যা কিছুদিন আগে চিন্তাও করা যেতো না তাই ইদানীং দেখা যাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। বেনজীর আহমেদ, একসময়ের প্রবল প্রতাপশালী পুলিশের আইজিপি, যিনি পুরো পুলিশ বাহিনীকে ব্যবহার করে বর্তমান সরকারকে ভোট ছাড়াই বারবার ক্ষমতায় রাখতে সহায়তা করেছেন। তাঁর বিরুদ্ধেই নানা মামলা এবং অভিযোগ।
যদিও এই সরকারের অন্যতম সেবক, গোপালগঞ্জের এই পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর সঙ্গে করে বিপুল অর্থ নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে সরকারি দলের মামলা এবং বিরূপ অবস্থান জনমনে বিপুল কৌতূহল তৈরি করেছে।
ব্যাপারটা বুঝতে হলে আমাদের তুলনা করতে হবে একটা মাফিয়া সংগঠন কীভাবে চালিত হয়। এরা লুটপাট, খুন-রাহাজানী থেকে শুরু করে হেন অপরাধ নাই না করে। এইসব অব্যাহত রাখতে নিজেদের মধ্যে খুবই শক্তিশালী একটা বাহিনী প্রয়োজন হয় যারা সংগঠনের জন্য সব কিছু করার জন্য প্রস্তুত থাকে। মাফিয়া সংগঠনের সদস্যরা যত বেশি অপরাধ করতে পারে, যত বেশি বসদের আস্থা অর্জন করতে পারে তাঁর ততো বেশি পদোন্নতি হয়।
যদিও পরস্পর মিলেমিশে সব অকাজ করে। তবুও অপরাধ জগতে বিশ্বাসের ব্যাপারটা খুবই পলকা। সংগঠনের সিনিয়র কারো চক্ষুশূল হলে বা নেতার জন্য হুমকি হলে দীর্ঘদিন ধরে সেবা দেওয়া, পদোন্নতি পেয়ে ওপরে আসা কর্মীও ছাঁটাই তো বটেই, দুনিয়া থেকেও বিদায় নিতে হতে পারে।
এই জানা গল্প মনে করিয়ে দেওয়া এই জন্য যে, বাংলাদেশকে বর্তমানে মাফিয়া স্টেট বলা চলে। জনগণের প্রতি জবাবদিহিতাহীন নিরন্তর লুটপাটের এই দেশে কেবল সরকারি দল আর তাদের নেটওয়ার্কই অপ্রতিরোধ্য ভাবে দেশ পরিচালনা করছে। দেশের মানুষকে কেবল স্তব্ধ করে নয়, বরং তাদের পরিশ্রমে উপার্জিত অর্থ ক্রমাগত নিজেদের করে নিচ্ছে এই লুটেরারা।
কিন্তু, মাফিয়া দলেও যেমন অন্তর্কোন্দলে মাঝে মাঝে শক্তিশালী কর্মীরাও খারিজ হয়ে যান, এই খানেও তাই। অতীতে আমরা দেখেছি কালো বিড়াল, টেকো নারীলোভী মন্ত্রীসহ নানা ক্ষমতাশালীরা মাফিয়া দলের প্রধানের বিরাগভাজন হয়েছেন। তখন আমরা জানতে পারি তাঁরা কতটা কুকর্ম করতেন, তাঁরা কীভাবে টাকার পাহাড় বানাতেন, মানুষকে অত্যাচার করতেন। অবশ্য মিডিয়া এর কিয়দংশই প্রকাশ করে।
বেনজীর-আজিজদের বেলাতেও তাই দেখা যাচ্ছে। কিন্তু, এর মানে এই না যে এতে জনতার কোনো স্বস্তি মিলবে। মাফিয়া দল হচ্ছে কারখানার মতো। যতক্ষণ এর ক্ষমতা আছে, লুটপাটের সুযোগ আছে এক বেনজীরের জায়গায় আরো বহু বেনজীর এসে জায়গা দখল করবে। আরো বেশি উদ্যমে লুটপাট চালাবে। দেশে গণতন্ত্র না ফিরলে এই কারখানা বন্ধ হবে না।
