূমিকা ও মিশন সম্পর্কে ধারণাগুলি স্পষ্ট করতে হবে এবং সম্মিলিতভাবে কিভাবে সর্বোত্তম কাজ করা যায় সে সম্পর্কে আরও ভাল বোঝার জন্য ওয়াশিংটনকে অবশ্যই তার মিত্রদের সাথে খোলামেলা কথা বলতে হবে।
যেমন ধরুন, যুদ্ধের নতুন পথের বিকাশ। শীতল যুদ্ধের সময় মধ্য ইউরোপে ন্যাটোর ওপর সোভিয়েত আক্রমণ কিভাবে প্রতিহত করা যায় সেই কৌশল তৈরি করেছিল সেনাবাহিনী ও বিমানবাহিনী। এখন ওয়াশিংটনের উচিত মিত্রদের ঘনিষ্ঠ করার জন্য কিছু কৌশল উন্মুক্ত করা। কারণ মিত্ররা আমেরিকার কাছ থেকে শিখতে চায়। সংঘাতের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার জন্যও মিত্ররা সর্বোত্তম অবস্থানে রয়েছে তা নিশ্চিত করা দরকার।
উদাহরণস্বরূপ, তাইওয়ানের বিরুদ্ধে চীনা আগ্রাসনের হুমকি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ফিলিপাইনের মতো গুরুত্বপূর্ণ মিত্ররা কিভাবে একসাথে কাজ করবে তা খুঁজে বের করতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই তার অংশীদারদের সাথে বস্তুগত বা আদর্শিক সবকিছু শেয়ার করতে পারে না। কিছু অস্ত্র কখনোই শেয়ার করা উচিত নয়। কিন্তু মনে রাখা দরকার যে, ইতিহাস বলছে, আমেরিকানরা যখন মিত্রদের সাথে পাশাপাশি লড়াই করে তখন সেরা পারফর্ম করে।
(ফরেন অ্যাফেয়ার্স ডটকম থেকে)
* থমাস জি মাহনকেন আমেরিকান থিংক ট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড বাজেটারি অ্যাসেসমেন্টের’ প্রেসিডেন্ট এবং জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র রিসার্চ প্রফেসর।
