ছবি: সংগৃহীত
এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নজিরবিহীন জয়ের কথা বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শেষে দেখা গেল দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হতে পারেনি। বিজেপির এই ফলাফলকে কীভাবে ব্যাখ্যা করা যায়?
এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মোদি সরকারের বোঝাপড়ার ঘাটতির মধ্যে। কারণ যথেষ্ট অর্থনৈতিক সুযোগ থাকা সত্ত্বেও সেগুলোর অসম বিতরণের ব্যাপারে মোদি সরকার উদাসীন ছিল। ভারতের গ্রাম ও শহর—উভয় জায়গাতেই বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং ক্রমান্বয়ে বেকারত্ব বেড়েছে। এমনকি ২০ থেকে ২৪ বছর বয়সী বেকারের সংখ্যা সর্বোচ্চ ৪৪ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। এটি দেশের জাতীয় বেকারত্বের চিত্র। তা দিয়ে বুঝা যাবে না কোনো কোনো অঞ্চলে হয়তো পরিস্থিতি আরও খারাপ।
অপর ব্যাখ্যাটি হলো, মোদি যে ঐতিহাসিক হিন্দু-মুসলিম উত্তেজনা তৈরি করেছিলেন, সম্ভবত তা প্রত্যাশিত পথেই এগিয়েছে। আপনি ধর্মীয় ঢোল পেটাতে পারেন। মোদি মুসলিমদের ‘অনুপ্রবেশকারীসহ’ তাদের নিয়ে নানা বাগাড়ম্বর বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু দিনে দিনে চাকরি, আবাসন এবং এরকম অন্যান্য প্রয়োজনীয়তা সেই ধর্মীয় ঢোলের আওয়াজের চেয়ে বড় হয়ে গেল। কারণ শেষ পর্যন্ত মানুষ এগুলোকেই সবচেয়ে গুরুত্ব দেয়।
আমার বিশ্লেষণ হলো, বিজেপি হিসাবে ভুল করেছে। দলটি আসলে উপলব্ধি করতে ব্যর্থ, যে দেশের মাত্র ১১ দশমিক ৩ শতাংশ শিশু পর্যাপ্ত পুষ্টি পায়, সে দেশে আসলে হিন্দু হওয়ার অহংকার খাওয়া যায় না। এখানে আলু পটলসহ দরকারি জিনিসের মূল্যই প্রকৃতপক্ষে ব্যাপার হয়ে দাঁড়ায়।
যেমন উত্তরপ্রদেশ নিয়ে বলা যায়। উত্তর ভারতের এই প্রদেশে লোকসভার ৮০টি আসন। জাতীয় নির্বাচনে তাই এই প্রদেশ সব দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রদেশেই মোদী ও তার মিত্ররা সিট হারিয়েছে। আসলে কী ঘটেছে?
জাতীয়ভাবে বিজেপি হিসাবে যে ভুল করেছে, এই প্রদেশেও একই ভুল হয়েছে। প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেকে পাড় হিন্দু জাতীয়তাবাদী নেতা মনে করেন এবং মোদির উত্তরসূরিও মনে করেন। কিন্তু তিনিও তার নীতিগুলো রাজ্যের গরিব লোকদের মাঝে কতটুকু কার্যকর হচ্ছে তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। উত্তরপ্রদেশের এই গরিবদের অধিকাংশ মুসলিম এবং ভারতের বর্ণপ্রথায় নিচের স্তরে এদের অবস্থান।
আদিত্যনাথ মহাসড়ক ও বিমানবন্দরের মতো বড় বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন যা মধ্যবিত্ত শ্রেণির কাছে আবেদন আছে। কিন্তু গরিবদের কাছে এসবের কোনো আবেদন নেই। এ ছাড়া বেশ কয়েকবছর ধরে প্রাদেশিক সরকারের প্রধান হিসেবে ভিন্নমত অবলম্বীদের ওপর পুলিশি শক্তি ব্যবহার—যার অধিকাংশই গরিব ও প্রান্তিক মানুষের বিরুদ্ধে গেছে। এসবই দিনশেষে আদিত্যনাথের সমর্থন কমিয়েছে।
আবার দক্ষিণাঞ্চলে কেরালায় বিজেপির ইতিহাসে প্রথমবার ঢুকে পড়ার কী ব্যাখ্যা হবে?
এই প্রদেশে প্রথমবারের মতো একটি আসনে জয়ী হয়ে বিজেপি ইতিহাস গড়েছে। দক্ষিণে বিজেপির আসন পাওয়া বিস্ময়কর এবং আরও সুনির্দিষ্ট বিশ্লেষণের জন্য ভোটের ধরন কেমন ছিল সে সম্পর্কে বাড়তি তথ্য দরকার। কিন্তু ঐতিহাসিকভোবে বিজেপি বিভিন্ন কারণে দক্ষিণের রাজ্যগুলিতে ঢুকতে পারেনি এতোদিন। এর মধ্যে রয়েছে সেখানে হিন্দির প্রতি বৈরিতার কারণে ভাষাগত উপজাতীয়তাবাদ। এছাড়া দক্ষিণে অন্যান্য কারণের মধ্যে রয়েছে উৎসবসহ অন্যান্য আঞ্চলিক ঐতিহ্য নিয়ে সেখানকার হিন্দু ধর্মের ভিন্নধর্মী চর্চা। বিজেপির হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো উত্তর ভারতের ‘মহান ঐতিহ্য’। যা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের ত্রিত্বকে স্রষ্টা, ধারক এবং ধ্বংসকারী দেবতা হিসেবে বিশ্বাস করে।
অন্যদিকে, দক্ষিণের রাজ্যগুলি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি এবং উত্তরের দরিদ্র রাজ্যগুলিকে তারা ভর্তুকি দেয়। এসব কারণে বিজেপির বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে, যেটি উত্তর ভারতে দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক ভিত্তিও ছিল।
এদিকে, ২০২৩ সালের জুলাইয়ে বিরোধীরা মিলে ইন্ডিয়া নামে জোট গঠন করে। তারপরও তাদেরকে কি ন্যায্য সুযোগ দেওয়া হয়েছিল? দুয়েকটি আঞ্চলিক সংবাদমাধ্যম ছাড়া জাতীয় প্রায় সব সংবাদমাধ্যম ক্ষমতাসীনদের পেছন পেছন ছুটেছে। নির্বাচনের আগ মুহূর্তে দুর্নীতিসহ নানা মামলায় বিরোধীদের দৌড়ের ওপর রাখা হয়েছে। জেলে দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে দলীয় উদ্দেশে ব্যবহার করা হয়েছে। বলা যায় নির্বাচনের ক্ষেত্রে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। তারপরও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না।
এসব সত্ত্বেও মোদিই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে হচ্ছে। এই বিজেপিই ১৯৮৪ সালের নির্বাচনে মাত্র দুটি আসন জিতে ছিল। সেই জয় মাথায় রেখে ভাবুন তো ঠিক কোন জাদু কাঠির বলে দলটির এতো উত্থান হলো?
বিজেপি কংগ্রেসের মতো না। বিজেপি দেশব্যাপী শক্ত সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে। কংগ্রেস নিজেদের রাজনৈতিক ভিত্তি পুনরুজ্জীবিত করতে খুব একটা কিছু করেনি। কারণ দলটি ১৯৭০’র দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি এবং পরবর্তীতে নির্বাচনে হারের পর যে ক্ষতিতে পড়েছিল তা কাটিয়ে উঠতে খুব একটা কার্যকর পদক্ষেপ নেয়নি।
বিজেপি স্লোগানের মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর অনুভূতির মনোযোগও কেড়েছে। অবশ্য তা দেশের প্রধান সংখ্যালঘু মুসলমানদেরকে অসংখ্য সামাজিক সমস্যার দিকে ঠেলে দিয়েছে। এছাড়াও গত কয়েক বছরে ভারতজুড়ে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ বেড়েছে।
আবার বিজেপি ১৯৯০ এর দশকে কংগ্রেস সরকারের শুরু করা অর্থনৈতিক সংস্কার থেকেও উপকৃত হয়েছিল। এর মধ্যেই ১৯৯২ সালের ডিসেম্বরে হিন্দু জাতীয়তাবাদীরা আক্রমণ চালিয়ে ১৬ শতকের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়। কথা হলো, বিজেপির উত্থানে এটি কতটা গুরুত্বপূর্ণ ছিল? আর এবারের নির্বাচনে অযোধ্যায় বিজেপির আসন হারানোকে আমাদের কীভাবে দেখা উচিত?
বাবরি মসজিদ ধ্বংস অবশ্যই হিন্দু ভোটারদের গুরুত্বপূর্ণ একটি অংশকে জাগিয়ে তুলেছে এবং বিজেপির প্রতি সমর্থন ব্যাপক বাড়িয়েছে। ওই ঘটনার মাত্র সাত বছর পর ১৯৯৯ সালেই বিজেপি প্রথমবার জোট সরকার গঠন করে। সেবার ভারতীয় সংসদে ৫৪৩ আসনের মধ্যে দলটি পায় ১৮২টি আসন। আর এর দুটি জাতীয় নির্বাচন পরে ২০১৪ সালের নির্বাচনে মোদি ২৮২টি আসনে জিতে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হন।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, গেল জানুয়ারিতে মোদি বাবরি মসজিদের জায়গা অযোধ্যায় একটি নবনির্মিত মন্দির উদ্বোধন করেন। ভোটকে সামনে রেখেই যে এটা করা হয়েছিল তা পরিষ্কার। তারপরও অযোধ্যায় আসন হারায় বিজেপি। ব্যাপারটি বোধহয় এমন, নতুন মন্দিরের চারপাশের সমস্ত ধুমধাম অযোধ্যার বাইরের লোকেদের কাছে আবেদন তৈরি করেছিল, শহরের বাসিন্দাদের কাছে নয়—যারা বর্জ্য অব্যবস্থাপনা এবং অন্যান্য সমস্যা মোকাবিলা করে জীবন যাপন করেছে।
মোদির জন্য কী অপেক্ষা করছে, এই ফল ভারতীয় গণতন্ত্র সম্পর্কে আমাদের কী বার্তা দেয়?
এটা নিশ্চিত যে মোদি জোটের শরিকদের নিয়ে সরকার গঠন করবেন। আমি বিশ্বাস করি বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে মোদি অবশ্যই এই ধাক্কা থেকে শিক্ষা নেবেন এবং তার কৌশলগুলিকে নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেবেন।
এই ফল কার্যকর সংশোধনমূলকও হতে পারে। ভারতীয় ভোটার আবারও প্রমাণ করেছেন যে, তারা কিছু দুর্দশা সহ্য করলেও অন্য কাউকে সহ্য করতে ইচ্ছুক নয়।
ভারতীয় ভোটাররা অতীতেও দেখিয়েছেন, যখন তারা গণতন্ত্রকে হুমকির মুখে পড়তে দেখেন তখন তারা স্বৈরাচারপ্রবণ নেতাদের শাস্তি দেওয়ার চেষ্টা করেন। আমরা এটা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ১৯৭৭ সালে ঘটতে দেখেছিলাম, তার জরুরি অবস্থা জারির পরের নির্বাচনে। ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ও নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ওই নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিলেন। তখনো কিন্তু ভারতের দরিদ্ররাই ভোট দিয়ে ক্ষমতা থেকে তাকে সরিয়ে দিয়েছিল।
এবার নির্দিষ্ট জাতি এবং বিভিন্ন আয় সীমার নাগরিকরা কে কীভাবে ভোট দিয়েছে সে সম্পর্কে বাড়তি নির্বাচনী তথ্যের জন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে।
সুমিত গাঙ্গুলি, ডিস্টিংগুইশড প্রফেসর অব পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি। নিবন্ধটি দ্য কনভারসেশন থেকে ভাষান্তরিত।
