দেশজুড়ে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। গত ৩০ বছর ধরে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মা ও শিশুর মৃত্যুহার কমেছে। তবে দেখা যাচ্ছে, বিগত কয়েক বছরে নিরাপদ মাতৃত্বের অন্যান্য সুচকগুলোর হার আশঙ্কাজনকভাবে কমছে।
নবজাতক, এক মাসের কম বয়সী এবং পাঁচ বছরের কম বয়সী শিশু এই তিন ক্ষেত্রেই মৃত্যুর হার বেড়ে গেছে। সরকারি হিসাবে, মাতৃমৃত্যুর হার কমানো নিয়ে গর্ব করা হলেও নিরাপদ প্রসব এবং মা ও শিশু স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে সে দিকটা নিয়ে নির্বিকার।
পাঁচ বছর আগে প্রতি হাজারে ২১ জন করে শিশু মারা গেলেও ২০২৩ সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। অন্যদিকে এক মাসের কম বয়সী প্রতি ১ হাজার জীবিত নবজাতকের মধ্যে ২০ জন মারা যায়। পাঁচ বছর আগে এই সংখ্যা ছিল ১৫। একই ব্যাপার পাঁচ বছরের কম বয়সী শিশুদের বেলাতেও। পাঁচ বছর আগের প্রতি হাজারে ২৮ থেকে বেড়ে গত বছর ৩৩-এ পৌঁছে। গত পাঁচ বছরে এই হার কেন উল্টোদিকে যাচ্ছে?
আশঙ্কাজনকভাবে দেখা যাচ্ছে, হাসপাতালের চেয়ে বাড়িতে ঝুঁকিপূর্ণ প্রসবের হার বেড়ে গেছে। মোট মাতৃমৃত্যুর প্রায় ৫৪ ভাগ হয় প্রসব-পরবর্তী রক্তপাত এবং খিঁচুনি রোগে। সহজ ভাষায়, প্রসব-পরবর্তী রক্তপাত বন্ধ করতে অক্সিটোসিন ইনজেকশন কিংবা তা না থাকলে মিসোপ্রোস্টল ট্যাবলেট দিয়ে রক্তপাত বন্ধ করা সম্ভব। আবার খিঁচুনি রোধে, নিয়মিত গর্ভকালীন চেকআপে রক্তচাপ মেপে, প্রস্রাব পরীক্ষা করে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে অনেক মায়ের জীবন বাঁচানো সম্ভব।
দুটি মিসোপ্রোস্টল ট্যাবলেটের দাম মাত্র ১২ টাকা। মানে দুইটা সিগারেট কিনতেও এর বেশি টাকা লাগে। অথচ, এর অভাবে মারা যাচ্ছেন আমাদের মায়েরা। সরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগ, প্রাইভেট ক্লিনিকে জোর করে রোগীকে ভর্তি করানোর জন্য তারা উপযুক্ত সেবা দেন না। আরেকটা বড় অভিযোগ, জোর করে সিজারিয়ান অপারেশন।
এই অপারেশন এতোটা রমরমা ব্যবসা হয়ে গেছে যে, এর ভয়ে এবং অর্থ বাঁচাতে অনেকে হাসপাতালের বদলে বাসাতেই ঝুঁকিপূর্ণভাবে প্রসব সম্পন্ন করছেন। এমনকি জাতীয় ফুটবল দলের একজন নারী খেলোয়াড় এই কারণে মারাও গেছেন।
আরেকটা বড় কারণ বাল্যবিবাহ এবং কিশোরীদের গর্ভধারণের হার বেড়ে যাওয়া। গ্রাম কি শহর উভয় স্থানেই গত কয়েক বছরে সামাজিক অশান্তি বেড়ে গেছে। সরকারি দলের গুন্ডা, কিশোর গ্যাং ইত্যাদির প্রকোপে অভিভাবকরা নারীদের কিশোর বয়সে বিয়ে দিচ্ছেন। নারী শিক্ষার গুরুত্ব নিয়ে সরকারি প্রচার অসাড় প্রমাণিত হচ্ছে। পরিবার, চাকরিক্ষেত্র, সামাজিকভাবে নারীদের ঝুঁকি গণতন্ত্রহীন দেশে এমনিতেই বেড়ে যায়। নিরাপদ মাতৃত্ব দিবসে তাই গণতন্ত্রের দাবি অত্যন্ত জরুরি।
