উন্নয়ন বনাম প্রকৃতি, পুঁজিবাদের রমরমা অবস্থা থেকেই এই অবান্তর প্রশ্নটি বারবার আমাদের সামনে ছুড়ে দেয়া হয়। মিডিয়া, রাষ্ট্র, পুঁজিবাদের দোসররা এমনভাবে আমাদের সামনে প্রশ্নটি রাখে যেন আমাদের দুটির একটি বেছে নেয়া ছাড়া গতি নাই। শুধু তাইনা, এমনভাবে আর্থিক ব্যবস্থাকে প্রকৃতিভিত্তিক, কৃষিভিত্তিক থেকে শহরভিত্তিক, অকৃষিভিত্তিক করে তোলে যেন আমরা মেনে নেই যে, প্রকৃতির ‘একটু’ ক্ষতি হলেও যেন আমাদের তথাকথিত বস্তুবাদী উন্নয়ন বজায় থাকে।
অথচ, প্রতিবার একেকটা প্রাকৃতিক বিপর্যয় আসে আর আমরা টের পাই যে, ঐ প্রশ্নটাই অবান্তর। বাংলাদেশে আরো একটা ঘুর্ণিঝড় আঘাত হেনেছে। বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত আটটার দিকে মোংলার দক্ষিণ–পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠে, বাতাস প্রবল আঘাত হানে উপকূল এলাকায়।
তবে, এ কথা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, আবারো এই ঝড়ের আঘাত থেকে আমাদের অনেকটাই সুরক্ষা দিবে সুন্দরবন, যেই বনকে আমরা উন্নয়নের নামে ধংস করে ফেলছি একটু একটু করে। আরো একবার আমাদের এই সুরক্ষাকারী বন আমাদের বুঝিয়ে দিচ্ছে, জীবনের প্রশ্নের সাথে উন্নয়নের কোন তুলনা হয় না।
তাই বলে কি আমরা আমাদের বস্তুবাদী উন্নয়ন চাই না? অবশ্যই চাই। কিন্তু, যদি প্রাণই না বাঁচে, তবে, সে উন্নয়ন কোন কাজে লাগবে না। ফলে, আমাদের উন্নয়ন, আমাদের জীবন হতে হবে প্রকৃতির সংগে সহাবস্থানে, একে ধংস করে না।
বাংলাদেশের অবস্থা অবশ্য সবচেয়ে জঘন্য। প্রকৃতিকে ধংস করে এইখানে যে উন্নয়ন তাতে লাভ হয় গুটিকয়েক ক্ষমতাশীলের। এই সুন্দরবনেই রামপাল পাওয়ার প্ল্যান্ট নামে যে প্রকল্প নেয়া হয়েছে, তা সাধারন মানুষের তেমন কাজে আসবে না। আমরা দেখেছি, এই অনির্বাচিত সরকারের আমলে, কেবলমাত্র নিজেদের লোকদের পয়সা মারার জন্য আর বিদেশীদের থেকে কমিশন কিংবা রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিদ্যুৎ কেন্দ্রের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। এইসবই জনগণের কষ্টার্জিত টাকা। জনগণের প্রতি বিন্দুমাত্র জবাবদিহিতা না থাকায়, কেবলমাত্র যেনতেন প্রকারে লুটপাট আর ক্ষমতা আঁকড়ে ধরে থাকার তাড়নায় সুন্দরবন থেকে শুরু করে আমাদের সমস্ত প্রাণ প্রকৃতি খেয়ে দেয়া হচ্ছে। একদিকে বড় বড় শহরে এইসব উন্নয়নের থাবায় তাপদহে পুড়ছে মানুষ, অন্যদিকে উপকুলের মানুষ হয়ে পড়ছে অসহায়।
এইভাবে লুটপাট চলতে থাকলে সামনের দিনে তাপদহ আরো বাড়বে, আর সুন্দরবনকেও খেয়ে দিতে থাকলে প্রাকৃতিক বিপর্যয়ে উপকুলের মানুষ একেবারেই অসহায় হয়ে পড়বে।
আমাদের বুঝতে হবে, গণতন্ত্র উদ্ধারের লড়াই কেবল ভোট আর ক্ষমতার ব্যাপার না। এই লড়াই আমাদের অস্তিত্বের।
