Logo
Logo
×

অভিমত

পশ্চিমারা কি বিশ্বের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে?

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৯:৪১ পিএম

পশ্চিমারা কি বিশ্বের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে?

এই শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্র জিডিপিসহ নানা আর্থিক সূচকে বিশ্বের একক শক্তি ছিল। আর সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এক মেরুর দুনিয়ায় রাজনৈতিকভাবে পুরোপুরি আধিপত্য বজায় রেখেছিল তারা। বিশ্বের ইতিহাসে আগে পরে মিলিয়ে সমগ্র বিশ্বজুড়ে এতোটা রাজনৈতিক ও আর্থিক শক্তির আধিপত্য আর দেখা যায়নি। 

অথচ এর অর্ধ শতাব্দীও পার হয়নি, এই দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের আধিপত্য হুমকির মুখে। বিপুল জনশক্তির দেশ চীন এই শতকে অবিশ্বাস্য আর্থিক উন্নয়নে যুক্তরাষ্ট্রকে প্রায় ছুঁই ছুঁই অবস্থানে। আর সেই প্রাচীনকাল থেকে কেবল নিজেদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি মানা চীন গত দুই দশকে রাজনৈতিকভাবেও নিজেদের থাবা মেলেছে বিশ্বের নানাপ্রান্তে। একদা দুনিয়ার যেই দেশে দেশে যুক্তরাষ্ট্র এককভাবে আধিপত্য করতে সেগুলোতে নিজেদের অবস্থান শক্ত করছে চীন। 

শুধু তাই না, সোভিয়েত ভাঙার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে একাধিপত্য করতো তার বিপরীতে চীন হাজির হয়েছে বিপরীত এক জোট নিয়ে। আবারও দুনিয়া দুই ভাগে বিভক্ত। সবচেয়ে ভালো বোঝা যায় জি-৭ এবং ব্রিক নামের দুই জোট দিয়ে। 

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালী, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত জি-৭। এই শতাব্দীর শুরুতে এই দেশগুলো ছিল আর্থিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে ব্রিকস- ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকার দেশগুলো অনেকটায় পিছিয়ে। 

কিন্তু ২০২০ সাল নাগাদ ব্রিকসের দেশগুলো জি-৭ কে ছাড়িয়ে যায়। যদিও যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি এবং এর রাজনৈতিক শক্তিও বিপুল। কিন্তু সার্বিকভাবে দ্রুত এই অবস্থার পরিবর্তন হচ্ছে। গত চার বছরে দুইটা বড় ঘটনা- ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের আরো বড় বিপাকে ফেলে দিয়েছে। 

নিজেদের আর্থিক ও রাজনৈতিক শক্তির ওপর অতিমাত্রায় ভরসা রেখে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে যেসব পদক্ষেপ নেয় তা ভুল প্রমাণিত হয়। জি-৭ ভেবেছিল রাশিয়ার ওপর স্যাংশন দিলে এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে পুতিন দ্রুতই মাথা নোয়াতে বাধ্য হবে। কিন্তু, তারা বুঝতে পারেনি ক্রমেই নতুন মেরূকরণ হয়ে পড়া দুনিয়ার শক্তি। পুতিন-যুক্তরাষ্ট্রের শত্রুতার সুযোগে চীন, ভারতসহ ব্রিকসের দেশগুলোর সঙ্গে ব্যাবসা বাড়িয়ে দেয়। 

বিপুল তেল-গ্যাসের মালিক রাশিয়ার সঙ্গে ব্যবসায় লাভ হয় এইসব দেশের আর রাশিয়াও স্যাংশনসহ যাবতীয় আঘাত সহ্য করে, ইউক্রেন যুদ্ধ জারি রেখেও নিজের আর্থিক অবস্থাকে আগের চেয়ে উন্নত অবস্থায় নিয়ে গেছে। যেই যুদ্ধ শেষ কয়েক মাসের ব্যাপার হবে বলে ভেবেছিল তা কয়েক বছর ধরে চলায় যুক্তরাষ্ট্রের আর্থিক ও রাজনৈতিক দুই শক্তিই বিপুল প্রশ্নের মুখে পড়ে। কিছু বছর আগেও যা ছিল অবিশ্বাস্য, তাই ঘটে। ডলার কিংবা ইউরো বাদ দিয়ে অন্যান্য মুদ্রায় লেনদেন শুরু করে ব্রিকস ও এর মিত্ররা। আর, ডলার যদি একবার তার শক্তি হারিয়ে বসে, যুক্তরাষ্ট্রের জন্য তা হবে চূড়ান্ত সর্বনাশের। 

এর ওপর বড় আঘাত হয়ে আসে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলিদের গণহত্যা। গত বছরের অক্টোবর থেকে নির্বিচারে তারা ফিলিস্তিনিদের হত্যা করতে থাকে। এর আগের ৭৫ বছর ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললে তাকে এন্টি-সেমিটিজম তকমা দেওয়া, মূলধারার মিডিয়ায় ইসরায়েলিদের পক্ষে প্রপাগান্ডা এগুলো ছিল যুক্তরাষ্ট্রের কৌশল। এইবার সেই মিডিয়ার একাধিপত্যও ধসে পড়ে। যেই মিডিয়া দিয়ে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্য নিয়ন্ত্রণ করতো তার জারিজুরি ফাঁস হয়ে যায়। ডলারের মতো যুক্তরাষ্ট্রের মিডিয়ার সর্বশক্তিমান অবস্থাও রীতিমতো টলে পড়ে। 

যুক্তরাষ্ট্র এখনও সর্বশক্তি দিয়ে ইসরায়েলের জঘন্য অপরাধকে ঢাকছে, গণহত্যায় সাহায্য করছে অস্ত্র ও অর্থ দিয়ে। কিন্তু, খোদ সেই দেশের তরুণরা রাস্তায় নেমেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে তীব্র প্রতিবাদ। পশ্চিমা মিত্রদেশগুলোতেও একই অবস্থা। সন্ত্রাসী ইজরায়েল আর এর মদদদাতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলছে প্রকাশ্যে। আর্থিক দুর্দশায় পড়া মার্কিনিরা প্রশ্ন করছে কেন তাদের করের অর্থ দিয়ে সে দেশের সরকার ইসরায়েলের হত্যাযজ্ঞে সহায়তা করে যাচ্ছে। একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হত্যাযজ্ঞ থামাতে না পারলেও প্রায় গোটা দুনিয়া তাদের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে। 

ডলার ও মিডিয়ার একাধিপত্য শেষ হওয়া, বিশ্বরাজনীতিতে গণশত্রু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ছাড়তে না পারলে আরো বড় বিপদে পড়বে এতে সন্দেহ নেই। ব্রিকসের দেশগুলোর মধ্যেও আস্থার অভাব আছে। ভারতকে চীন বা রাশিয়া কেউই পুরোপুরি বিশ্বাস করে না নিশ্চিত। ইরান নিয়েও আছে এদের আলাদা আলাদা সমীকরণ। কিন্তু, পশ্চিমা শক্তি যে কমছে এতে সন্দেহ সামান্যই। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন